লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জের মেঘনা বাজার এলাকায় পূর্বশত্রুতার জেরে গভীর রাতে প্রতিপক্ষের দায়ের কোপে জ্যোৎস্না আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্বামী আলাউদ্দিন (৩৬)। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার (১৪ এপ্রিল) রাত আড়াইটার দিকে নুরুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ও আহত স্বামী-স্ত্রী দুজনের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
আহত আলাউদ্দিন মৃত শাহে আলমের ছেলে।
অভিযুক্তরা হলেন- একই এলাকার বকুলের বাপের বাড়ির আবদুর রবের ছেলে সিরাজ, মাহফুজ ও নিজাম। তারা সম্পর্কে আলাউদ্দিনের খালাতো ভাই।
আহত আলাউদ্দিনের মামা নুরুল হক ও স্বজনরা জানান, রমজান মাসে আলাউদ্দিনের বসতঘরের পাশের একটি পুকুরে ড্রেজিং করে মাটি নিয়ে যায় অভিযুক্ত সিরাজ। এরপর গেল সপ্তাহে ওই পুকুরে আবারও পানি নিষ্কাশনের জন্য সেচ পাম্প বসায় সিরাজ। এতে বাড়িঘর পুকুরে ভেঙে যাওয়ার আশঙ্কায় বাধা দিলে আলাউদ্দিনের সঙ্গে সিরাজের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এতে ক্ষিপ্ত হয় সিরাজ।
এই বিরোধের জেরে রবিবার রাত ২টার দিকে আলাউদ্দিনের ঘরে হামলা চালায় সিরাজ, মাহফুজ ও নিজামসহ ১৫ জনের একটি সংঘবদ্ধ দল। এ সময় দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আলাউদ্দিন ও তার স্ত্রীকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক জ্যোৎস্না বেগমকে মৃত ঘোষণা করেন। আলাউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এ কে আজাদ জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আলাউদ্দিনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার খবরের কাগজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রফিকুল ইসলাম/জোবাইদা/অমিয়/