মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপে। তারই ধারাবাহিকতায় নিরাপত্তা শঙ্কা এবং ভিসা জটিলতার কারণে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান ফুটবল দল।
ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানিয়েছেন, ফিফার অনুমোদন নিয়েই এই পরিবর্তন আনা হয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি ফিফা।
প্রথমে ইরানের বেস ক্যাম্প হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টাকসনে অবস্থিত কিনো স্পোর্টস কমপ্লেক্সে। কিন্তু মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং নিরাপত্তা পরিস্থিতি সেই পরিকল্পনায় অনিশ্চয়তা তৈরি করে। এর সঙ্গে যুক্ত হয় যুক্তরাষ্ট্রের ভিসা সমস্যাও। ইরানি কর্মকর্তারা এর আগে জানিয়েছিলেন, দলের খেলোয়াড় ও স্টাফরা এখনো মার্কিন ভিসা পাননি।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইরানের ক্যাম্প হবে মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিহুয়ানায়। প্রশান্ত মহাসাগরের তীরবর্তী এই শহর যুক্তরাষ্ট্রের খুব কাছাকাছি হওয়ায় ম্যাচ খেলতে যাতায়াতও তুলনামূলক সহজ হবে। একই সঙ্গে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে ভিসা-সংক্রান্ত জটিলতাও কমতে পারে বলে মনে করছে ইরান ফুটবল ফেডারেশন।
২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘জি’তে রয়েছে ইরান। তাদের প্রথম দুই ম্যাচ লস অ্যাঞ্জেলসে: ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে। এরপর ২৬ জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হবে দলটি।
অনিক/