বাংলাদেশের বিভিন্ন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে সচল রাখতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন প্রায় অর্ধ লক্ষাধিক মাস্টারোল ও দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক কর্মচারীরা। প্রায় দুই যুগের বেশি সময় ধরে যারা শ্রম দিচ্ছেন সেই শ্রমিক-কর্মচারীদের জীবন অনিশ্চিত। রাষ্ট্রের সেবা নিরবচ্ছিন্ন রাখার পরও এই বিশাল কর্মজীবী জনগোষ্ঠী আজও চাকরির স্থায়িত্ব, ন্যায্য মজুরি, সামাজিক নিরাপত্তা এবং মৌলিক শ্রম অধিকার থেকে বঞ্চিত।
সম্প্রতি প্রণীত ‘দৈনিকভিত্তিক সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫’ এবং আউটসোর্সিং ব্যবস্থার সম্প্রসারণ এ কর্মীদের ভবিষ্যৎকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে, যা আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মর্যাদাপূর্ণ কর্মসংস্থান এবং মৌলিক মানবাধিকারের পরিপন্থি। এটা বঞ্চিত মানুষদের অধিকারকে আরও বেশি সংকুচিত করে ফেলেছে। একে আর যাই বলা হোক, কোনো কল্যাণকামী রাষ্ট্রের নীতি বলা চলে না। এটি আসলে নীতিমালার মোড়কে এক ধরনের প্রাতিষ্ঠানিক ও বৈধ শোষণ। যা ‘নো-ওয়ার্ক, নো-পে’র নামে তাদের শোষণ করা হচ্ছে।
লম্বা সময় ধরে একটা মানুষ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দপ্তরে কাজ করছেন, টেবিলটা একই আছে, তার খাটুনিও কমেনি। অথচ দুই দশক পরেও খাতাকলমে তার পরিচয় তিনি স্রেফ একজন ‘অস্থায়ী’ দিনমজুর। একই দপ্তরে, পাশাপাশি দুটো টেবিলে বসে দুজন মানুষ বছরের পর বছর প্রায় একই কাজ করে যাচ্ছেন। মাসের শেষে একজন পাচ্ছেন সুনির্দিষ্ট বেতন, উৎসব ভাতা, চিকিৎসার নিশ্চয়তা এবং অবসরের পর পেনশনের সুরক্ষাজাল। আর অন্যজন? তিনি প্রতিদিন সকালে ডেস্কে বসেন এক বুক অনিশ্চয়তা নিয়ে–আজ কাজ শেষে হাজিরা খাতাটা সই হবে তো? মাস শেষে কি ঠিকমতো দিনমজুরিটা মিলবে? এই দ্বিতীয় মানুষটি কোনো বেসরকারি কারখানার শ্রমিক নন; তিনি আমাদের ডাক বিভাগ, রেলওয়ে, ওয়াসা, সিটি করপোরেশন কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানেরই একজন ‘মাস্টাররোল’ বা ‘দৈনিক মজুরিভিত্তিক’ কর্মচারী-শ্রমিক।
আজ কাজ আছে তো টাকা আছে, কাল শরীর খারাপ হলে ঘরে চুলা জ্বলবে না। আমাদের রাষ্ট্রযন্ত্রের আনাচে-কানাচে প্রতিদিন এমন হাজার হাজার মানুষের নীরব দীর্ঘশ্বাস জমা হচ্ছে। ডাক বিভাগ, রেলওয়ে, ওয়াসা, সিটি করপোরেশন কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয়-সবখানেই নিচের সারির এই কর্মীরাই আসল চাকা, অথচ তাদের জীবনটাই আটকে আছে এক অন্তহীন অনিশ্চয়তার বৃত্তে।
১০, ১৫ বা ২০ বছর ধরে রাষ্ট্রের চাকা সচল রেখেও যারা নিজেদের ‘অস্থায়ী’ পরিচয়ের বৃত্ত থেকে বের করতে পারলেন না, তাদের এই যাপন কেবল একটুকরো প্রশাসনিক ফাইল আটকে থাকা নয়। এটি আসলে একটি নীরব মনস্তাত্ত্বিক ট্রমা, প্রাতিষ্ঠানিক বৈষম্য এবং রাষ্ট্রের এক সুগভীর কাঠামোগত ফাঁদের গল্প।
আমলাতন্ত্র প্রায়ই একটা চেনা অজুহাত দেখায়–‘বাজেটসংকট’ কিংবা ‘রাজস্ব খাতে পদের অভাব’। কিন্তু এই নতুন নীতিমালার আড়ালে আসল খেলাটা কেমন নিষ্ঠুর, তার সবচেয়ে বড় প্রমাণ মেলে খোদ সরকারেরই অফিশিয়াল নথিতে। গত ১০ মার্চ ২০২৬ তারিখে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ থেকে জারিকৃত একটি পরিপত্রের (স্মারক নম্বর: ০৭.০০.০০০০.১৭৬.৬৬.০৫৯.১৫-অংশ-৭-২৬) দিকে তাকালে বিষয়টি স্পষ্ট হয়ে যায়। ওই চিঠিতে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) বিভিন্ন অফিসে মোট ১৯৭৩ জন সাময়িক শ্রমিক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু এর পেছনে যে শর্তগুলো জুড়ে দেওয়া হয়েছে, তা ‘নো ওয়ার্ক নো পে’ নীতিকে আরও ক্রূর করে তুলেছে।
সেখানে স্পষ্ট বলা হয়েছে, এই ১৯৭৩ জন শ্রমিক কাজ পাবেন ‘মাসিক ২২ দিন ভিত্তিতে’। এর আসল মানে কী? মাস ৩০ দিনে হলেও রাষ্ট্র শুরুতেই একজন শ্রমিকের জীবন থেকে ৮ দিনের কাজ ও মজুরি আইনিভাবে কেটে রাখছে। বাকি ৮ দিন শ্রমিক কাজ করতে চাইলেও রাষ্ট্র তাকে কাজ দেবে না, আর ‘নো ওয়ার্ক নো পে’ নিয়মের দোহাই দিয়ে ওই দিনগুলোর মজুরিও দেবে না। উপরন্তু, এই শ্রমিকদের মেয়াদ বেঁধে দেওয়া হয়েছে আগামী ৩০ জুন ২০২৬ তারিখ পর্যন্ত। সবচেয়ে ভয়ানক বিষয় হলো, পরিপত্রের ‘ক’ শর্তে স্পষ্ট লিখে দেওয়া হয়েছে ‘আগামী ২০২৬-২০২৭ অর্থবছর থেকে আর কোনো দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণের সম্মতি প্রদান করা হবে না।’ এর সহজ অর্থ দাঁড়ায়, রাষ্ট্র এই শ্রমিকদের ধাপে ধাপে স্থায়ী করার পরিবর্তে পুরো প্রথাটিকেই বিলুপ্ত করে দিতে চায়, যাতে পেনশন, ভবিষ্যৎ তহবিল বা গ্র্যাচুইটির দীর্ঘমেয়াদি কোনো আর্থিক দায় রাষ্ট্রের ঘাড়ে না চাপে। কিন্তু যে মানুষগুলো এক-দেড় দশক ধরে এই দপ্তরে ঘাম ঝরিয়েছেন, তাদের পুনর্বাসন বা স্থায়ীকরণের কোনো রূপরেখা না রেখে এই আইনি চাতুরী স্রেফ অমানবিক।
যদিও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও স্বায়ত্তশাসিত সংস্থায় শূন্য পদের বিপরীতে নিরবচ্ছিন্ন সেবা দেওয়া এই বিশাল মাস্টাররোল ও দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের স্থায়ী করার আইনি বাধ্যবাধকতা ছিল। অথচ বছরের পর বছর শ্রম দিয়ে রাষ্ট্রকে সেবা দেওয়ার পর, তারা আইনি সুরক্ষা ও মানবিক অধিকারটুকুও পাচ্ছে না। ছুটি নেই, উৎসব ভাতা নেই, চিকিৎসা সুবিধা নেই, অবসরের কোনো নিশ্চয়তা নেই। শুধু আছে প্রতিদিনের হাজিরা এবং প্রতিদিনের অনিশ্চয়তা।
আইএলও কনভেনশন নম্বর ৯৮ এবং ১৫৮ অনুযায়ী, কোনো শ্রমিককে যদি একই প্রতিষ্ঠানে দীর্ঘ সময় ধরে কাজ করানো হয়, তাহলে তাকে কর্মসংস্থানের স্থায়িত্ব ও সুরক্ষা দিতে হবে। নিয়মিত পদে যে কাজ হচ্ছে, সেই কাজে নিরন্তর অস্থায়ী শ্রমিক ব্যবহার করা মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের নীতির বিরুদ্ধে। বাংলাদেশ আইএলওর সদস্য রাষ্ট্র এবং বেশ কিছু সনদে স্বাক্ষরকারী। কিন্তু স্বাক্ষর আর বাস্তবায়নের মাঝখানে যে দূরত্ব, সেটাই এই অর্ধ লক্ষাধিক মানুষের জীবনের মূল সংকট।
শ্রম আইন ২০০৬-এর ধারা ৪ এবং ২ অনুযায়ী, কোনো শ্রমিক একই প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্নভাবে এক বছর বা তার বেশি সময় কাজ করলে তিনি স্থায়ী কর্মচারীর মর্যাদা পাওয়ার আইনি অধিকারী। কিন্তু ‘মাস্টাররোল’ বা ‘দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক’ এবং ‘আউটসোর্সিং’ ব্যবস্থার মাধ্যমে এই আইনি বাধ্যবাধকতাকে কার্যত নিষ্ক্রিয় রাখা হয়েছে। কাগজে-কলমে চুক্তি ভাঙলেও সেবার ধারাবাহিকতা থাকে, মানুষটাও একই থাকেন, কিন্তু আইনের চোখে তিনি বারবার ‘নতুন নিয়োগ’ পান। এই কৌশলটিই এই ব্যবস্থার মূল চালিকাশক্তি।
দেশের বিভিন্ন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত দৈনিক মজুরিভিত্তিক ও মাস্টাররোল কর্মচারীরা আউটসোর্সিং বা ঠিকাদারি প্রথার নামে আধুনিক দাসপ্রথা বাতিল, চাকরি স্থায়ীকরণসহ ছয় দফা দাবিতে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন করে যাচ্ছে। এই লড়াই শুধু ৫০ হাজার কর্মচারীর নয়, এটি দেশের প্রতিটি শ্রমজীবী মানুষের ভবিষ্যৎ সুরক্ষার লড়াই। তাই বৈষম্যমুক্ত মর্যাদাপূর্ণ জীবনধারণের অধিকার ও শ্রমিকের চাকরির নিশ্চয়তা রক্ষায় তাদের চাকরি স্থায়ী করুন।
লেখক: উন্নয়ন ও অধিকারকর্মী (শ্রেষ্ঠ যুব সম্মাননাপ্রাপ্ত)
প্রতিষ্ঠাতা সভাপতি, ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ (ইয়্যাস); সভাপতি, ভঙ্গী নৃত্য শিল্পালয়
[email protected]