জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নোয়াখালী যাচ্ছেন আগামীকাল শুক্রবার। তার আগমনকে কেন্দ্র করে স্বাগত মিছিল করেছে দলটির জেলা শাখার নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টায় জেলা জামে মসজিদ চত্ত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলের নেতৃত্বে ছিলেন জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা আমির ও নোয়াখালী-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মো. ইসহাক খন্দকার। মিছিলে আরও উপস্থিত ছিলেন, জেলা সেক্রেটারি ও নোয়াখালী-৩ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা বোরহান উদ্দিনসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের সহস্ত্রাধিক নেতাকর্মী।
দলীয় সূত্রে জানা গেছে, ডা. শফিকুর রহমান শুক্রবার সকাল ১১টায় নোয়াখালী জিলা স্কুল মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এরআগে সকালে ফেনীতে এবং পরে লক্ষ্মীপুর ও কুমিল্লার লাকসামে, সন্ধ্যায় কুমিল্লা টাউন হল ময়দানে বিশাল জনসভায় ভাষণ দেবেন।
নোয়াখালীর জনসভায় ১১ দলীয় নির্বাচনি জোটের প্রার্থীরা ছাড়াও জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম বিল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগাহ, ডাকসুর ভিপি সাদিক কায়েম, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মুতাসিম বিল্লাহ শাহেদী, তথ্য সম্পাদক মুহাম্মাদ সায়েদ সুমনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।
বিকেল ৪টায় জিলা স্কুল মাঠে জেলা জামায়াতের সেক্রেটারি ও নোয়াখালী-৩ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, নোয়াখালী জনসভায় লক্ষাধিক লোকের জনসমাগম হবে। এজন্য আইনশৃঙ্খলা ঠিক রাখতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
মজনু/মাহফুজ