সম্প্রতি ঢাকার ধামরাই থানার আওতাধীন এলাকায় বেশ কয়েকটি হত্যাকাণ্ডসহ ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে গত পাঁচ মাস ধরে থানায় তদন্ত কর্মকর্তার পদ শূন্য থাকায় বিভিন্ন মামলার তদন্ত বিলম্বিত হচ্ছে। সেবাপ্রার্থীরা সময়মতো কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না।
তদন্ত কর্মকর্তা হিসেবে শেষ দায়িত্ব পালন করেন মোখলেছুর রহমান। তিনি গত ৯ জানুয়ারি বদলি হয়ে যান। তার বিদায়ের পর এখন পর্যন্ত নতুন কোনো পরিদর্শক (তদন্ত) আসেননি। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সেবাপ্রার্থীদের সেবা দিতে বেগ পেতে হচ্ছে।
পুলিশ পরিদর্শকের (তদন্ত) কাজ অপরাধমূলক ঘটনার তদন্ত পরিচালনা করা। এর মধ্যে রয়েছে অভিযোগের সত্যতা যাচাই, সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ, ঘটনার পুনর্গঠন, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ এবং আদালতে অভিযোগপত্র দাখিল, তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণ করা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে নিয়মিত প্রতিবেদন পেশ করা।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘পুলিশ পরিদর্শকের (তদন্ত) বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। আশ্বাস দিলেও কোনো অফিসারকে এখনো দেননি।’
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, ‘আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাব। আশা করছি দ্রুতই একজন পরিদর্শককে তদন্ত পদে দেওয়া হবে।’