বিস্তৃত উত্তর প্রশ্ন
(গত ২২ ডিসেম্বর প্রকাশের পর)
প্রশ্ন: মহাবিশ্ব সম্পর্কে তোমার ধারণা লেখ।
উত্তর: চাঁদ, সূর্য, পৃথিবী এবং অন্যান্য গ্রহ, উপগ্রহ, নানা ধরনের বস্তু নিয়ে আমাদের সৌরজগৎ গঠিত। এই বিশাল সৌরজগৎ মহাবিশ্বের একটি সদস্য মাত্র। সূর্যের মতো অনেক নক্ষত্র মিলে যে বিশাল সমাবেশ তাকে গ্যালাক্সি বলে। আমাদের সৌরজগৎ যে গ্যালাক্সির সদস্য তাকে ছায়াপথ বলে। আমাদের সূর্য যেমন একটি নক্ষত্র, এমন অসংখ্য নক্ষত্র ছায়াপথে রয়েছে। বিপুলসংখ্যক গ্যালাক্সি ও এদের মধ্যবর্তী স্থান মিলে সৃষ্টি হয়েছে মহাবিশ্ব। মহাবিশ্ব যে কত বড় তা জানতে বিজ্ঞানীরা অনেক পরীক্ষা করেছেন।
প্রশ্ন: আহ্নিক গতি কাকে বলে?
উত্তর: পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে এবং নিজ অক্ষের ওপরও আবর্তন করে। পৃথিবী তার মেরুরেখার ওপর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। মেরুরেখার চারদিকে পৃথিবীর একবার ঘুরে আসতে সময় লাগে ২৪ ঘণ্টা বা এক দিন। পৃথিবীর এ গতির নাম আহ্নিক গতি। এ আবর্তনের সময় পৃথিবীর যে দিকটা সূর্যের দিকে মুখ করে থাকে সেই দিকটায় দিন এবং যে দিকটা উল্টো দিকে থাকে অর্থাৎ ছায়া পড়ে, সেই দিকটায় রাত হয়।
আরো পড়ুন : ১৫টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা, প্রাথমিকে মেধা যাচাই পরীক্ষার বিজ্ঞান, ১ম পর্ব
প্রশ্ন: ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো।
উত্তর: পৃথিবীর নিজস্ব কক্ষপথে ঘূর্ণন এবং সূর্যের দিকে হেলে থাকা অক্ষের কারণে ঋতু পরিবর্তন হয়। যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে পড়ে সে অংশে তখন গ্রীষ্ম ঋতু। এ সময় দক্ষিণ গোলার্ধে শীতকাল। আবার পৃথিবীর দক্ষিণ গোলার্ধ যখন সূর্যের দিকে হেলে থাকে তখন সে অংশে গ্রীষ্মকাল। অর্থাৎ তখন উত্তর গোলার্ধে শীতকাল।
প্রশ্ন: সূর্যকে পূর্ব থেকে পশ্চিম আকাশে চলমান মনে হয় কেন?
উত্তর: পৃথিবী সূর্যের একটি গ্রহ। এটি সূর্যের চার দিকে আবর্তনের সঙ্গে সঙ্গে নিজ অক্ষের ওপরও আবর্তন করছে। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ অক্ষের ওপর আবর্তন করছে। ফলে সকালে সূর্য পূর্ব দিকে উঠে এবং বিকেলে পশ্চিম দিকে অস্ত যায়। পৃথিবীর ঘূর্ণনের কারণেই এরূপ হয়। পৃথিবীর ঘূর্ণনের কারণে সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলমান বলে মনে হয়।
লেখক : সাবেক শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
কবীর