নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম সাজিদকে আটক করে প্রশাসনের হাতে তুলে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল। শুক্রবার (৫ জুলাই) তার বিয়ে হওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ থেকে তাকে আটক করা হয়।
শরিফুল একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিভাগের ছাত্রলীগের সেক্রেটারি। সাজিদের বাড়ি গোপালগঞ্জ সদরের ব্যাংকপাড়া এলাকায়।
জানা যায়, শরিফুল বিভাগে রিটেক পরীক্ষার জন্য আবেদন করতে গিয়েছিলেন। এ সময় ছাত্রদলের নেতারা খবর পেয়ে তাকে আটক করেন। তার সঙ্গে ছাত্রদল নেতাদের হাতাহাতিও হয়।
জানা গেছে, সূত্রাপুর থানায় তার নামে একটি মামলা ছিল। পরে তাকে আটক করা হলে চলতি বছরের ফেব্রুয়ারিতে জামিনে মুক্তি পান। বর্তমানে তিনি জামিনে আছেন।
তবে ছাত্রদল নেতাদের অভিযোগ, পরিকল্পনা করেই ক্যাম্পাসে প্রবেশ করেছে শরিফুল ইসলাম। বুধবার (২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সাজিদ ইসলাম’ নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করে লেখা হয়- ‘কাল থেকে একদল তরুণের প্রবেশ হবে যাদের হারানোর কিছুই নেই, না একটা গোঁছানো রুম, না সম্মান, না বন্ধু, না কোনো আপনজন, না সার্টিফিকেট। কিছুই নাই, নাই ভয়, নাই লজ্জা, নাই আবেগ, নাই দরদ। তারা হবে নির্ভিক, তারা হবে ভয়ংকর সুন্দর!!!’
তবে এই পোস্ট সম্পর্কে সাজিদ জানান, ‘আইডিটি আমার নয়। আমি এমন কোনো পোস্ট করিনি। আগামীকাল আমার বিয়ে, তাই আগামী সপ্তাহে আসতে পারব না বলে আজ এসেছি। আমি এসেছিলাম রিটেক পরীক্ষার জন্য আবেদন করতে।’
ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসান সজীব বলেন, ‘আমরা খবর পাই সাজিদ ক্যাম্পাসে প্রবেশ করেছে। পরে আমরা সেখানে তাকে ধরতে যাই, যেখানে আমাদের সঙ্গে তার এবং তার কয়েকজন সহপাঠীর ধস্তাধস্তি হয়। তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।’
এ বিষয়ে ছাত্রদলের আরেক যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সময়ে তারা আমাদের ওপর নির্মম জুলুম-নির্যাতন করেছে। আমাদের বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ডে ঘণ্টার পর ঘণ্টা আটকে রেখে নির্যাতন করেছে। তার উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে প্রশাসনকে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, ‘আমরা তদন্ত করে দেখব, তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না। যদি থাকে, তাহলে তাকে প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। আর যদি না থাকে, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
মুজাহিদ/পপি/