গাজীপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা অনাবিল পরিবহনের একটি বাস বাসন সড়ক এলাকায় বাস থামিয়ে যাত্রী উঠানামা করছিল। এ সময় বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাড়িটিকে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অটোরিকশাকে বেপরোয়া গতিতে চাপা দেয়। এতে চালকসহ দুইজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাসচাপায় অটোরিকশাচালকসহ দুইজন নিহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাসের সামনের অংশ কেটে মরদেহ উদ্ধার করেন।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, যাত্রীবাহী বাসচাপায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের বিস্তারিত পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পলাশ প্রধান/সালমান/