বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের আগুনে ঘি ঢালতে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সক্রিয় হচ্ছে ওশেনিয়া অঞ্চলের আবহাওয়ার বিপজ্জনক ধাপ ‘এল নিনো’। প্রশান্ত মহাসাগরের তলদেশ থেকে উঠে আসা এই উষ্ণ জলরাশি এবার ‘সুপার এল নিনো’ বা ইতিহাসের অন্যতম শক্তিশালী রূপ নিতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)।
বৈশ্বিক এই মহাবিপর্যয়ের সমান্তরালে জনসংখ্যা বৃদ্ধি, নির্বিচারে বন উজাড় ও জলাশয় ভরাটের মতো আত্মঘাতী কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ আবহাওয়া, জনস্বাস্থ্য ও অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে যাচ্ছে বলে পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা।
ডব্লিউএমওর সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ২০২৬ সালের বাকি সময়জুড়ে (নভেম্বর পর্যন্ত) এই এল নিনো প্রবল শক্তিশালী থাকবে, যার ফলে জুন থেকে আগস্ট পর্যন্ত বিশ্বের অধিকাংশ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে চরম তাপমাত্রা বিরাজ করবে। তবে ডব্লিউএমওর তীব্র সতর্কতার বিপরীতে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর ও জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক জলবায়ু চক্রের চেয়েও দেশের ভেতরের মানবসৃষ্ট স্থানীয় বিপর্যয়গুলোই এই দাবদাহকে মানুষের সহ্যক্ষমতার বাইরে নিয়ে যাচ্ছে।
দেশে চলমান তীব্র তাপপ্রবাহ ও আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তনের পেছনে বৈশ্বিক কারণগুলোর চেয়ে স্থানীয় কারণ তথা জনসংখ্যা বৃদ্ধি, নির্বিচারে বন উজাড় ও জলাশয় ভরাটকেই প্রধান দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
দেশের আবহাওয়া ও অর্থনীতির ওপর তাপপ্রবাহের প্রভাব নিয়ে গতকাল খবরের কাগজের সঙ্গে কথা বলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির। অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানিয়েছেন, বৈশ্বিক ‘এল নিনো’র প্রভাবে দেশে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে।
স্থানীয় কারণ ও ‘হিট আইল্যান্ড’ সংকট
অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, ‘বর্তমানে ঋতুগত পরিবর্তন অনেক বেশি চরম রূপ ধারণ করেছে। এর পেছনে বৈশ্বিক কারণ থাকলেও বাংলাদেশের জন্য স্থানীয় কারণগুলোই বড় সংকট।’ তিনি জানান, গত ৩০ বছরে বিশ্বের জনসংখ্যা প্রায় ৩০০ কোটি বেড়েছে। এই বিপুল জনগোষ্ঠীর আবাসন ও শিল্পায়নের জন্য নির্বিচারে বনাঞ্চল ধ্বংস করায় স্থানীয় তাপমাত্রা নিয়ন্ত্রণকারী ‘মাইক্রো ক্লাইমেট’ হারিয়ে গেছে।
রাজধানী ঢাকার উদাহরণ দিয়ে তিনি বলেন, ঢাকা এখন একটি ‘হিট আইল্যান্ড’ বা তাপদ্বীপে পরিণত হয়েছে। পুরো শহর কংক্রিটে ঢেকে যাওয়ায় এবং জলাশয় না থাকায় দিনের বেলা এগুলো মরুভূমির মতো তাপ শুষে রাখছে। ফলে থার্মোমিটারে তাপমাত্রা ৩৩-৩৫ ডিগ্রি হলেও বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে ‘ফিলিং টেম্পারেচার’ বা অনুভূত তাপমাত্রা ৪৫ ডিগ্রির মতো দেখায়, যা মানুষের সহ্যক্ষমতার বাইরে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির বলেন, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় মানুষ অনবরত ঘামছেন এবং গরম বেশি অনুভূত হচ্ছে। এর ফলে মেগাসিটির বস্তিবাসী ও রিকশাচালক, হকার বা দিনমজুরের মতো শ্রমজীবী মানুষের ভোগান্তি বহুগুণ বেড়ে গেছে।
তবে চলতি বছরের আবহাওয়াকে পুরোপুরি ‘অস্বাভাবিক’ বলতে নারাজ অধ্যাপক কবির। তার মতে, এপ্রিল-মে মাসে তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে অনুভূত হওয়া আমাদের দেশের স্বাভাবিক বৈশিষ্ট্য।
তবে এবারের ব্যতিক্রম ছিল বৃষ্টির ধরনে–জুনের বর্ষা শুরুর আগেই গভীর রাত বা ভোরে কালবৈশাখীর কারণে গ্রীষ্মের নির্ধারিত ১৫ শতাংশ বৃষ্টির কোটা ইতোমধ্যে ২০ শতাংশ ছাড়িয়েছে। জুনের দ্বিতীয় সপ্তাহে বর্ষা শুরু হলে এই গরমের চক্র কেটে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অর্থনীতি ও কৃষিতে দ্বিমুখী আঘাত
তাপপ্রবাহের অর্থনৈতিক প্রভাব সম্পর্কে ড. নজরুল ইসলাম বলেন, এই পরিস্থিতি দেশের কৃষি ও শিল্প খাতকে সরাসরি ক্ষতিগ্রস্ত করছে। আগে কেবল দেশের উত্তর-পশ্চিমাঞ্চল খরাপ্রবণ থাকলেও এখন মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলেও প্রচণ্ড গরম পড়ছে, যা সামগ্রিক কৃষি উৎপাদনশীলতা কমিয়ে দিচ্ছে।
তীব্র গরমের কারণে এসি ও ফ্যানের ব্যবহার বাড়ায় বিদ্যুতের ঘাটতি ও লোডশেডিং হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে গার্মেন্টসসহ বিভিন্ন শিল্পকারখানার উৎপাদনের ওপর।
অধ্যাপক হুমায়ুন কবিরও এই অর্থনৈতিক বিপর্যয় নিয়ে সতর্ক করে বলেন, ‘দেশের একটি বড় অংশ অনানুষ্ঠানিক খাতের ওপর নির্ভরশীল। তীব্র গরমে শ্রমজীবী মানুষ অসুস্থ হলে তাদের আয় বন্ধ হয়ে যায়, যা অর্থনীতিতে বড় ক্ষতি ডেকে আনে।’
কৃষি খাতের বিষয়ে তিনি বলেন, অনাবৃষ্টির হাত থেকে ফসল বাঁচাতে কৃষকরা এখন ব্যাপকভাবে গভীর নলকূপ ব্যবহার করছেন। এতে সরাসরি উৎপাদন হয়তো ব্যাহত হচ্ছে না, তবে ভূগর্ভস্থ পানির স্তর মারাত্মকভাবে নিচে নেমে যাচ্ছে এবং সেচ দিতে গিয়ে কৃষকের উৎপাদন খরচও বৃদ্ধি পাচ্ছে।
এল নিনোর প্রভাবে কমতে পারে বৃষ্টি: আবহাওয়া অধিদপ্তর
‘এল নিনো’র কারণে বাংলাদেশে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত কিছুটা কম হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম গতকাল খবরের কাগজকে বলেন, ‘এল নিনো পরিস্থিতির কারণে দেশে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়, যার ফলে তাপমাত্রা বৃদ্ধি পায়। তবে বৃষ্টিপাত একেবারে বন্ধ হবে না, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকবে।’
তিনি উদাহরণ দিয়ে বলেন, কোনো নির্দিষ্ট সময়ে দেশে স্বাভাবিকভাবে ১০০০ মিলিমিটার বৃষ্টিপাত প্রত্যাশা করা হলে এল নিনোর প্রভাবে তা হয়তো ৮০০ বা ৯০০ মিলিমিটার হতে পারে।’
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই বায়ুমণ্ডলীয় চক্রকে আবহাওয়াবিজ্ঞানের ভাষায় ‘এনসো’ বলা হয়। এর তিনটি ধাপ রয়েছে। শাহিনুল ইসলাম বলেন, ‘এল নিনো সক্রিয় থাকলে বাংলাদেশে বৃষ্টিপাত কমে লা নিনা সক্রিয় থাকলে স্বাভাবিকের চেয়ে প্রচুর বৃষ্টি হয় এবং নিউট্রাল বা নিরপেক্ষ অবস্থায় বৃষ্টিপাতের পরিমাণ একদম স্বাভাবিক থাকে।’