সন হিউং-মিন দীর্ঘ এক দশক ধরে খেলছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেহ্যামে। সেই যাত্রার এবার ইতি টানার ঘোষণা দিয়েছেন দক্ষিণ কোরিয়ান এই ফুটবলার।
নতুন মৌসুম শুরুর আগেই লিলিহোয়াইটদের বিদায়ের ঘোষণা দিয়েছেন মৌসুম শেষেই।
স্বদেশী ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে প্রাক-মৌসুমের ম্যাচের আগে সংবাদ সম্মেলন শুরু আগেই এই ঘোষণা দেন তিনি, ‘সংবাদ সম্মেলন শুরু করার আগে আমি বলতে চাই এই গ্রীষ্মে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। ক্লাবও যথাযোগ্য সম্মান দেখিয়ে আমাকে এই সিদ্ধান্তে সহায়তা করছে।’
দীর্ঘদিন কোনো ক্লাবে খেলার পর সেটি ছাড়ার সিদ্ধান্ত মোটেও সহজ নয়। সনের জন্যেও বিষয়টা তেমনই। এই কারণেই তিনি ক্লাব ছাড়ার বিষয়টিকে ‘ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’ বলে আখ্যা দিয়েছেন।
সন আরও বলেন, ‘ক্যারিয়ারকে পরের ধাপে নিয়ে যেতে আমি নতুন পরিবেশে যেতে চাই। সামান্য পরিবর্তন দরকার—১০ বছর অনেক দীর্ঘ সময়। আমি যখন উত্তর লন্ডনে এসেছিলাম, তখন আমি মাত্র ২৩ বছরের এক তরুণ ছিলাম। এখন আমি একজন পরিপক্ক মানুষ হিসেবে, গর্বিত একজন মানুষ হিসেবে ক্লাবটি ছেড়ে যাচ্ছি’-যোগ করেন ৩৩ বছর বয়সি এই ফুটবলার।
জার্মানির বায়ার লেভারকুজেন থেকে ২০১৫ সালে টটেনহ্যামে যোগ দেন এই এশিয়ান ফুটবলার। ইংলিশ ক্লাবটির হয়ে ৪৫৪ ম্যাচে ১৭৩ গোল করার পাশাপাশি করেছেন ১০১ গোলে সহায়তা। ২০২১-২২ মৌসুমে প্রিমিয়ার লিগে তিনি ও লিভারপুলের মো সালাহ দুজনেই ২৩টি করে গোল করে যুগ্ম সর্বোচ্চ গোলদাতা হন।
গত মে মাসে তার অধিনায়কত্বেই ইউরোপা লিগ শিরোপা জিতেছে টটেনহ্যাম। যা কিনা ক্লাবের হয়ে তার সেরা অর্জন। এর মাধ্যমে ১৭ বছরের ট্রফিখরা কাটার পাশাপাশি ৪১ বছর পর ক্লাবটি জেতে কোনো ইউরোপিয়ান শিরোপা।
নিউক্যাসলের পর আগামী ৭ আগস্ট বায়ার্ন মিউনিখের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে টটেনহ্যাম। এরপর ১৩ আগস্ট পিএসজির বিপক্ষে উয়েফা সুপার কাপে মুখোমুখি হবে দলটি। এই দুই ম্যাচে সন অংশ নেবেন কিনা তা নিয়ে এখনো কিছু জানা যায়নি।
শোনা যাচ্ছে মেজর লিগ সকারে যোগ দিতে যাচ্ছেন সনে। তাকে দলে ভেড়ানোর চেষ্টা করছে লস অ্যাঞ্জেলেস এফসি। ধারণা করা হচ্ছে, সুপার কাপ ম্যাচের আগেই টটেনহ্যামকে আনুষ্ঠানিকভাবে বিদায় বলে দেবেন সন।