টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় নদীতে ভাসমান অবস্থায় সদ্য জন্ম নেওয়া দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া নবজাতকদের মধ্যে একজন ছেলে ও একজন মেয়ে শিশু ছিল। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৩ জুন) উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের ভেঙ্গুলা বাজার সংলগ্ন শ্মশানঘাট এলাকার নদীতে ভাসতে থাকা দুটি নবজাতকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা মরদেহ দুটি শ্মশানঘাটে রাখেন এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি হেফাজতে নেয়।
স্থানীয়দের ধারণা, নবজাতক দুটিকে জন্মের পর কোনো এক সময় নদীতে ফেলে দেওয়া হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করে। পরে বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় একটি কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। নবজাতকদের পরিচয় শনাক্ত এবং তাদের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
স্থানীয় সচেতন মহল এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে নবজাতক শিশুদের প্রতি এমন অমানবিক আচরণের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেছেন।
জুয়েল রানা/আজহার