কাক শব্দ কানে এলে প্রথমেই আমাদের মনে পড়ে কালো রঙের কথা। কারণ সচরাচর আমরা কালো কাক দেখতে পাই। আমাদের চারপাশে দুই রকম কাকের বিচরণ এবং ওড়াওড়ি দেখা যায়। এগুলো হলো দাঁড়কাক এবং পাতিকাক।
কাক সাধারণত ৪০ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। এদের ইংরেজি নাম Jungle Crow ও House Crow.
প্রকৃতি সর্বদাই মানুষকে চমকে দিয়েছে তার ভেতরে থাকা বিভিন্ন বিস্ময়কর অস্তিত্বের মাধ্যমে। তেমনিভাবে কালো কাকের বিপরীতে সাদা কাকও আমাদের চমকে দিয়েছে ভীষণভাবে।
সাধারণত কাকের রং গাঢ় কালো হয়। এটি তাদের পরিচিতি এবং স্বাভাবিক জিনগত বৈশিষ্ট্য। তবে কিছু কাকের মধ্যে জন্মগতভাবে এক ধরনের জিনগত পরিবর্তন দেখা যায়, যাকে বলে অ্যালবিনিজম বা লিউসিজম। এটি এমন একটি অবস্থা যেখানে শরীরে মেলানিন নামক রঞ্জকের অভাবে ঘটে। অ্যালবিনিজম হলে তাদের পালক সাদা, চোখ গোলাপি বা লালচে এবং চামড়া অনেকটা ফ্যাকাশে হয়। অন্যদিকে লিউসিজমে শরীরের কিছু অংশে বা পুরো শরীরের রং-ই হালকা বা সাদা হয়ে যায়, কিন্তু চোখের রং সাধারণই থাকে। সাধারণত এ অবস্থাতেই জন্ম নেয় সাদা কাক। এটি Albino Crow নামেও পরিচিত।
বাংলা প্রবাদে ‘সাদা কাক’ শব্দটি ব্যবহার করা হয় অসম্ভব বা অত্যন্ত বিরল কোনো কিছুর ইঙ্গিত দিতে। বিরল প্রজাতির এই Albino Crow বা সাদা কাক উত্তর আমেরিকা (কানেকটিকাট, নিউইয়র্ক, ওহাইও ইত্যাদি) এবং বিশ্বের অন্যান্য অংশে যেমন- বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ইউরোপ ইত্যাদি দেশেও দেখা মেলে।
২০২১ সালে চট্টগ্রামের ফটিকছড়িতে দেখা গিয়েছিল এমন একটি সাদা কাক, যা নিয়ে স্থানীয়দের মাঝে সৃষ্টি হয়েছিল বিপুল কৌতূহলের। এ ছাড়া কক্সবাজারসহ আরও কয়েকটি এলাকায় এর আগে সাদা কাক দেখা গেছে। এটা আমাদের কালো পাতিকাকেরই প্রজাতি।
অ্যালবিনিজম একটি বিরল জিনগত বৈশিষ্ট্য। যা যেকোনো প্রাণীর মাঝেই দেখা যেতে পারে। বিরল হওয়ার কারণে একদিকে এরা যেমন মানুষের কৌতূহল আর ভালো লাগার বিষয়ে পরিণত হয়, অন্যদিকে এদের অস্তিত্ব হুমকির দিকে ধাবিত হয়। ব্যতিক্রমধর্মী হওয়ার কারণে শিকারিদের নজরে পড়ে। আবার স্বজাতিদের কাছেও হেনস্তার শিকার হতে হয় তাদের।
কালো কাককে বলা হয় প্রকৃতির ঝাড়ুদার। সেই সঙ্গে এটি অশুভ বার্তার প্রতীক হিসেবে পরিচিত। তেমনি সাদা কাককে কেউ অশুভ মনে করেন আবার কেউ সৌভাগ্যের প্রতীক মনে করেন। মূলত এসবই প্রচলিত কুসংস্কার। প্রকৃতপক্ষে জিনগত বৈশিষ্ট্যের তারতম্যের কারণে এমন হয়।
প্রতীক হোক বা বৈজ্ঞানিক কৌতূহল- সাদা কাক প্রমাণ করে, প্রকৃতি সব সময় আমাদের অবাক করার ক্ষমতা রাখে। ব্যতিক্রমধর্মী যেকোনো কিছুই মানুষের মনে আগ্রহ ও কৌতূহলের জন্ম দেয়। সাদা কাক নিয়ে মানুষের কৌতূহলের কারণ মূলত এটাই।
তারেক
.jpg)
.jpg)