পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা এলাকায় সেনাবাহিনীর অভিযানে আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের ৩ জনকে অস্ত্রসহ আটক করা হয়েছে।
আটকরা হলেন- সাথোয়াই মারমা (৩২), রনেল চাকমা (২৮) ও সার্চিং মারমা ওরফে রাজু (২২)। এ সময় তাদের কাছ থেকে একে-২২ রাইফেল ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
শনিবার (১৬ মে) গভীর রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, শনিবার দুপুর ১২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল গুইমারা রিজিয়নের আওতাধীন বুদংছড়া এলাকায় অবস্থান করছিল। এ সময় দুটি মোটরসাইকেলযোগে কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী ঘটনাস্থল অতিক্রমের চেষ্টা করলে তাদের থামার জন্য সেনারা সংকেত দেন। পরে তাদের গতিরোধ করতে চ্যালেঞ্জ করা হলেও তা উপেক্ষা করে সশস্ত্র সন্ত্রাসীরা সেনাসদস্যদের লক্ষ্য করে আকস্মিক গুলি বর্ষণ করে। আত্মরক্ষার্থে অভিযানদল তাৎক্ষণিকভাবে পাল্টা গুলি চালায়। এতে ইউপিডিএফ (মূল) দলের সদস্য সাথোয়াই মারমা ঘাড়ে গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থল থেকে রনেল চাকমা এবং সার্চিং মারমা ওরফে রাজুকে আটক করা হয়। অভিযান শেষে ঘটনাস্থল থেকে একটি একে-২২ রাইফেল (ম্যাগাজিনসহ), ছয় রাউন্ড তাজা গুলি, একটি ফায়ার করা গুলির কার্তুজ এবং আনুষাঙ্গিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আহত সন্ত্রাসী সাথোয়াই মারমাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে পুলিশি হেফাজতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
আইএসপিআর জানিয়েছে, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দমনে নিরাপত্তা বাহিনীর এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আলমগীর/এসজি/