ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি) প্রথমবারের মতো নেপালের উদ্দেশ্যে ‘ভারত গৌরব’ পর্যটক ট্রেন চালু করতে যাচ্ছে। এই বিশেষ ট্রেনের মাধ্যমে ভ্রমণকারীরা প্রতিবেশী দেশ নেপালের গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ও দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ পাবেন।
‘পশুপতিনাথ নেপাল দর্শন যাত্রা’ নামের বিশেষ এই ট্রেনটি আগামী ১২ জুন ভারতের ইন্দোর থেকে যাত্রা শুরু করবে। এটি হবে ভারতের সীমানার বাইরে পরিচালিত প্রথম ‘ভারত গৌরব’ ট্রেন।
আইআরসিটিসি জানায়, এটি সাধারণ ট্রেনসেবা নয়; বরং সম্পূর্ণ গাইডেড ট্যুরিজম প্যাকেজ হিসেবে পরিকল্পনা করা হয়েছে। ভ্রমণসূচিতে রেলযাত্রার পাশাপাশি হোটেলে থাকা, দর্শনীয় স্থান ভ্রমণ, স্থানীয় পরিবহন এবং খাবারের ব্যবস্থাও অন্তর্ভুক্ত থাকবে।
এই যাত্রায় নেপালের বিখ্যাত পশুপতিনাথ মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় ও পর্যটনকেন্দ্র ঘুরে দেখানো হবে। ফলে এটি তীর্থযাত্রীদের পাশাপাশি অবকাশযাপনপ্রেমী ভ্রমণকারীদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করছে আইআরসিটিসি।
ভারত সরকারের ‘ভারত গৌরব’ উদ্যোগের আওতায় এর আগে দেশের বিভিন্ন ঐতিহাসিক ও ধর্মীয় গন্তব্যে বিশেষ পর্যটক ট্রেন পরিচালনা করলেও, এই প্রথম আন্তর্জাতিক রুটে সেই পরিষেবা চালু হতে যাচ্ছে।
ট্রেনটি কোন কোন গন্তব্যে যাবে?
নয় রাত ও দশ দিনের এই সফরটি যাত্রীদের নেপালের কয়েকটি জনপ্রিয় আধ্যাত্মিক ও পর্যটন কেন্দ্রে নিয়ে যাবে। ভ্রমণসূচিতে অন্তর্ভুক্ত স্থানগুলো হলো:
কাঠমান্ডু, পশুপতিনাথ মন্দির, পোখারা, চিতওয়ান জাতীয় উদ্যান, মনকামনা মন্দির।
আইআরসিটিসি-র মতে, এই প্যাকেজে মনকামনা মন্দিরে রোপওয়ে যাত্রা এবং চিতওয়ান জাতীয় উদ্যানের ভেতরে জিপ সাফারিও অন্তর্ভুক্ত রয়েছে।
মধ্যপ্রদেশ জুড়ে বোর্ডিং পয়েন্ট
যাত্রীরা মধ্যপ্রদেশ জুড়ে একাধিক স্টেশন থেকে ভারত গৌরব ট্রেনে উঠতে পারবেন, যার মধ্যে রয়েছে- ইন্দোর, উজ্জয়িন, সুজলপুর, সিহোর, ভোপাল, ইটারসি, নরসিংহপুর, জবলপুর, কাটনি ও সাতনা।
ডিলাক্স এসি ট্যুরিস্ট ট্রেনটিতে ফার্স্ট এসি, সেকেন্ড এসি এবং থার্ড এসি ক্যাটাগরির ১৪টি কোচ থাকবে। যাত্রাপথে খাবারের সুবিধার জন্য আইআরসিটিসি ট্রেনটিতে দুটি রেস্তোরাঁ কোচেরও ব্যবস্থা করেছে।
ভাড়া এবং এর মধ্যে কী কী অন্তর্ভুক্ত আছে
ট্যুর প্যাকেজটিকে তিনটি বিভাগে ভাগ করা হয়েছে।
থার্ড এসি কমফোর্ট: জনপ্রতি ৬২ হাজার ৭১০ টাকা
সেকেন্ড এসি ডিলাক্স: জনপ্রতি ৭৬ হাজার ৫৫০ টাকা
ফার্স্ট এসি সুপিরিয়র: জনপ্রতি ৯০ হাজার ৪০০ টাকা
প্যাকেজে যা থাকছে
ট্রেন ভ্রমণ, তিন তারকা হোটেলে থাকার ব্যবস্থা, নিরামিষ খাবার, শীতাতপ নিয়ন্ত্রিত বাসে স্থানীয় দর্শনীয় স্থান ভ্রমণ এবং যাতায়াত, ভ্রমণ বীমা, ভ্রমণ সঙ্গী এবং গৃহস্থালি ও নিরাপত্তা পরিষেবা।
কীভাবে বুক করবেন
ভারত গৌরব ট্রেনের বুকিং আইআরসিটিসির অফিসিয়াল পর্যটন ওয়েবসাইটের মাধ্যমে করা যাবে। যাত্রীরা ভ্রমণসূচি, বুকিংমানি এবং বোর্ডিং প্রক্রিয়া সম্পর্কিত অতিরিক্ত তথ্যের জন্য আইআরসিটিসি-র আঞ্চলিক অফিসগুলিতেও যোগাযোগ করতে পারেন।
তবে, এই পর্যটন ট্রেনে বিদেশি যাত্রীরা ভ্রমণ করতে পারবেন কি-না, তা উল্লেখ করা হয়নি। সূত্র: এনডিটিভি
অমিয়/



