সারাদেশের সব শিক্ষা বোর্ডের মধ্যে এবার এইচএসসিতে সবচেয়ে কম পাসের হার কুমিল্লা বোর্ডে। এই বোর্ডে এবার পাসের হার মাত্র ৪৮ দশমিক ৮৬ শতাংশ। যেখানে এই বোর্ডের অধীন লক্ষ্মীপুর জেলার প্রত্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান ‘ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি’র এবারের পাসের হার ৯৬.৪১ শতাংশ। এক কথায় পাসের হার বোর্ডের প্রায় দ্বিগুণ।
জেলা সদর নয়, উপজেলা শহরও নয়; প্রত্যন্ত গ্রামের এই শিক্ষাপ্রতিষ্ঠানের ফল বরাবরই অসাধারণ। সারাদেশে ফল বিপর্যয়ের মধ্যেও তা অব্যাহত থাকা এবং বোর্ডের তুলনায় পাসের হার প্রায় দ্বিগুণ হওয়ার পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ আহমেদ ভূইয়া ও অধ্যক্ষ খন্দকার আব্দুল মান্নানের সঙ্গে খবরের কাগজের কথা হয়। বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভূইয়া বলেন, সাধারণত ভালো শিক্ষকরা গ্রামে এসে থাকতে চান না। আমরা সব সময় শিক্ষকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে সচেষ্ট। আমরা শিক্ষকদের সরকারি স্কেলে বেতন-ভাতা দিয়ে থাকি। আবাসিক শিক্ষকদের বিদ্যুৎ বিল ছাড়া অন্য কোনো বিল দিতে হয় না। বেসরকারি প্রতিষ্ঠান হলেও ‘প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি’ সুবিধা আছে আমাদের এখানে।
জানা গেছে, ফরিদ আহমেদ ভূইয়া স্থানীয় দল্টা কলেজ ও লামনগর একাডেমিসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
অজপাড়াগায়ের প্রতিষ্ঠান এত ভালো ফল করার পরও ‘ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি’র অধ্যক্ষ খন্দকার আব্দুল মান্নান বলেন, এবারের ফলাফলে মন খারাপ হয়ে গেল। কারণ আমাদের প্রথম ব্যাচ এইচএসসি পরীক্ষা দেয় ২০১৯ সালে। প্রথমবার থেকে প্রতিবছরই আমাদের পাসের হার ছিল শতভাগ। কিন্তু এবার পাস করেছে ৯৬ শতাংশের একটু বেশি।
শিক্ষা পদ্ধতি প্রসঙ্গে জানতে চাইলে অধ্যক্ষ বলেন, প্রথমত আমাদের এখানে কোনোরকম কোনো রাজনীতির চর্চা নেই। ধূমপান নেই। কলেজে মোবাইল ফোন নিয়ে আসা যায় না। আমরা ক্যাডেট কলেজের আদলে পড়াশোনা করাই। আবাসিক শিক্ষার্থীদের সবাইকে মাগরিবের নামাজের পরপরই পড়তে বসতে হয়। উপরের ক্লাস সাড়ে তিন ঘণ্টা, আর নিচের ক্লাসে যারা, তাদেরকে সন্ধ্যায় বসে তিন ঘণ্টা পড়াশোনা করতে হয়। আবার উপরের ক্লাসের শিক্ষার্থীদের কক্ষে রাত সাড়ে ১১টায় বৈদ্যুতিক বাতি নিভে যায়। আর নিচের ক্লাসের শিক্ষার্থীদের কক্ষে বাতি নিভে যায় রাত ১১টায়। কোনো শিক্ষার্থীর কোনো বিষয়ে কোনো সমস্যা হলে শিক্ষক তাকে নিয়ে আলাদা বসে বিষয়টি বুঝিয়ে দেন।
প্রসঙ্গত ২০১৭ সালে যাত্রা শুরু করে আহমেদ আব্দুর রহমান ট্রাস্টের শিক্ষাপ্রতিষ্ঠান ‘ফরিদ আহমেদ ভূইয়া’ একাডেমি। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার প্রত্যন্ত উদয়পুর গ্রামে প্রতিষ্ঠা করা হয় এই শিক্ষাপ্রতিষ্ঠান।