ঢাকা ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ০৭ জুন ২০২৬

সর্বশেষ
অনূর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় পড়া চলছে রায় শুনতে আদালতে রামিসার বাবা মেসিকে ছাড়াই হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ৭ সাংবাদিক দল বদলের উৎসব, ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগ চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১ কক্সবাজারে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল শরীয়তপুরে উচ্ছ্বাসে মাতলেন আর্জেন্টাইন সমর্থকরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই নতুন উপ-উপাচার্য নিয়োগ দুই দিনেও সিদ্ধান্ত হলো না শূন্যরেখায় আটকে থাকা ১০ জনের পাটগ্রাম সীমান্তে পুশইন ঘিরে উত্তেজনা, লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া নড়াইলে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নাগরপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মামলা রাসুল (সা.) যেভাবে চুল রাখতেন রামিসা হত্যাকাণ্ড: আদালতে আনা হলো আসামি সোহেল-স্বপ্নাকে যুক্তরাষ্ট্রে উৎসবের কাছে গোলাগুলি, আহত ১২ মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে আজ থেকে সোনারগাঁয় ফয়জুলের মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন সক্ষমতা বাড়াতে সুপরিকল্পিত বাজেটের তাগিদ টেকনাফ দিয়ে মাছ ধরা নৌকায় মানবপাচার প্রাকৃতিকভাবেই এইচআইভি দমনে সক্ষম দুই নারীর গল্প ঝিনাইদহে শিশু ধর্ষণের অভিযোগে গ্রাম্য চিকিৎসক আটক নিশ্চিহ্নের পথে শেরেবাংলার জন্মভিটা শিশু রামিসা হত্যা মামলার রায় আজ আম পাড়া নিয়ে ব্যস্ত মৌসুমি শ্রমিকরা মিউচুয়াল ফান্ড ও মার্জিন ঋণ বিধিমালা বাতিলের দাবি খুলনায় ধারাবাহিক খুন-চাঁদাবাজিতে উদ্বেগ, কাজে আসছে না বিশেষ অভিযানও নারায়ণগঞ্জে এনসিপির অনুষ্ঠানের চেয়ার টেবিল ভাঙচুর, আহত ১০
Nagad desktop

সমুদ্র জয়ের সুফল এখনো অধরা

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১১:০৩ এএম
আপডেট: ১৪ মার্চ ২০২৫, ১১:২৪ এএম
সমুদ্র জয়ের সুফল এখনো অধরা
ছবি: সংগৃহীত

‘মায়ানমার ও ভারতের কাছ থেকে আইনি লড়াইয়ে অর্জিত সমুদ্র সীমানার যথাযথ ব্যবহার হয়নি দীর্ঘদিনেও। কিছু নীতিমালা ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে উঠলেও কার্যকর পদক্ষেপের অভাবে তেমন কোনো সুফল পাচ্ছে না দেশ। ফলে সমুদ্র জয়ের কাঙ্ক্ষিত সুফল এখনো মেলেনি। সমুদ্র অর্থনীতির বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা আর্থিক সমৃদ্ধি লাভ করতে পারিনি।’

২০১২ সালের ১৪ মার্চ আন্তর্জাতিক সালিশি আদালতের রায়ের মাধ্যমে মায়ানমারের সঙ্গে মামলায় বাংলাদেশ প্রায় ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গ কিলোমিটারের বেশি সমুদ্র এলাকার দখল পায়। সেই হিসাবে আজ ১৪ মার্চ প্রথমবারের মতো দেশের সমুদ্র বিজয়ের ১৩ বছর হয়েছে। আর এর প্রায় দুই বছর পরে ২০১৪ সালের ৮ জুলাই বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিরোধপূর্ণ সমুদ্রসীমার আনুমানিক ২৫ হাজার ৬০২ বর্গ কিলোমিটারের মধ্যে ১৯ হাজার ৪৬৭ বর্গ কিলোমিটারের অধিকার পায় বাংলাদেশ, যা দ্বিতীয় সমুদ্র বিজয় হিসেবে চিহ্নিত হয়েছে। এতে দেশের পর্যটন, সামুদ্রিক মৎস্য আহরণ, প্রাকৃতিক সম্পদ, বাণিজ্য এবং জ্বালানি খাতের বিপুল সম্ভাবনা বাড়লেও এখন পর্যন্ত তেমন কোনো উল্লেখযোগ্য প্রাপ্তি নেই। 

অর্থনীতিবিদরা বলছেন, ব্লু-ইকোনমি বা সুনীল অর্থনীতির মাধ্যমে সমুদ্রতলের গ্যাস, মৎস্যসহ অন্য সম্পদ আহরণ, বন্দরের সুবিধা সম্প্রসারণ ও পর্যটনের ক্ষেত্রে যথোচিত কার্যক্রম সম্পন্ন হলে ২০৩০ সাল নাগাদ সমুদ্র থেকে প্রতিবছর প্রায় আড়াই লাখ কোটি ডলার আয় করা সম্ভব। কিন্তু সমন্বিত জরিপ, কার্যকর সমুদ্রবান্ধব নীতি, দক্ষ জনশক্তি, প্রযুক্তিগত জ্ঞান এবং মেরিন রিসোর্সভিত্তিক পর্যাপ্ত গবেষণার অভাব সমুদ্র অর্থনীতি বিকাশের পথে অন্যতম অন্তরায় বলে বিবেচনা করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ মহল।

বিশ্বব্যাপী প্রতিবছর তিন থেকে পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলারের কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে সমুদ্রকে ঘিরে। বিশ্বব্যাপী ৪৩০ কোটি মানুষের ১৫ ভাগ প্রোটিনের জোগান দিচ্ছে সামুদ্রিক মাছ, উদ্ভিদ ও জীবজন্তু। 

বাংলাদেশের ব্লু ইকোনমি জোন তথা বঙ্গোপসাগরের সমুদ্র সম্পদের ব্যবহার বাংলাদেশকে যেমন দিতে পারে আগামী দিনের জ্বালানি নিরাপত্তা, তেমনি বদলে দিতে পারে সামগ্রিক অর্থনীতির চেহারা। 

কিন্তু পর্যাপ্ত নীতিমালার ও সঠিক কর্মপরিকল্পনার অভাব, দক্ষ জনশক্তির অভাব, প্রযুক্তিগত জ্ঞানের অভাব, সম্পদের পরিমাণ ও মূল্য সম্পর্কে সঠিক তথ্যের অভাব, মেরিন রিসোর্সভিত্তিক পর্যাপ্ত গবেষণা না হওয়া, ব্লু ইকোনমি সম্পর্কিত আন্তর্জাতিক ও আঞ্চলিক যোগাযোগের অভাবে সমুদ্র অর্থনীতির সুফল ভোগ করতে পারছে না দেশ। 

বাংলাদেশের জিডিপির মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্লু-ইকোনমি থেকে আসে। এটার পরিমাণ বার্ষিক প্রায় ৯৬০ কোটি ডলার। অথচ সমুদ্রের মাছ রপ্তানি থেকেই ১০-১২ হাজার কোটি টাকা আয় করা সম্ভব বলে ধারণা সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের।

সমুদ্রবিরোধ নিরসনের পরে ‘সেভ আওয়ার সি’-এর প্রতিবেদনে দেখা যায়, প্রতিবছর বঙ্গোপসাগর থেকে ৮০ লাখ টন মাছ ধরা হয়। কিন্তু বাংলাদেশের জেলেরা ধরতে পারছেন মাত্র ৭ লাখ টন মাছ। দেশে বছরে যে পরিমাণ মাছ অহরণ হয়, তার মাত্র ১৫ শতাংশ আসে গভীর সমুদ্র থেকে। উপকূলীয় এলাকার ৫০ লাখের বেশি মানুষের আয়ের প্রধান উৎস সামুদ্রিক মৎস্যসম্পদ। কিন্তু তারা এখনো মূলত প্রচলিত পদ্ধতিতেই সীমাবদ্ধ। বর্তমানে জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে সমুদ্রগামী ট্রলারগুলোর জ্বালানি, পরিচালন, জেলেদের খোরাকি ব্যয়, বরফ, মজুরি মিলিয়ে ব্যয় বেড়ে গেছে ৭০ শতাংশ। ফলে আহরিত মাছ বেচে ব্যয় তুলে লাভ করা দুরূহ হয়ে পড়ছে। এ খাতে জ্বালানি ভর্তুকি নেই, ব্যাংক ঋণের সুবিধা অবারিত নেই, সরকারি পর্যায়ে জেলেদের বিমা ও মজুরি কাঠামোও নির্ধারণ করা হয়নি। এ ছাড়া গভীর সমুদ্রে মাছ আহরণে প্রয়োজন অত্যাধুনিক ট্রলার ও জাহাজ। সেই সক্ষমতাও বাড়েনি। ফলে দেশের নৌযানগুলো গভীর সমুদ্র থেকে মৎস্য আহরণ করতে পারছে না।

আইনশৃঙ্খলা বাহিনী সক্ষমতা বাড়াতে সুপরিকল্পিত বাজেটের তাগিদ

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৯:২৯ এএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ০৯:৩০ এএম
সক্ষমতা বাড়াতে সুপরিকল্পিত বাজেটের তাগিদ
ছবি: সংগৃহীত

বিশ্বের অধিকাংশ দেশের আইনশৃঙ্খলা বাহিনী পেশাগত দক্ষতা ও প্রযুক্তিগত আধুনিকায়নের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীও ক্রমবর্ধমান সেই উন্নয়নের গতিতে এগিয়ে চলেছে। যদিও চব্বিশের অভ্যুত্থানকেন্দ্রিক সহিংস ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর অবকাঠামোগত যে বিপর্যয় ঘটেছে, সেখান থেকে ঘুরে দাঁড়াতে মারাত্মক বেগ পেতে হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। 

তবু যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার স্বার্থে বাংলাদেশ পুলিশ, বিজিবি, কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট খাতের আরও আধুনিকায়ন জরুরি বলে মনে করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। এ জন্য তারা আগামী জাতীয় বাজেটে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা ও উন্নয়নে সময়োপযোগী ও সুপরিকল্পিতভাবে অর্থ বরাদ্দেরও তাগিদ দিচ্ছেন। 

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আইনশৃঙ্খলা বাহিনী তথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি বিভাগের (জননিরাপত্তা ও সুরক্ষা সেবা) জন্য ৩১ হাজার ৩৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এই দুটি বিভাগের জন্য উন্নয়ন ব্যয় ধরা হয়েছিল ২ হাজার ৫৬০ কোটি টাকা, যার মধ্যে জননিরাপত্তায় ১ হাজার ২২৪ কোটি টাকা ও সুরক্ষা সেবায় ১ হাজার ৩৩৬ কোটি টাকা। যদিও ওই দুটি বিভাগ পরে একীভূত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালিত হয়ে আসছে। তার আগে ২০২৪-২৫ অর্থবছরে জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগের জন্য প্রস্তাবিত বাজেট ছিল ৩১ হাজার ১২ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে দাঁড়িয়েছিল ২৯ হাজার ৩৩১ কোটি টাকায়।

এ প্রসঙ্গে পুলিশের সাবেক মহাপরিদর্শক মুহাম্মদ নুরুল হুদা গতকাল খবরের কাগজকে বলেন, ‘দেশের পরিস্থিতি ও বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় নিলে আইনশৃঙ্খলা খাতের জন্য জাতীয় বাজেটে বরাদ্দ বাড়ানো প্রয়োজন। যদিও বাস্তবতায় আমাদের দেশের রাজস্ব কম, সম্পদের স্বল্পতা রয়েছে–তার পরও আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়াতে বাজেটে বরাদ্দের পরিমাণ বাড়ানো উচিত। কারণ জনগণের জানমালের বা সামাজিক নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে চাহিদা বৃদ্ধির বিষয়টিও ক্রমবর্ধমান। সব মিলিয়ে আগামী বাজেটে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য সরকার বিশেষ নজর দেবে–এমনটাই প্রত্যাশা করি।’

গত ৩০ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদ অধিবেশনে এক বক্তব্যে পুলিশের জন্য তথা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বাজেটে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব করে কিছু আলোচনা তুলে ধরেন। এতে বাস্তবতা, সীমাবদ্ধতা এবং সরকারের সদিচ্ছার বিষয়টি সংসদে উপস্থাপন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আইনশৃঙ্খলা খাতের সংশ্লিষ্টরা বলেন, দেশের আইনশৃঙ্খলা খাতের সবচেয়ে বড় অংশীজন হচ্ছে বাংলাদেশ পুলিশ, যারা দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখাসহ সামাজিক শৃঙ্খলা-নিরাপত্তা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করে থাকে। প্রায় সোয়া দুই লাখ সদস্যের বাংলাদেশ পুলিশের দায়িত্ব পালন এবং অবকাঠামোগত বিষয়ে এখনো মারাত্মক সংকট রয়ে গেছে। বিশেষ করে পুলিশের কনস্টেবল থেকে শুরু করে উপ-পরিদর্শক (এসআই) পর্যায়ে সুযোগ-সুবিধা, যানবাহন, বাসস্থান, প্রশিক্ষণ ও আধুনিক সুবিধাপ্রাপ্তির ক্ষেত্রে ব্যাপক ঘাটতি রয়েছে। এর বাইরে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি, র‌্যাব, আনসার ভিডিপি, কোস্টগার্ড ছাড়াও কারাগার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ এই খাতের সংস্থা ও প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের সরঞ্জাম ও প্রযুক্তিগত উন্নয়নকে আরও গুরুত্ব দেওয়ার তাগিদ দিচ্ছেন তারা।

এ প্রসঙ্গে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক খবরের কাগজকে বলেন, ‘আইনশৃঙ্খলা খাত একটি রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এ খাতের আধুনিকায়ন, প্রশিক্ষণসহ কাজের ধারাগুলো চলমান বা গতিশীল প্রক্রিয়া। ফলে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য সব সময় সময়োপযোগী আর্থিক বাজেট হওয়া প্রয়োজন। পাশাপাশি কোন কোন বিষয়ে কেমন অর্থ লাগবে, সেটিও সুনির্দিষ্টকরণের মাধ্যমে বাস্তবায়ন করা উচিত। যেহেতু আধুনিক দেশগুলো নানা প্রযুক্তি-সরঞ্জামের মাধ্যমে এই ধরনের বাহিনীগুলোকে এগিয়ে নিচ্ছে, সে ক্ষেত্রে আমাদেরও উচিত সে রকম বাস্তবসম্মত বাজেট প্রণয়ন করা।’

গ্রাহকের ব্যানারে আন্দোলনে ইসলামী ব্যাংকের কর্মকর্তারা

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৮:৫৭ এএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ০৯:১২ এএম
গ্রাহকের ব্যানারে আন্দোলনে ইসলামী ব্যাংকের কর্মকর্তারা
‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে গ্রাহক পরিচয়ে আন্দোলনে যুক্ত হয়েছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তারা। (বাঁ থেকে) ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলছেন এক কর্মকর্তা, ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে আন্দোলন করছেন ব্যাংকটির কর্মকর্তা মো. আকমাম হোসাইন এবং কর্মকর্তা আবুল আজাদ। ছবি: খবরের কাগজ

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের বিরুদ্ধে চলমান আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে ইসলামী ব্যাংক বাংলাদেশের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তারা ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে গ্রাহক পরিচয়ে আন্দোলনে যুক্ত হয়েছেন। এদের মধ্যে কেউ প্রকাশ্য কর্মসূচিতে অংশ নিয়েছেন, আবার কেউ আন্দোলনকারীদের গোপনে সমর্থন দিচ্ছেন। এর মধ্য দিয়ে তারা ব্যাংকের চাকরিবিধি, মানবসম্পদ নীতিমালা এবং পেশাগত আচরণবিষয়ক নির্দেশনা লঙ্ঘন করছেন। ইসলামী ব্যাংকের সর্বশেষ সার্কুলারে কর্মকর্তা-কর্মচারীদের কর্মক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারত্ব বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়। তা না মানলে উপযুক্ত শাস্তির আওতায় আনার বিষয়েও হুঁশিয়ারি দেওয়া হয়।

ব্যাংকটির একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপকালে তারা জানান, সচেতন গ্রাহকের ফোরামের সঙ্গে ব্যাংকটির অনেক কর্মকর্তাও আন্দোলনে নেমেছেন। কেউ কেউ আন্দোলনকারীদের গোপনে সমর্থন দিচ্ছেন। আবার কেউ কেউ প্রকাশ্যে এসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ ধরনের কিছু ভিডিও ভাসছে। প্রকাশ্যে আন্দোলনে নেমেছেন ব্যাংকটির কর্মকর্তা আবুল আজাদ, মোহাম্মদ আকমাম হোসাইন, সিবিএ নেতা আনিসুর  রহমানসহ অনেকেই। একটি ছবিতে দেখা যায়, ‘ইসলামী ব্যাংকের আঙিনায় খুরশীদের ঠাঁই নাই।’ এ রকম একটি ফেস্টুন নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে সড়কে দাঁড়িয়েছেন চকমোগলটুলি শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবুল আজাদ। 

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে। তার নিয়োগ বাতিলের দাবিতে সচেতন গ্রাহক ফোরাম আন্দোলনে নেমেছে। আরেকটি ভিডিওতে দেখা যায়, ইসলামী ব্যাংকের বোর্ড রুমে তালা দিয়েছেন কিছু কর্মকর্তা। আন্দোলনকারীদের পক্ষ থেকে তালা দেওয়ার কথা উল্লেখ করে শরীরে একবিন্দু রক্ত থাকা পর্যন্ত রাষ্ট্রীয় যত শক্তি ব্যবহার করুক না কেন? জীবনবাজি রেখে তা পাহারা দেওয়ার ঘোষণা দেন। 

ব্যাংকটির একাধিক কর্মকর্তা-কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে খবরের কাগজকে জানান, তালা দেওয়ার ঘটনাটি ঘটিয়েছেন আবুল আজাদ এবং ব্যাংকটির সিবিএ নেতা ও ইলেকট্রিশিয়ান আনিসুর রহমান।

অপরদিকে সচেতন গ্রাহক ফোরামের সঙ্গে সরাসরি আন্দোলনে দেখা গেছে, ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আকমাম হোসাইনকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া আরেক ছবিতে দেখা যায়, ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেনের সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলছেন ব্যাংকটির কর্মকর্তা কামরুল হাসান বাবলু। তার পাশে রয়েছেন বিএম আনোয়ারসহ কয়েকজন কর্মকর্তা।

খবরের কাগজের পক্ষ থেকে ফোন করা হলে অভিযোগের বিষয়ে মো. আকমাম হোসাইন কথা বলতে রাজি হননি। আবুল আজাদ এবং আনিসুর রহমানকে ফোনে পাওয়া যায়নি।

একাধিক কর্মকর্তা খবরের কাগজকে জানান, ইসলামী ব্যাংকের ২০২৫ সালের ২৮ ডিসেম্বরের সার্কুলার লেটার নং: এইচ আর ডব্লিউ/৩০৪৬-তে কর্মকর্তা-কর্মচারীদের কর্মক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারত্ব বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়। তাতে বলা হয়, এ বিষয়ে ইতোপূর্বে ইস্যুকৃত ইনস্ট্রাকশন সার্কুলার নং এইচ আর ডি/১৩০২, তারিখ ১৯-০২-২০১৩, ইনস্ট্রাকশন সার্কুলার নং এইচ আর ডব্লিউ/১৫৯৬, তারিখ ১০-০৪-২০১৮, ইনস্ট্রাকশন সার্কুলার নং এইচ আর ডি/৮৯৯৭, তারিখ ২৪-০৫-২০১৮, সার্কুলার নং এইচ আর ডি/২০১৪/৫৪৯৭, তারিখ ০৬-০২-২০১৪, সার্কুলার নং এইচ আর ডি/২০১৬/৬৯৮৩, তারিখ ১২-০৫-২০১৬, সার্কুলার নং এইচ আর ডব্লিউ/৮১৫৩, তারিখ ০৫-০৯-২০১৭-এ জারিকৃত সার্কুলারসমূহে ব্যাংকের সব স্তরের নির্বাহী কর্মকর্তা-কর্মচারীকে সর্বাবস্থায় সর্বোচ্চ পেশাদারত্ব বজায় রেখে সামাজিক যোগাযোগমাধ্যম যেমন–ফেসবুক/টুইটার/ই-মেইল ইত্যাদিতে কোনো প্রকার দলীয় পক্ষপাতমূলক বা বিতর্কিত মন্তব্য প্রদান বা প্রচার করা থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়। 

এ বিষয়ে ব্যাংকের মানবসম্পদ নীতিমালার অধ্যায় ৬-এ অন্তর্ভুক্ত ‘জেনারেল কনডাক্ট অ্যান্ড ডিসিপ্লিন পলিসি’র ৩ নং ধারা, শিরোনাম ‘রাজনীতি, নির্বাচন ইত্যাদিতে অংশগ্রহণে নিষেধাজ্ঞা’-এর প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করা হয়। যাতে বলা হয়, কোনো কর্মকর্তা-কর্মচারী সরাসরি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন না। তবে ভোট দিতে পারবেন। কোনো উপদলীয় মতবাদ প্রচার করবেন না অথবা এ রকম কোনো উপদলীয় বিতর্কে অংশ নেবেন না অথবা উপদলীয় কোনো স্বজনপ্রীতিতে আসক্ত হবেন না, যেটা দায়িত্ব পালনে তার নিষ্ঠাকে ব্যাহত করবে অথবা ব্যাংকের প্রশাসনকে অস্বস্তিতে ফেলে দেবে অথবা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষের ভেতরে অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টির সম্ভাবনা থাকবে। সংকীর্ণতা, স্বজনপ্রীতি, দলীয়করণ এবং ইচ্ছাকৃতভাবে অফিসের অপব্যবহার করা যাবে না। ব্যাংকের সর্বস্তরের নির্বাহী কর্মকর্তা-কর্মচারীদের যেকোনো পরিস্থিতিতে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হওয়া বা সাম্প্রদায়িক বিরোধে অংশগ্রহণ করা থেকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়। নির্দেশনার কোনো ব্যত্যয় ঘটলে তা ব্যাংকের মানবসম্পদ নীতিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে বলে উল্লেখ করা হয়। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম কাওছার আলম এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. এম কামাল উদ্দীন জসিম স্বাক্ষরিত সার্কুলারে এই নির্দেশনা দেওয়া হয়। 

একাধিক ব্যাংকার খবরের কাগজকে জানান, দেশের প্রাইভেট ব্যাংকগুলো যেখানে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত এবং নির্দেশনা মেনে চলছে, সেখানে ইসলামী ব্যাংকের কিছু কর্মকর্তা গ্রাহক সেজে আন্দোলনে নেমেছেন–এটা শাস্তিযোগ্য অপরাধ হওয়া সত্ত্বেও ব্যাংক তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

এ বিষয়ে কথা বলার জন্য ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. কামাল উদ্দিন জসিমের মোবাইলে ফোন করা হলে তিনি রিসিভ করেননি। ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেনও ফোন রিসিভ করেননি।

যত আক্রোশ মুক্তিযুদ্ধে

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৮:০৯ এএম
যত আক্রোশ মুক্তিযুদ্ধে
খবরের কাগজ ইনফোগ্রাফ

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের স্বাধীনতার অন্যতম স্মারক, ঐতিহাসিক স্বাধীনতা জাদুঘর এখন এক পরিত্যক্ত ধ্বংসস্তূপ। যে ভূগর্ভস্থ জাদুঘরে একসময়ে ৭ মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধের ২৬ হাজার ঘটনার আলোকচিত্র, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের রেপ্লিকা, ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত বাঙালি জাতির সংগ্রামের ইতিহাস সাজানো ছিল–সেই জাদুঘর এখন পোড়া গন্ধ, ভাঙা কাচ আর অন্ধকারে ডুবে থাকা এক নীরব ধ্বংসাবশেষ। জাদুঘরটির পোড়া দেয়াল আর ভাঙা কাচের নিচে চাপা পড়ে আছে একটি জাতির স্মৃতি, ইতিহাস, গর্ব, আভিজাত্য-অহংকার।

  • ৪৭ মাস ধরে তালাবদ্ধ স্বাধীনতা জাদুঘর, সংস্কারে কর্তৃপক্ষের উদাসীনতা
  • এই জাদুঘরটি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ও পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ঐতিহাসিক স্থানের নিচেই ধ্বংসস্তূপ; ৬৭ একর জায়গায় প্রকল্পটিতে রাষ্ট্রের ব্যয় ছিল প্রায় ১৭৫ কোটি টাকা 
  • রাষ্ট্রের আর্থিক ক্ষতি ৫-১০ কোটি টাকা, পূর্ণাঙ্গ সংস্কারে সম্ভাব্য ব্যয় ২০ কোটি টাকারও বেশি
  • ‘জুলাই আন্দোলনকে সমর্থন করেছি, কিন্তু ইতিহাসের ওপর এ ধরনের ধ্বংস মেনে নিতে পারিনি। মনে হয়েছে হামলাকারীদের যত রাগ মুক্তিযুদ্ধের ওপর’: দর্শনার্থী

২০২৪ সালের ৫ আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর নজিরবিহীন হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় এই জাদুঘরের কোনো ছবি, ভাস্কর্য কিংবা নিদর্শন অক্ষত নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অথচ ঘটনার ৪৭ মাস পেরিয়ে গেলেও জাদুঘরটি সংস্কারের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই, একটিমাত্র মামলার অগ্রগতিও থমকে আছে। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি বরাদ্দ ও সিদ্ধান্ত ছাড়া জাদুঘরটি পুনরায় সংস্কার ও চালু করা সম্ভব নয়। ফলে বাংলাদেশের জন্মের ইতিহাস ধারণ করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই স্থাপনার ভবিষ্যৎ এখন নির্ভর করছে–এই স্মৃতিস্মারক রক্ষায় বর্তমান সরকারের রাজনৈতিক সদিচ্ছা ও সিদ্ধান্তের ওপর।

রাজধানীর প্রাণকেন্দ্র সোহরাওয়ার্দী উদ্যানের যে স্থানটিতে ১৯৭১ সালের ৭ মার্চ জাতির উদ্দেশে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৬ ডিসেম্বর যেখানে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল, ঠিক সেই ইতিহাসের কেন্দ্রস্থলেই নির্মিত হয়েছিল স্বাধীনতা জাদুঘর।

২০১৫ সালের ২৫ মার্চ উদ্বোধন হওয়া এই জাদুঘর ছিল দেশের প্রথম ভূগর্ভস্থ জাদুঘর। প্রায় ৬৭ একর এলাকাজুড়ে নির্মিত পুরো প্রকল্পের ব্যয় ছিল প্রায় ১৭৫ কোটি টাকা। জাদুঘরটিকে অনেকেই বলতেন বাংলাদেশের জন্মের ইতিহাস জানার ‘ওয়ান স্টপ সেন্টার’। কারণ এখানে মুঘল আমল থেকে ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, ৭ মার্চের ভাষণ, গণহত্যা, শরণার্থী জীবন, সেক্টর কমান্ডারদের যুদ্ধ, আত্মসমর্পণ–সবকিছুর ধারাবাহিক উপস্থাপন করা ছিল।

এই জাদুঘরে ছিল ‘স্বাধীনতা স্তম্ভ’, ‘শিখা চিরন্তন’, জলাধার, ম্যুরাল, মিলনায়তন এবং মুক্তিযুদ্ধভিত্তিক প্রদর্শনী গ্যালারি। এসব গ্যালারিতে একাত্তরের ২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত মুক্তিযুদ্ধের প্রায় ২৬ হাজার ঘটনার আলোকচিত্র প্রদর্শিত ছিল। এর মধ্যে ১৪৪টি কাচের প্যানেলে ছিল তিন শতাধিক ঐতিহাসিক আলোকচিত্র। আরও ছিল মুক্তিযুদ্ধের পক্ষে বিদেশি সংবাদপত্রের কাটিং, পোস্টার, টেরাকোটা ম্যুরাল, যুদ্ধের নিদর্শন এবং আত্মসমর্পণের টেবিলের প্রতিকৃতি। কিন্তু দীর্ঘদিন ধরে সেই গ্যালারিগুলো অন্ধকারাচ্ছন্ন, জাদুঘরটির পরতে পরতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ৫ আগস্টের ধ্বংসযজ্ঞের ভাঙা পোড়া স্মৃতিচিহ্ন।

৫ আগস্ট ২০২৪: হামলা, লুটপাট, অগ্নিসংযোগ

জাদুঘর কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের দিন বিকেলে স্বাধীনতা জাদুঘরে সংঘবদ্ধভাবে পরিকল্পিত হামলা চালানো হয়। গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালানো হয়। 

এ বিষয়ে স্বাধীনতা জাদুঘরের পরিচালক মো. গোলাম কাউছার খবরের কাগজকে বলেন, ‘এখানকার গ্যালারিগুলোতে থাকা কোনো নিদর্শনই অক্ষত নেই। প্রদর্শিত আলোকচিত্রগুলোর ডিসপ্লে, টিভি মনিটর, সাউন্ড সিস্টেম, চেয়ার, ফ্যান, বৈদ্যুতিক সরঞ্জাম, এমনকি পানির পাম্প, বিদ্যুতের তার পর্যন্ত খুলে নিয়ে যাওয়া হয়েছে। জাদুঘরের ভেতর একটি নিদর্শনও আগের জায়গায় নেই। জাদুঘরটির বাইরে থাকা প্রাচীরে স্থাপিত ঐতিহাসিক ভাস্কর্যগুলোও ভেঙে ফেলা হয়েছে। এ ছাড়া ভাঙচুর করা অনেক জিনিসে ভেতর ও বাইরে আগুনে দেওয়া হয়। 

স্বাধীনতা জাদুঘর এলাকায় গিয়ে কথা হয় সেই দিনের ঘটনার সাক্ষী পিডব্লিউডির এক কার্য সহকারীর (নাম প্রকাশে অনিচ্ছুক) সঙ্গে। তিনি বলেন, ‘হামলাকারীরা শুধু ভাঙচুরই করেনি, বরং জাদুঘরের ভেতরে থাকা বিভিন্ন সামগ্রী টেনে বের করে এনে আগুনে পুড়িয়ে দেয়। সেই আগুন জাদুঘরের বিভিন্ন অংশে টানা দুদিন পর্যন্ত জ্বলেছে। তিনি আরও জানান, হামলার সময় তাকে মারধরের চেষ্টাও করা হয়। পরে নিজেকে স্থানীয় লোক পরিচয় দেওয়ার পর রক্ষা পান। সেই সময়ের ভিডিও ফুটেজ রয়েছে বলেও তিনি দাবি করেছেন।

যত আক্রোশ যেন মুক্তিযুদ্ধের ওপর

সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘরের বর্তমান ধ্বংসস্তূপের নীরব সাক্ষী মুক্তিযোদ্ধা মনসুর ঘরামি (৭৫)। একাত্তরে ৯ নম্বর সেক্টরের হেমায়েত বাহিনীর এই যোদ্ধার সার্টিফিকেট নেই। তিনি উদ্যান এলাকায় ভাঙারি কুড়িয়ে জীবিকা নির্বাহ করেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে জাদুঘরের বর্তমান অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি খবরের কাগজকে বলেন, ‘৭ মার্চের ভাষণ থেইকা মুক্তিযুদ্ধের ছবি, যা কিছু আছিল সব লুট কইরা নিয়া গেছে। সেই দিনের পর থাইকা এটা বন্ধ। আর খোলে নাই।’ কথা বলতে বলতে আবেগাপ্লুত হয়ে পড়েন এই মুক্তিযোদ্ধা। তিনি বলেন, ‘আমরা যুদ্ধ করছি দেশ বাঁচাইতে, টাকার জন্য না। এই রকম বাংলাদেশ তো চাই নাই।’

তার মতো অনেকেই মনে করছেন, হামলাটি শুধু একটি স্থাপনার ওপর ছিল না; এটি ছিল মুক্তিযুদ্ধের স্মৃতি, ইতিহাস ও প্রতীকগুলোর ওপর আঘাত। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মৌটুসী ইসলাম বলেন, ‘এই জাদুঘরে আমি একবার গিয়েছি। এ দেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের সার্বিক চিত্র এর ভেতরে সাজানো ছিল; যা আমাদের জন্য লেসন। অথচ বাংলাদেশের জন্মের ইতিহাস-ঐতিহ্যের ওপর সারা দেশে যে আঘাত ২৪-এ আমরা ঘটতে দেখেছি সেটা অপ্রত্যাশিত। জুলাইকে আমিও সমর্থন করেছি। কিন্তু এ ধরনের ধ্বংস মেনে নিতে পারিনি। আমি আশা করি, বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার স্বাধীনতা জাদুঘরসহ ধ্বংসের শিকার জাদুঘরগুলো সংস্কার করে আবার চালু করার উদ্যোগ নেবে।’

স্বাধীনতা জাদুঘর এলাকায় দীর্ঘদিন যাতায়াতকারী বেসরকারি চাকরিজীবী মোবাশ্বের আলম (৫৬) বলেন, ‘বিগত দিনে কত আন্দোলন-সংগ্রাম দেখেছি। সরকার বদল হতেও দেখেছি। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ দেশের জন্মের ইতিহাস-ঐতিহ্যের ওপর যে ধরনের আঘাত ও ধ্বংসলীলা চালানো হয়েছে; সে ধরনের ঘটনা আগে আমরা দেখিনি। মনে হয়েছে হামলাকারীদের যত রাগ মুক্তিযুদ্ধের ওপর! এ ধরনের সন্ত্রাসী সব কর্মকাণ্ড দমনে তৎকালীন অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ মনে করছি। বর্তমান সরকারের কাছে আমার আবেদন, অনেক রক্তের বিনিময়ে জয় করা এ দেশের ইতিহাস-ঐতিহ্যের ওপর আর কোনো আঘাত যেন না আসে।’

সংস্কার ও মামলার অগ্রগতি নেই

স্বাধীনতা জাদুঘরের পরিচালক গোলাম কাউছার বলেন, ‘এটি কোনো ব্যক্তির জাদুঘর নয়, এটি বাংলাদেশের স্বাধীনতার জাদুঘর। তাই নতুন করে গবেষণা ও পরিকল্পনার মাধ্যমে আবার দাঁড় করাতে হবে। ফলে এটি শুধু সংস্কারের বিষয় নয়; পুরো উপস্থাপনাই নতুনভাবে ভাবতে হবে। কারণ আগের ডিসপ্লেগুলো ধ্বংস হয়ে যাওয়ায় নতুন করে আলোকচিত্র, দলিল, কিউরেশন এবং প্রদর্শনী পরিকল্পনা করতে হবে।’ তিনি জানান, এতে সময় ও বড় অঙ্কের অর্থ লাগবে। সরাসরি ক্ষতির পরিমাণ ৫ থেকে ১০ কোটি টাকা হলেও পূর্ণাঙ্গ পুনর্নির্মাণে ২০ কোটি টাকার বেশি ব্যয় হতে পারে।

মামলা প্রসঙ্গে গোলাম কাউছার জানান, স্বাধীনতা জাদুঘরের চারটি মুক্তিযুদ্ধকালীন অস্ত্রও লুট হয়ে যায়। পরে লুট হওয়া অস্ত্র ও ভাঙচুরের ঘটনায় শাহবাগ থানায় মামলা করা হয়। বিভিন্ন স্থানে অস্ত্র উদ্ধারের খবর পাওয়া গেলেও সেগুলোর সঙ্গে জাদুঘরের অস্ত্রের মিল পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি। এদিকে সংশ্লিষ্ট থানায় খোঁজ নিয়ে মামলার কোনো অগ্রগতি জানা যায়নি। 

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ঘটনার পর একটি মামলা হলেও এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য তদন্ত অগ্রগতি, চার্জশিট বা গ্রেপ্তারের তথ্য প্রকাশ হয়নি। এ নিয়ে সমালোচনা রয়েছে সাংস্কৃতিক অঙ্গনেও। অনেকেই প্রশ্ন তুলছেন– বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসবাহী একটি রাষ্ট্রীয় স্থাপনায় এমন হামলার পরও কেন তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই? 

৪৭ মাসেও নেই সংস্কারের উদ্যোগ

ঘটনার পর ৪৭ মাস পেরিয়ে গেলেও জাদুঘরটি এখনো বন্ধ। ভেতরে নেই বিদ্যুৎ সংযোগ। পোড়া দেয়াল, ভাঙা কাচ, ক্ষতিগ্রস্ত ম্যুরাল, গ্যালারিগুলোসহ জাদুঘরের গোটা এলাকা অন্ধকারাচ্ছন্ন। 

জাদুঘরটি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব খবরের কাগজকে বলেন, ‘জাদুঘরের ভেতরে আর কিছু অবশিষ্ট নেই। সব ভাঙা হয়েছে। তবে ১৯৭১-কে বাদ দিয়ে আমরা কিছুই করতে পারব না। খুবই যত্ন করে নতুন আঙ্গিকে স্বাধীনতা জাদুঘর আবার তুলে ধরা হবে। নতুনভাবে ডিসপ্লে, কিউরেশন এবং দর্শনার্থীদের জন্য উপযোগী পরিবেশ তৈরির লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামী অর্থবছরে বরাদ্দ পাওয়া গেলে সংস্কারকাজ শুরু করা সম্ভব হতে পারে।’

খোঁজ নিয়ে জানা গেছে, জাদুঘরটি সংস্কারের কোনো পরিকল্পনা সরকারের নেই। পিডব্লিউডির সংশ্লিষ্ট কর্মকর্তারাও জানিয়েছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা জাদুঘর কর্তৃপক্ষের কাছ থেকে তারা এখনো আনুষ্ঠানিক নির্দেশনা পাননি।

স্বাধীনতা জাদুঘরের বর্তমান ভগ্নদশা শুধু একটি রাষ্ট্রীয় স্থাপনার ক্ষয়ক্ষতি নয়; এটি রাষ্ট্রের স্মৃতি সংরক্ষণ, রাজনৈতিক সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধের উত্তরাধিকার রক্ষার প্রশ্নও সামনে এনেছে। প্রশ্ন উঠেছে–দেশের ইতিহাস-ঐতিহ্য রক্ষার দায় কি এড়াতে পারে রাষ্ট্র? এ প্রসঙ্গে লেখক ও মুক্তিযুদ্ধ গবেষক সালেক খোকন বলেছেন, ‘ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। পরবর্তী প্রজন্ম প্রকৃত ইতিহাস খুঁজে বের করবেই। কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ রাষ্ট্রের একটি মীমাংসিত সত্য। সেটিতে কারও হাত দেওয়া উচিত নয়।’

রাজধানীবাসীকে ফেরাতে সিটি বাসও গেছে ঢাকার বাইরে

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৮:৩০ এএম
রাজধানীবাসীকে ফেরাতে সিটি বাসও গেছে ঢাকার বাইরে
এভাবেই গাড়ির জন্য অপেক্ষা করছিলেন যাত্রীরা। ছবি: খবরের কাগজ

গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল সকাল থেকে। তা উপেক্ষা করেই শহরতলির উদ্দেশে যাত্রা করেছিলেন রাজধানীর হাতিরপুল এলাকার বাসিন্দা ফাতেমা কাউসার। কারওয়ান বাজার মোড়ে ঘণ্টা দেড়েক অপেক্ষার পরে কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশে বাসের দেখা পান। কিন্তু সেই বাসে ওঠার জো নেই, বাদুরঝোলা হয়ে গন্তব্যে ছুটছেন অনেক যাত্রী। সাভারের রেডিও কলোনি যেতে ফাতেমাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হয়।

এই চিত্র গতকাল শুক্রবার সকাল ১০টার। ফাতেমার মতো আরও অনেক যাত্রীকে গতকাল রাজধানীর বিভিন্ন গন্তব্যে যেতে ভোগান্তি পোহাতে হয়েছে। বিশেষ করে সাভার-নবীনগর, উত্তরা, টঙ্গী-কামারপাড়া, গাজীপুরসহ শহরতলির বিভিন্ন এলাকায় যেতে যাত্রীদের বেশ ভোগান্তি পোহাতে হয়েছে।

রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, প্রগতি সরণি, মানিক মিয়া অ্যাভিনিউ, মিরপুর রোড, বিমানবন্দর সড়ক ঘুরে খবরের কাগজের প্রতিনিধিরা দুর্ভোগের চিত্র দেখেছেন।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদুল আজহার পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এখনো বন্ধ থাকায় রাজধানীবাসীর ‘বড় অংশ’ রয়ে গেছে ঢাকার বাইরে। ৭ জুন থেকে সেই প্রতিষ্ঠানগুলো খুলবে। তাই আজ শনিবার রাজধানীমুখী যাত্রীদের ঢল দেখা যাবে। তাদের ঢাকায় ফিরিয়ে আনতে সিটি বাসগুলোও বিভিন্ন গন্তব্যে গেছে।

খবরের কাগজের একজন প্রতিবেদক বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বাংলামোটর থেকে সাভারগামী ওয়েলকাম পরিবহনের বাসে উঠেন। সেই বাসে পা ফেলার জায়গাও ছিল না। পথে যেতে যেতে কথা হয় ষাটোর্ধ্ব একজন যাত্রীর সঙ্গে।

তিনি জানান, নোয়াখালীর সোনাপুর থেকে বেলা সাড়ে ৯টার দিকে তিনি গুলিস্তান এসে পৌঁছান। সাভারগামী বাসের জন্য অপেক্ষা করতে হয়েছে দেড় ঘণ্টারও বেশি সময় ধরে। আরেকজন নারী যাত্রী বলেন, ‘জাতীয় প্রেস ক্লাব থেকে অনেকটা জোর করে বাসে উঠেছি। বাসে সিট ছিল না বলে নারী যাত্রীদের উঠাতে চাইছিল না হেল্পার।’

ওই বাসে আসন না পেয়ে নারী যাত্রী দাঁড়িয়েই যাচ্ছিলেন হেমায়েতপুরে। বাসটির হেল্পার মিল্টন বলেন, ‘ঈদের পরে অনেক যাত্রীই তো রইয়া গেছে বাড়ি। তারা তো ফিরে নাই। আজকের (শুক্রবার) রাতের পরে তারা সবাই ফিরতে শুরু করবে। তাদের আনতে টাউন সার্ভিসের বাসগুলো বিভিন্ন গন্তব্যে গেছে।’

রাজশাহীর আলোকচিত্রী রায়হান বিশ্বাস গতকাল ঢাকায় এসেছেন জরুরি কাজে। তিনি জানান, সিরাজগঞ্জের এলেঙ্গার মোড়ে তিনি ঢাকার সিটি সার্ভিসের বেশ কয়েকটি মিনিবাসে ঢাকামুখী যাত্রী দেখেছেন। ঠাকুরগাঁও থেকে রাজধানীতে ফেরার পথে ঢাকা-রংপুর মহাসড়কে ঢাকার ‘টাউন সার্ভিস’ বাস দেখার কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাসেল রহমান। পথে-পথে সেসব বাস বিকল হয়ে থাকার কথাও জানান তিনি।

তাদের কথার সত্যতা পাওয়া যায় শুক্রবার বেলা ২টার দিকে। ঢাকা-আরিচা মহাসড়কেও টাউন সার্ভিসগুলো গেটলক হয়ে রাজধানীর দিকে ফিরছিল। সাভার পরিবহন, সেলফি, মিরপুর লিঙ্ক, রাজধানী, নীলাচল নামের বেসরকারি বাসগুলো তো বটেই;  এমনকি শহরতলি রুটে চলাচল করা বিআরটিসির এসি বাসও দূরপাল্লায় যাত্রী পরিবহন করছে।

এসব বাসে ঢাকায় ফিরতে যাত্রীদের দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে। ঈদের ফিরতি যাত্রার দ্বিতীয় পর্বে এসব অনিয়ম দেখার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বা হাইওয়ে পুলিশের কোনো অভিযান নজরে পড়েনি বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

এ বিষয়ে জানতে চাইলে বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) এবং ঢাকা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির (আরটিসি) সদস্য সচিব শহিদুল ইসলামকে ফোন করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। বার্তা পেয়েও সাড়া দেননি হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি দেলোয়ার হোসেন মিঞা।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জুবায়ের মাসুদ খবরের কাগজকে বলেন, ‘ঈদের ছুটিতে এখনো যারা বাড়ি রয়ে গেছেন, তাদের ঢাকায় ফিরিয়ে আনতে দূরপাল্লার বাস পর্যাপ্ত নয়। তাই ঢাকার ভেতরে চলাচল করা অনেক বাস সুযোগ বুঝে দূরপাল্লার রুটে গেছে।

আরটিসির নিয়ম অনুযায়ী এসব বাস দূরপাল্লার রুটে চলাচলের অনুমতি পায় না। কিন্তু প্রশাসনের চোখে ধুলা দিয়ে অনেক মালিক বাস দূরের জেলায় পাঠিয়েছেন। এখন স্থানীয় প্রশাসনও নীরব। কারণ, বাসগুলো তো যাত্রী পরিষেবা দিচ্ছে। আমরাও সমিতিতে আলোচনা করেছি, এসব বাস দূরপাল্লার রুটের জন্য মোটেও উপযুক্ত নয়।’

রাজধানীর ভেতরে বা শহরতলিতে চলাচল করা অধিকাংশ বাসের ফিটনেস নেই, চালকদেরও ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় না। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান জানান, ঈদযাত্রা বা ফিরতি যাত্রায় ঢাকার এসব টাউন বাসই দুর্ঘটনা ও যানজটের কারণ।

পরিবহন নিরাপত্তা বিশেষজ্ঞ বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক আসিফ রায়হান খবরের কাগজকে বলেন, ‘যদিও দুই চালকেরই ভারী যান পরিচালনার লাইসেন্স থাকে, কিন্তু ইন্টারসিটি চালক হুট করে মহাসড়কে নেমে এলে সেই সড়কের চরিত্র বুঝতে পারবেন না। দুই ধরনের সড়কের চরিত্র ভিন্ন। হুট করে চালকের যানবাহনের ধরন (ট্রান্সপোর্ট মুড) পরিবর্তন হলে বিপদের সমূহ শঙ্কা থাকে।’

প্রান্তিক ধাপের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের সুবিধা পাবেন না বস্তিবাসী

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৩:৪১ পিএম
প্রান্তিক ধাপের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের সুবিধা পাবেন না বস্তিবাসী
আবাসিকের প্রান্তিক ও প্রথম ধাপের গ্রাহকদের জন্য বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিইআরসি

সরকার গত বুধবার বিদ্যুতের দাম বাড়িয়েছে। নতুন দাম নির্ধারণের এক দিনের মাথায় বৃহস্পতিবার (৪ জুন) আবাসিকের প্রান্তিক ও প্রথম ধাপের গ্রাহকদের জন্য মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। শূন্য থেকে ৫০ ইউনিট ব্যবহারকারী (লাইফলাইন) প্রান্তিক গ্রাহক এবং শূন্য থেকে ৭৫ ইউনিট ব্যবহারকারী প্রথম ধাপের আবাসিক গ্রাহকদের বিদ্যুতের দাম আগের হারেই থাকছে। এই সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বিইআরসি।

তবে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রত্যন্ত অঞ্চলে নিম্ন আয়ের বা বসতিতে বসবাস করা গ্রাহকরাও এই সুবিধা পাবেন না। কারণ তারা পরিবার নিয়ে কমপক্ষে দুটি ঘরে বসবাস করেন। অন্ধকার এড়াতে ও একটু স্বস্তি পেতে দুটি ফ্যান, দুটি লাইট, একটি টিভি ও একটি ফ্রিজ ব্যবহার করেন। এতে মাসে ৩০ কিলোওয়াট বিদ্যুতের ব্যবহার হয়, যা কমপক্ষে ১৯২ ইউনিটে গিয়ে দাঁড়াবে। এই পরিমাণ বিদ্যুৎ ব্যবহারের খরচ ১ হাজার টাকা ছাড়িয়ে যাবে।

ডিপিডিসির এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গতকাল খবরের কাগজকে বলেন, ‘মানুষ অনেক বিলাসী হয়ে গেছেন। কাজেই যে মানুষটি বসতিতে থাকেন বা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করেন তিনিও দুটি রুম নিয়ে থাকেন। পরিবারের একটু স্বস্তির জন্য দুটি ফ্যান ব্যবহার করেন। ফ্রিজ ব্যবহার করেন। অধিকাংশ পরিবার সারা দিন টিভি দেখে। কাজেই পুরো মাসে এসব পরিবারে ৩০ কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার হতেই পারে। এই বিদ্যুৎ ব্যবহার করলে মাসে ৭৫ ইউনিটের বেশি বিল আসবে। এ জন্য তাকে প্রতি মাসে ৭০০ থেকে ১ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে।’

বিইআরসির সিদ্ধান্ত অনুযায়ী, প্রান্তিক গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ৬৩ পয়সা এবং প্রথম ধাপের গ্রাহকদের প্রতি ইউনিট ৫ টাকা ২৬ পয়সা বহাল থাকবে। জুন থেকে এ হার কার্যকর হবে। এর আগে গত বুধবার বিইআরসি খুচরা বিদ্যুতের যে নতুন মূল্যহার ঘোষণা করেছিল, সেখানে প্রান্তিক গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা এবং প্রথম ধাপের গ্রাহকদের জন্য ৫ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ১৮ পয়সা নির্ধারণ করা হয়। সে হিসাবে প্রান্তিক গ্রাহকদের ইউনিটপ্রতি ৬৯ পয়সা এবং প্রথম ধাপের গ্রাহকদের ৯২ পয়সা বেশি গুনতে হতো।

বিইআরসি জানায়, বুধবার জারি করা আদেশে নির্ধারিত এ দুই শ্রেণির মূল্যহার পুনর্বিবেচনার জন্য ৪ জুন বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলো আবেদন করে। পরে শুনানি শেষে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ধারা ২২(খ) ও ৩৪ এবং বিদ্যুৎ বিতরণ (খুচরা) ট্যারিফ প্রবিধানমালার বিধান অনুযায়ী বর্ধিত মূল্যহার কার্যকর না করে আগের মূল্যহার বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রান্তিক ও প্রথম ধাপের গ্রাহকদের জন্য বর্ধিত মূল্যহার প্রত্যাহারের ফলে বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোর আয় কমবে। সেই ঘাটতি সরকারকে অতিরিক্ত ভর্তুকি দিয়ে সমন্বয় করতে হবে। তবে বুধবার জারি করা খুচরা বিদ্যুতের নতুন দাম-সংক্রান্ত আদেশের অন্য সব অংশ অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বিইআরসি। এর ফলে ৭৬ থেকে ২০০ ইউনিট, ২০১ থেকে ৩০০ ইউনিট, ৩০১ থেকে ৪০০ ইউনিট, ৪০১ থেকে ৬০০ ইউনিট এবং ৬০০ ইউনিটের বেশি ব্যবহারকারী আবাসিক গ্রাহকদের জন্য ঘোষিত নতুন মূল্যহার বহাল থাকছে। শিল্প, বাণিজ্যিক, সেচ ও অন্যান্য গ্রাহক শ্রেণির ক্ষেত্রেও নতুন দামে কোনো পরিবর্তন আনা হয়নি।

বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোর প্রস্তাবের ওপর গত ২০ ও ২১ মে গণশুনানি করে বিইআরসি। পরে বুধবার বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা মূল্যহার পুনর্নির্ধারণ করা হয়। সেখানে বেশি ইউনিট ব্যবহারকারীদের মতো আবাসিক গ্রাহকদের সব স্তরেই দাম বাড়ানো হয়েছিল। তবে প্রান্তিক ও প্রথম ধাপের গ্রাহকদের বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে আলোচনা শুরু হলে এই দুই শ্রেণির বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। তার পরও নিম্ন আয়ের গ্রাহকরা সেই সুবিধা পাবেন না। কারণ সারা দেশে অধিকাংশ গ্রাহকের বিদ্যুৎ বিল আসে ৫০ থেকে ৭৫ ইউনিটের।