রোজা শুধু ইবাদত নয় বরং মানুষের শরীর, মন ও আত্মার পুনর্জন্মের প্রাকৃতিক প্রক্রিয়া। আল্লাহতায়ালা এরশাদ করেছেন, ‘হে মুমিনরা! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করো।’ (সুরা বাকারা, ১৮৩)। এরপর আল্লাহ এরশাদ করেছেন, তোমরা যদি বুঝে থাকো তাহলে সিয়াম পালনই তোমাদের জন্য কল্যাণকর। (সুরা বাকারা, ১৮৪) অর্থাৎ রোজার মূল উদ্দেশ্য শুধু ক্ষুধা সহ্য করা নয়, বরং আত্মনিয়ন্ত্রণ শেখা এবং শরীর-মনকে পরিশুদ্ধ করা। বিজ্ঞানের ভাষায়ও রোজা শরীরের ‘ডিটক্স ও রিসেট সিস্টেম’।
রোজা অবস্থায় শরীর কোষগুলোর পুরোনো অংশ মেরামত করে শক্তি উৎপাদন করে। রোজা একসঙ্গে শরীর, মন ও আত্মা—এই তিনটি স্তরে কাজ করে। বিজ্ঞান আজ প্রমাণ করেছে, সঠিকভাবে রোজা করলে শরীর নিজেই নিজের চিকিৎসা করতে পারে, হরমোন পুনরায় ভারসাম্যে আসে এবং মস্তিষ্ক নতুনভাবে কাজ শুরু করে। আল্লাহ এমনই এক ইবাদত দিয়েছেন, যার প্রতিটি উপকারিতা মানুষ ও প্রকৃতির জন্য কল্যাণকর। রোজার শারীিরক ও আধ্যাত্বিক ১০ উপকারিতা নিয়ে লিখেছেন মিরাজ রহমান
মেটাবলিক সুইচিং: রোজা শুরুর ৮-১২ ঘণ্টা পর শরীরের গ্লুকোজ শেষ হয়ে যায়। তখন শরীর ফ্যাট ভাঙতে শুরু করে এবং কেটোন উৎপন্ন করে। এ অবস্থায় শরীর মেটাবলিক সুইচিং করে গ্লুকোজ বার্নিং থেকে ফ্যাট বার্নিং মোডে যায়। ফলে ইনসুলিন কমে যায়, ফ্যাট বার্ন বেড়ে যায় এবং এনার্জি স্থিতিশীল থাকে। গবেষণায় দেখা যায় ইন্টারমিটেন্ট রোজা ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে অত্যন্ত কার্যকর।
কোষের নিজস্ব পরিষ্কার প্রক্রিয়া: ২০১৬ সালে নোবেল পুরস্কার বিজয়ী গবেষক ইয়োশিনোরি ওসুমি প্রমাণ করেন, রোজার সময় কোষগুলো নিজের ভেতরের নষ্ট অংশ পরিষ্কার করে, নতুন কোষ তৈরি করে আর এই প্রক্রিয়াকেই বলে অটোফ্যাজি। আর এটাই ইসলামের রোজা। ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ক্যানসার, আলঝেইমার ও বার্ধক্য বিলম্বিত হয়।
গ্রোথ হরমোন বৃদ্ধি: রোজার সময় শরীরে Human Growth Hormone (HGH) ৫-১০ গুণ বেড়ে যায়। ফলে ফ্যাট বার্ন দ্রুত হয়, মাংসপেশি সংরক্ষিত থাকে এবং টিস্যু রিপেয়ার ত্বরান্বিত হয়।
মস্তিষ্কে রোজার প্রভাব: রোজার সময় মস্তিষ্কে Brain-Derived Neurotrophic Factor (BDNF) বৃদ্ধি পাওয়ায় নতুন নিউরন তৈরি করে এবং স্মৃতি ও ফোকাস বৃদ্ধি পায়। ফলে রোজা করা মানুষ মানসিকভাবে শান্ত, পরিষ্কার চিন্তা করতে সক্ষম হয়।
ইনফ্লেমেশন ও অক্সিডেটিভ স্ট্রেস হ্রাস: রোজা শরীরের প্রদাহ (inflammation) কমিয়ে দেয় এবং ফ্রি-র্যাডিক্যাল নিয়ন্ত্রণ করে। ফলে হার্ট, লিভার, ও কিডনির ওপর চাপ কমে যায় এবং দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধ হয়।
ডিটক্সিফিকেশন ও কোষ পুনর্গঠন: রোজার সময় শরীরে ‘অটোফেজি’ সক্রিয় হয়ে কোষের অভ্যন্তরে জমে থাকা বর্জ্য, টক্সিন ও নষ্ট প্রোটিন অপসারণ করে কোষকে নতুন করে তৈরি করে। ফলে বার্ধক্য বিলম্বিত হয়, ক্যানসার প্রতিরোধ ক্ষমতা বাড়ে, লিভার, কিডনি ও স্কিন কোষ পুনর্জন্ম লাভ করে এবং ইমিউন সিস্টেম শক্তিশালী হয়।
হৃদরোগ প্রতিরোধ ও রক্তচাপ নিয়ন্ত্রণ: রোজার সময় ইনসুলিন কমে যাওয়ায় রক্তে ট্রাইগ্লিসারাইড ও খারাপ কোলেস্টেরল কমে যায়, ভালো কোলেস্টেরল বাড়ার ফলে রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি কমে যায়। ফলাফল হলো রক্তনালিতে প্রদাহ হ্রাস, হার্ট রেট ও ব্লাড প্রেশার স্বাভাবিক, অক্সিডেটিভ স্ট্রেস কমে যায় এবং রক্ত জমাট বাঁধা (clotting) নিয়ন্ত্রণে থাকে।
হরমোন ব্যালান্স ও শরীরের রিসেট: রোজা হরমোন সিস্টেমের ওপর গভীর প্রভাব ফেলে। বিশেষ করে নারী ও পুরুষের প্রজনন হরমোন, গ্রোথ হরমোন এবং কর্টিসল (স্ট্রেস হরমোন) সঠিকভাবে ব্যালান্স হয়।
ওজন নিয়ন্ত্রণ ও ফ্যাট বার্ন: রোজা ইনসুলিন হ্রাস পায়, ফলে শরীর স্টোরেজ মোড থেকে বেরিয়ে আসে এবং Burn Mode-এ প্রবেশ করে। এই সময় শরীর নিজস্ব ফ্যাট ভাঙতে শুরু করে।
ঘুম ও এনার্জি লেভেল উন্নতি: রোজা করলে মেলাটোনিন ও সেরোটোনিন হরমোনের ভারসাম্য বাজায় রাখার ফলে ঘুম ভালো হয়, মুড নিয়ন্ত্রণ সম্ভব হয় ও মনোযোগ বৃদ্ধি পায়।
লেখক: আলেম, গবেষক ও সাংবাদিক