‘আর রাস্তায় নয়, সমস্ত কর্মকান্ড সংসদ কেন্ত্রিক করতে হবে’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে যে গার্বেজ তৈরি করে গেছে, যে জঞ্জাল সৃষ্টি করে গেছে, সবকিছু ধ্বংস করে দিয়েছে সেগুলোকে এক বছরের মধ্যে সব ঠিক করে ফেলা কারো পক্ষেই সম্ভব নয়।
এখন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব একটা অবাধ সুষ্ঠ নির্বাচনের মধ্য দিয়ে পার্লামেন্টারি ব্যবস্থাকে শক্তিশালী করার দিকে আমাদেরকে নজর দিতে হবে। এটা না করলে পার্লামেন্টারি ডেমোক্রেসি ফাংশন করবে না।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর পানি ভবনে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, পৃথিবীর যেসব দেশে পার্লামেন্ট ডেমোক্রেসি সফল হয়েছে সবগুলোতে কিন্তু পার্লামেন্ট হচ্ছে কেন্দ্রবিন্দু রাজনীতির। এখন রাস্তা থেকে উঠে চলে আসতে হবে পার্লামেন্টে। আর কতদিন রাস্তায় থাকবেন? ৫০ বছর তো আমরা রাস্তায় চলছি। এগুলোকে ঠিক করে এই জাতীয় সনদের মাধ্যমে গণতন্ত্রকে যদি আমরা একটা কালচারে পরিণত করতে পারি সেই চেষ্টা আমাদের করতে হবে।
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা যেভাবে ছোটখাট আমাদের ভিন্নতা, যে দূরত্ব ছিল সেটাকে দূর করে আমরা আপনার সনদ স্বাক্ষর করতে পেরেছি।
আসুন আগামী নির্বাচন আমরা সেইভাবে আমাদের দূরত্বকে দূর করে নির্বাচনকে একটা সত্যিকার অর্থেই অর্থপূর্ণ নির্বাচনের পরিণত করি।
তিনি বলেন, গণতন্ত্রকে যদি আমরা সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত করতে সক্ষম হই তাহলে আমরা সব শ্রেণী, শ্রমিক শ্রেণীর দাবি-দাওয়া সেখানে পুরণ হবে, স্বীকৃত হবে।
‘জুলাই সনদে’ এনসিপি স্বাক্ষর না করাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা বেশিরভাগ রাজনৈতিক দল এই সনদে স্বাক্ষর করেছি। এটি রাষ্ট্র কাঠামো পরিবর্তন এবং রাজনীতিকে আরও স্বচ্ছ করার একটি ইতিবাচক উদ্যোগ।
আমার বিশ্বাস, তারা দায়িত্বশীলতার পরিচয় দেবেন এবং শেষ পর্যন্ত স্বাক্ষর করবেন।
তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এখন বেশিরভাগ ট্রেড ইউনিয়ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। এটা মোটেই ভালো লক্ষণ নয়। আমাদের চিন্তা হতে হবে মৌলিক, কাজ হতে হবে শ্রমিকের অধিকার রক্ষার জন্য।’
পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক দলের দাবি-দাওয়ার প্রতি নিজের এবং তার দলের সমর্থনের কথাও ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।
সম্মেলনে নতুন নেতৃত্ব হিসেবে মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে সভাপতি ও হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন গঠিত নির্বাচন কমিশনার আনোয়ার হোসাইন। পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদ, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম, পানি উন্নয়ন বোর্ডের মোস্তফা খান, আইয়ুব আলী, আবু সালেহ মো. তোফায়েল চৌধুরী, ফরিদ উদ্দিন খান, মাহমুদুল করীম, মাহবুবুল হক রিপন, বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের আবুল কালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিন শ্রমিক দলের সুমন ভূঁইয়া, উত্তরের কামরুজ্জামান প্রমূখ বক্তব্য রাখেন।
শফিকুল ইসলাম/এসএন