বান্দরবানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সহযোগী সন্দেহে গ্রেপ্তার ৩০ কারাবন্দিকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়েছে।
শনিবার (২৯ জুন) সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বান্দরবান কারাগার থেকে তাদের চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়।
বান্দরবান জেলা কারাগারের সুপার জান্নাত উল ফরহাদ খবরের কাগজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বান্দরবান কারাগারে জায়গা সংকটের কারণে কারাবন্দি কেএনএফ সদস্যদের চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়েছে।
জানা যায়, রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, ১৪টি অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় বান্দরবান কারাগারে বন্দি কেএনএফ সদস্যদের মধ্যে আজ ৩০ জনকে দুটি ভ্যানে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়েছে।
গত ১১ জুন কেএনএফের ৩১ কারাবন্দিকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছিল। এ ছাড়া গত ২ এপ্রিল রাতে সোনালী ব্যাংক রুমা শাখায় হামলা, পুলিশ-আনসারের অস্ত্র লুট ও ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে। এসব ঘটনায় রুমা থানায় ১৪টি, থানচি থানায় চারটি, বান্দরবান সদর থানায় একটি, রোয়াংছড়ি থানায় তিনটিসহ মোট ২২টি মামলা হয়।
এসব মামলায় যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের ১১০ সন্দেহভাজনকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
রিজভী রাহাত/ইসরাত চৈতী/অমিয়/