গ্রীষ্মের প্রচণ্ড তাপ আজ মানবজীবনের এক কঠিন বাস্তবতা। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে মানুষ অসহনীয় তাপপ্রবাহে কষ্ট পাচ্ছে। এ তাপপ্রবাহ শুধু আবহাওয়ার একটি স্বাভাবিক পরিবর্তন নয়; ইসলামের দৃষ্টিতে এটি একদিকে আল্লাহর নিদর্শন, অন্যদিকে মুমিনের জন্য পরীক্ষা, সতর্কবার্তা এবং আত্মশুদ্ধির সুযোগ। কোরআন ও হাদিসে এ বিষয়ে গভীর তাৎপর্যপূর্ণ দিকনির্দেশনা রয়েছে, যা আমাদের জীবন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তাপপ্রবাহ: আল্লাহর ক্ষমতার নিদর্শন
পবিত্র কোরআনে আল্লাহতায়ালা বলেন, নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে, রাত ও দিনের পরিবর্তনে বোধসম্পন্নদের জন্য নিদর্শন রয়েছে। (সুরা আলে ইমরান, ১৯০) এ আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় যে, প্রকৃতির প্রতিটি পরিবর্তন—তাপ, শীত, বৃষ্টি সবই আল্লাহর নিয়ন্ত্রণে। তাপপ্রবাহও সেই নিদর্শনের অংশ, যা মানুষের চিন্তা ও আত্মজিজ্ঞাসাকে জাগ্রত করে।
তীব্র গরম: জাহান্নামের উত্তাপের অংশ
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তীব্র গরম হলো জাহান্নামের উত্তাপের একটি অংশ। (বুখারি, ৩২৬০; মুসলিম, ৬১৭) এই হাদিস আমাদের সতর্ক করে দেয়—দুনিয়ার এ গরম আখিরাতের কঠিন শাস্তির একটি ক্ষুদ্র নমুনা মাত্র। তাই এটি আমাদের গুনাহ থেকে বিরত থাকতে এবং আল্লাহর দিকে ফিরে আসতে উদ্বুদ্ধ করে।
তাপপ্রবাহ: মুমিনের জন্য পরীক্ষা
আল্লাহতায়ালা বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতি এবং ফল-ফসলের ক্ষতির মাধ্যমে; আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। (সুরা বাকারাহ, ১৫৫)
তাপপ্রবাহ সে পরীক্ষারই একটি রূপ। একজন প্রকৃত মুমিন এই কষ্টের সময় ধৈর্য ধারণ করে, আল্লাহর ওপর ভরসা রাখে এবং ইবাদতে অবিচল থাকে।
পানির নিয়ামত: জীবনের উৎস
আল্লাহ বলেন, আমি পানি থেকে সব জীবন্ত জিনিস সৃষ্টি করেছি। (সুরা আম্বিয়া, ৩০) প্রচণ্ড গরমে পানির গুরুত্ব অপরিসীম। এটি শুধু দেহকে সুস্থ রাখে না, বরং আমাদের আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেয়। তাই পানি অপচয় না করে সচেতনভাবে ব্যবহার করা ঈমানেরই অংশ।
বৃষ্টি: কষ্টের পর স্বস্তির বার্তা
আল্লাহতায়ালা বলেন, তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, যা দ্বারা তিনি মৃত ভূমিকে জীবিত করেন। (সুরা রুম, ২৪)
তাপপ্রবাহের পর বৃষ্টি আল্লাহর রহমতের প্রতীক। এটি আমাদের শেখায়—কষ্টের পরই আসে স্বস্তি, তাই কখনো হতাশ হওয়া উচিত নয়।
ইবাদতে সহজীকরণ: ইসলামের বাস্তবতা
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা তীব্র গরমে জোহরের নামাজ কিছুটা ঠাণ্ডা হলে আদায় করো। (বুখারি, ৫৩৬) এ হাদিস প্রমাণ করে, ইসলাম মানুষের কষ্ট বিবেচনায় রেখে সহজ পথ নির্দেশ করে। তাপপ্রবাহেও ইবাদত যেন কষ্টকর না হয়—সে দিকেও ইসলাম গুরুত্ব দিয়েছে।
দোয়া, তওবা ও করণীয়: তাপপ্রবাহের মতো কঠিন সময়ে আমাদের করণীয়—বেশি বেশি ইস্তিগফার ও তওবা করা, আল্লাহর কাছে রহমত ও বৃষ্টির জন্য দোয়া করা, পর্যাপ্ত পানি পান করা ও অন্যদের সাহায্য করা, অপ্রয়োজনীয় রোদ এড়িয়ে চলা, গাছ লাগানো ও পরিবেশ রক্ষা করা এবং নিয়মিত নামাজ ও ইবাদতে মনোযোগী হওয়া।
পরিশেষে বলতে চাই, তীব্র গরম আমাদের জন্য শুধু কষ্টের কারণ নয়; বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা ও বার্তা। কোরআন ও হাদিস আমাদের শেখায়—প্রতিটি কষ্টের মাঝেই শিক্ষা রয়েছে, প্রতিটি পরীক্ষার মধ্যেই রয়েছে কল্যাণের সম্ভাবনা। অতএব, আমাদের উচিত এ তাপপ্রবাহকে ধৈর্য, তওবা ও আত্মশুদ্ধির একটি সুযোগ হিসেবে গ্রহণ করা। আল্লাহতায়ালা আমাদের সবাইকে এ পরীক্ষায় সফল হওয়ার তৌফিক দান করুন। আমিন
লেখক: প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাতীয় ইসলামী গবেষণা সেন্টার