চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেল থেকে সদস্য পদে নির্বাচিত আকাশ দাশের এক বিতর্কিত ফেসবুক পোস্ট বিশ্ববিদ্যালয়জুড়ে সমালোচনা ও আন্দোলনের জন্ম দিয়েছে।
বুধবার (২২ অক্টোবর) নবনির্বাচিত সদস্যদের গেজেট প্রকাশের পর বৃহস্পতিবার শপথগ্রহণ অনুষ্ঠানের আগে সামাজিক মাধ্যমে আকাশ দাশের মন্তব্য ভাইরাল হলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়ায়। তিনি লিখেছিলেন, ‘একটা মেয়েকে জোরপূর্বক ঘর থেকে তুলে ধর্ষণ করা যায় না যদি না তার আগ্রহ থাকে।’
এই মন্তব্য শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে। অনেকেই আকাশ দাশের চাকসু সদস্য পদ বাতিলের দাবি জানান। আলাওল হল, স্যার এফ রহমান হল ও নবাব ফয়জুন্নেসা হলের নবনির্বাচিত প্রতিনিধিরা আন্দোলনে যোগ দেন এবং শপথগ্রহণে অংশ না নেওয়ার ঘোষণা দেন।
ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় ও জিএস প্রার্থী মোহাম্মদ শাফায়াতও আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, আকাশ দাশের মন্তব্য নারী সমাজকে অবমাননাকর ও ধর্ষণকে প্রশ্রয় দেয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পরে আকাশ দাশ এক পোস্টে বলেন, অসুস্থ অবস্থায় অজান্তে মন্তব্যটি করেছেন এবং এজন্য দুঃখ প্রকাশ করেছেন। উল্লেখ্য, আকাশ দাশ সনাতন ধর্মাবলম্বী ও দৃষ্টি প্রতিবন্ধী এবং শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হয়ে চাকসু সদস্য পদে আসীন হন।
আল আরাফ/রিফাত/