রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় (স্কুল) খোলা না বন্ধ থাকবে, এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার (১২ মার্চ) আপিল বিভাগে শুনানি অনুষ্ঠিত হবে। তবে স্কুল বন্ধ রাখার হাইকোর্টের আদেশ, আপিল বিভাগ বহাল রাখায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মঙ্গলবার বন্ধ রাখতে হবে।
এ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের জানিয়েছেন, হাইকোর্ট স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছেন। চেম্বার আদালত এই আদেশ স্থগিত করেননি। মানে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন, তা এখনো বহাল। কাল শুনানির পর অন্য রকমের সিদ্ধান্ত হলে তা নির্বাহী বিভাগ বাস্তবায়ন করবে।
গতকাল রবিবার এক আদেশে রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেন হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। তবে হাইকোর্টের আদেশ স্থগিত করেননি আপিল বিভাগের চেম্বার জজ আদালত। চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে শুনানির জন্য মঙ্গলবার ধার্য করেছেন। ফলে আগামীকাল দিনের প্রথমভাগেই জানা যাবে রমজানে স্কুল বন্ধ থাকবে নাকি খোলাই থাকবে।
এদিকে সোমবার (১১ মার্চ) চেম্বার আদালতের আদেশের পর রাজধানীর বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান মঙ্গলবার পাঠদান বন্ধ রাখার নোটিশ দিয়েছে।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ মার্চ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় শ্রেণি পাঠদান বন্ধ থাকবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) কর্তৃক নির্দেশনা পাওয়া মাত্রই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
রাজধানীর উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ জহুরা বেগম খবরের কাগজকে বলেন, ‘আমাদের কাছে নির্দেশনা আসার কথা। কিন্তু আসেনি। আদালত যেভাবে বলেন, আমাদের সেভাবে করতে হবে।’
অন্যদিকে মঙ্গলবার স্কুল খোলা থাকার বিষয়টি এসএমএসের মাধ্যমে অভিভাবকদের জানিয়েছে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।
আদালতের নির্দেশনার বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আ ন ম শামসুল আলম খান খবরের কাগজকে বলেন, আদালতের বিষয়টি নিয়ে অনলাইনে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
অন্যদিকে মাউশির মাধ্যমিক উইংয়ের সহকারী পরিচালক এসএম জিয়াউল হায়দার হেনরী খবরের কাগজকে বলেন, ‘স্কুল বন্ধ বা খোলার বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের এখতিয়ার। আমরা নির্দেশনা পেলে বাস্তবায়ন করব।’