কক্সবাজারে নির্মাণাধীন একটি কালভার্টের কাজ করতে গিয়ে মাটিচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক শ্রমিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১২টার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দরিয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল এলাকার জাফর আহমেদের ছেলে মোহাম্মদ ইলিয়াস (২৫) ও নাসির আহমেদের ছেলে মোহাম্মদ রাকিব (১৯)। আহত শ্রমিক মোহাম্মদ শাহজাহান (২৭) একই উপজেলার বাসিন্দা।
কক্সবাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের উপ-পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দরিয়ানগরে অবস্থিত ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাতায়াতের জন্য নির্মিত সড়কের পাহাড়ি পানিপ্রবাহের ছড়ায় একটি কালভার্ট নির্মাণকাজ চলছিল। লাকি এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ১০ থেকে ১৫ জন শ্রমিক সেখানে কাজ করছিলেন।
সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, ‘শ্রমিকরা পাহাড়ি ছড়ার নিচে অবস্থান নিয়ে কালভার্টের দুই পাশের মাটি কাটার কাজ করছিলেন। একপর্যায়ে কালভার্টের এক পাশের বড় বড় মাটির খণ্ড ধসে পড়ে। এতে তিন শ্রমিক চাপা পড়েন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং আরও কেউ মাটির নিচে চাপা পড়ে আছেন কি-না তা নিশ্চিত হওয়ার জন্য অনুসন্ধান চালায়।
এদিকে, ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ইউনুস অভিযোগ করেন, নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের জন্য কোনো ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া এ ধরনের নির্মাণকাজ পরিচালনার বিষয়ে ইউনিয়ন পরিষদকেও অবহিত করা হয়নি।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত দুই শ্রমিকের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত শ্রমিক চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
তারেকুর রহমান/সালমান/