ময়মনসিংহের দুই উপজেলায় বজ্রপাতে শিক্ষকসহ দুইজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মুক্তাগাছা উপজেলার বড়গ্রাম ইউনিয়নের রৌহারচর গ্রামে এবং সকাল সাড়ে ১০টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার পাঁচভাগ ইউনিয়নের মধ্য লামকাইন গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মুক্তাগাছা উপজেলার রৌয়ারচর গ্রামের মৃত ইছব আলীর ছেলে খালেকুল আজাদ (৬০) ও গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাঁচভাগ ইউনিয়নের মধ্য লামকাইন গ্রামের মৃত রুকন উদ্দিনের ছেলে সিয়াম খান (২৮)। খালেকুল আজাদ স্থানীয় গাবতলী ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, ‘শিক্ষক খালেকুল আজাদ মুক্তাগাছা পৌর শহরের হৃদয়মোড়ে পরিবার নিয়ে বসবাস করতেন। বেলা সাড়ে ১২টার দিকে গ্রামের বাড়ি রৌহারচরে ছিলেন তিনি। এসময় হাঁটাহাঁটি করার একপর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।’
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘সকালে গফরগাঁওয়ের লামকাইন গ্রামে বাড়ির আঙিনায় দাঁড়িয়ে ছিলেন সিয়াম। এসময় আকাশ মেঘাচ্ছন্ন ছিল। হঠাৎ করেই বজ্রপাতে সিয়াম গুরুতর আহত হয়। এমতাবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।’
কামরুজ্জামান মিন্টু/সালমান/