রোজা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত, যার বিশেষ বৈশিষ্ট্য হলো এর গোপনীয়তা। নামাজ, হজ বা জাকাত মানুষের সামনে আদায় করা সম্ভব হলেও রোজা এমন একটি ইবাদত, যা শুধু আল্লাহ ও বান্দার মধ্যেই সীমাবদ্ধ থাকে। একজন রোজাদার প্রচণ্ড ক্ষুধা ও পিপাসা সহ্য করেও গোপনে কোনো কিছু খান বা পান করেন না। এর মূল কারণ হলো তার দৃঢ় বিশ্বাস—মানুষ না দেখলেও আল্লাহ সবকিছু দেখছেন। এই বিশ্বাসই রোজাদারকে আত্মসংযমে দৃঢ় রাখে।
মাসব্যাপী রোজার এই অনুশীলন মুমিনের অন্তরে আল্লাহভীতি, আত্মনিয়ন্ত্রণ এবং পরকালীন জবাবদিহির চেতনা জাগ্রত করে। ফলে রোজা শুধু শারীরিক সংযম নয়, বরং আত্মশুদ্ধি ও নৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত হয়।
যদি কোনো ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বলে, গিবত করে, ওজনে কম দেয় কিংবা অন্যের হক নষ্ট করে, তবে তার রোজা শুধু উপবাস ছাড়া আর কিছুই নয়। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী কাজ করা ত্যাগ করেনি, তার এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। (বুখারি, ১৯০৩)
ভাত খাওয়ার উদ্দেশ্য যেমন বেঁচে থাকা এবং শক্তি অর্জন করা, তেমনি রোজার উদ্দেশ্য হলো তাকওয়া বা চারিত্রিক দৃঢ়তা অর্জন। যদি কেউ ভাত খেয়ে সঙ্গে সঙ্গেই বমি করে ফেলে, তবে সে যেমন পুষ্টি পায় না; ঠিক তেমনি ইফতারের পর যদি কেউ আবার পাপে লিপ্ত হয়, তবে তার সারা দিনের সিয়ামের প্রভাব বিলুপ্ত হয়ে যায়। বর্তমানে মুসলমানদের মধ্যে রোজার প্রভাব দীর্ঘস্থায়ী না হওয়ার প্রধান কারণ হলো, আমরা রোজাকে শুধু একটি বাৎসরিক প্রথা বা বাহ্যিক অনুষ্ঠান হিসেবে গ্রহণ করেছি, জীবন পরিবর্তনের হাতিয়ার হিসেবে নয়।
মানুষের তিনটি প্রধান জৈবিক চাহিদা—ক্ষুধা, তৃষ্ণা ও যৌনপ্রবৃত্তি। যখন এগুলোর নিয়ন্ত্রণ বিবেকের হাত থেকে সরে যায়, তখন মানুষ পশুর চেয়েও অধম হয়ে পড়ে। রোজা মানুষকে নফসের ওপর নিয়ন্ত্রণ ও আত্মসংযমের শিক্ষা দেয়। এটি ইচ্ছাশক্তিকে এত দৃঢ় করে যে, মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের বৈধ চাহিদাগুলোকেও ত্যাগ করতে পারে। এই আত্মসংযম তাকে সারা বছর অন্যায় লোভ ও অবৈধ লালসা থেকে দূরে থাকতে সাহায্য করে। তাই হাদিসে বলা হয়েছে, ‘সিয়াম ঢালস্বরূপ… সিয়াম আমার জন্য, আর এর প্রতিদান আমি নিজেই দান করব।’ (সহিহ বুখারি, ১৮৯৪)
এই অপরিসীম সওয়াব তখনই সম্ভব যখন রোজাদার নিজের নিয়ত এবং আমলকে পবিত্র রাখতে পারবেন। এর কারণ হলো, রোজায় লোকদেখানো ভাব থাকার সুযোগ নেই। এটি বান্দা ও আল্লাহর মধ্যে এক গভীর প্রেমের সম্পর্ক স্থাপন করে।
আবু হুরায়রাহ (রা.) সূত্রে নবি (সা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহতায়ালা বলেছেন, বানী আদমের প্রতিটি কাজ তার নিজের জন্য- সিয়াম ব্যতীত। তা আমার জন্য, আমি নিজেই তার পুরস্কার দেব। আর সিয়াম পালনকারীদের মুখের গন্ধ আল্লাহর কাছে মিস্কের ঘ্রাণের চেয়ে অধিক সুগন্ধযুক্ত।’ (বুখারি, ৫৯২৭)
রমজান শুধু ব্যক্তিগত ইবাদতের মাস নয়, এটি একটি সামষ্টিক ইবাদত। সামরিক বাহিনীর সদস্যদের যেমন একক প্যারেডের পরিবর্তে দলবদ্ধ প্রশিক্ষণে বেশি শক্তিশালী করা হয়, তেমনি রমজানে গোটা মুসলিম উম্মাহর একই সময়ে পানাহার ত্যাগ ও ইফতার করার বিধান তাদের মধ্যে এক ঐক্য ও ভ্রাতৃত্বের পরিবেশ সৃষ্টি করে। রোজাদার ব্যক্তি যখন নিজে ক্ষুধার জ্বালা অনুভব করে, তখন সে সমাজের অসহায় ও বঞ্চিত মানুষের দুঃখ বুঝতে পারে। ফলে রমজানে দান-সদকা ও সহমর্মিতার এক প্লাবন বয়ে যায়।
ইবনু আব্বাস (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসুল (সা.) ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল। রমজানে তিনি অধিক দানশীল হতেন, যখন জিবরাইল (আ.) তার সঙ্গে সাক্ষাৎ করতেন। আর রমজানের প্রতি রাতেই জিবরাইল (আ.) তার সঙ্গে দেখা করতেন এবং তারা একে অপরকে কোরআন তিলাওয়াত করে শোনাতেন। নিশ্চয়ই আল্লাহর রাসুল (সা.) রহমতের বায়ু অপেক্ষাও অধিক দানশীল ছিলেন। (বুখারি, ৬)
সিয়াম বা রোজা হলো আত্মশুদ্ধির এক বার্ষিক মহড়া। এর মাধ্যমে বান্দা আল্লাহর প্রতি তার অগাধ ভালোবাসা ও দাসত্বের পূর্ণতা প্রমাণ করে। ঈমান ও আত্মসমালোচনার সঙ্গে যে ব্যক্তি রোজা রাখবে, তার জীবন হবে আলোকিত। রোজা কেবল ক্ষুধা-তৃষ্ণার নাম নয়, বরং এটি অন্যায়ের বিরুদ্ধে এক সুদৃঢ় ঢাল। আমরা যদি রোজার প্রকৃত হিকমত ও তাৎপর্য অনুধাবন করে নিজেদের চরিত্র গঠন করতে না পারি, তবে আমাদের রোজা রাখা কেবল সময়ের অপচয় ছাড়া আর কিছুই হবে না। তাই আসুন, রোজাকে শুধু ঐতিহ্যের অংশ না করে একে তাকওয়া অর্জনের সোপান হিসেবে গ্রহণ করি।
লেখক: প্রাবন্ধিক ও সাংবাদিক