একজন মানুষের স্বপ্ন যখন জেদে রূপ নেয়, তখন কোনো বাধাই আর বাধা থাকে না। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ‘কুমার কল্যাণ’ এমনই এক নাম, যিনি অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। আমাদের সমাজে যেখানে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার বাইরে অন্য কিছু ভাবা বিলাসিতা ছিল, সেখানে তিনি শুধু তার কণ্ঠকে পুঁজি করে গড়ে তুলেছেন এক মজবুত ক্যারিয়ার। ধারাভাষ্যকার কুমার কল্যাণের সেই শূন্য থেকে শিখরে ওঠার গল্প ও তার অভিজ্ঞতালব্ধ পরামর্শ তুলে ধরেছেন ইকবাল মাহমুদ।
স্বপ্ন থেকে মাইক্রোফোনে
যশোরের মাটিতে অষ্টম শ্রেণিতে পড়ার সময়ই কুমার কল্যাণের মনে জন্ম নেয় ধারাভাষ্যকার হওয়ার স্বপ্ন, যখন তিনি রেডিওতে মোহনবাগান-ইস্টবেঙ্গল ডার্বির উত্তেজনাপূর্ণ ধারাভাষ্য শুনে মুগ্ধ হতেন। সেই অনুপ্রেরণা থেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই শুরু করেন অনুশীলন, আর প্রথম সুযোগ পান স্কুলের ‘হেমচন্দ্র পাল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে’। মাইক্রোফোন হাতে নেওয়ার পর আর থেমে থাকেননি–স্থানীয় ক্রীড়া সংগঠকদের সহযোগিতায় যশোর স্টেডিয়ামে ধারাভাষ্য দেওয়ার সুযোগ পেয়ে তার স্বপ্ন ধীরে ধীরে বাস্তবতায় রূপ নিতে শুরু করে।
অদম্য জেদ
কুমার কল্যাণের জীবনের টার্নিং পয়েন্ট ২০০৩ সাল। বাড়িতে বাধা ছিল, পরিবার চাইত না একমাত্র ছেলে ভবঘুরের মতো খেলার মাঠে পড়ে থাকুক। বাবা একবার আক্ষেপ করে বলেছিলেন, ‘খেলাধুলা কি তোকে খেতে দেবে?’ বাবার সেই কথাই সেদিন কল্যাণের মনে জেদ ধরিয়ে দিয়েছিল। পকেটে মাত্র ২৫০ টাকা আর এক বুক সাহস নিয়ে তিনি পাড়ি জমান ঢাকায়। উঠেছিলেন মামাতো বোনের বাসায়। সেখানে থেকে বহু কষ্টে খুঁজে বের করেন জনপ্রিয় ধারাভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহ শারাফাতকে।
অডিশনে প্রথম হয়েও বঞ্চনা
২০০৫ সালে বাংলাদেশ বেতারে ধারাভাষ্যকার নিয়োগের অডিশনে ৮৪ জনের মধ্যে প্রথম হয়েছিলেন কুমার কল্যাণ। অথচ অবাক করা বিষয় হলো, প্রথম হয়েও তিনি শুরুতে সুযোগ পাননি; সুযোগ পেয়েছিলেন দ্বিতীয় ও তৃতীয় হওয়া প্রার্থীরা। কিন্তু প্রতিভা কি আর চেপে রাখা যায়? ২০০৬ সালে ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরের সময় বড় ভাইদের অনুরোধে মাত্র দুই ওভারের জন্য মাইক্রোফোন পান তিনি।
আরো পড়ুন: পূবালী ব্যাংকে চাকরির সুযোগ
সেই দুই ওভারেই তিনি এমন জাদু দেখালেন যে, উপস্থিত সবাই মুগ্ধ হয়ে বললেন একে এখনই নিয়মিত করা হোক। সেই শুরু, এরপর ২০১১ বিশ্বকাপসহ অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্টে নিজের কণ্ঠের ছাপ রেখে গেছেন তিনি।
শখ যখন পেশা
বাংলাদেশে ধারাভাষ্যকে একমাত্র পেশা হিসেবে বেছে নেওয়াটা ছিল পাগলামির নামান্তর। কিন্তু কুমার কল্যাণ সেটিকেই ধ্যান-জ্ঞান করেছেন। তিনি বলেন, ‘আমি একদিনে চারটি টি-টোয়েন্টি বা ১৬০ ওভার পর্যন্ত একা কমেন্ট্রি করেছি। এমনকি টস থেকে শুরু করে প্রেজেন্টেশন পর্যন্ত একাই সামলেছি। আজ এই ধারাভাষ্য দিয়েই আমি আমার মা-বাবা, স্ত্রী ও দুই সন্তানের মুখে অন্ন তুলে দিই। এটাই আমার একমাত্র জব।’
কেবল ক্রিকেট বা ফুটবলেই সীমাবদ্ধ থাকেননি তিনি। ভলিবল, বাস্কেটবল, হ্যান্ডবল, কাবাডি থেকে শুরু করে রোলার স্কেটিং এমন কোনো খেলা নেই যেখানে তার কণ্ঠ পৌঁছায়নি। সেনাবাহিনী, নৌবাহিনী বা পুলিশ বাহিনীর ক্রীড়া উৎসবেও আজ তিনি অপরিহার্য।
নতুনদের জন্য কুমার কল্যাণের পরামর্শ
নতুন যারা ধারাভাষ্য পেশায় আসতে চান, তাদের জন্য কুমার কল্যাণের পরামর্শ যেমন বাস্তবসম্মত, তেমনি কিছুটা কঠোরও। কারণ, এই পেশা শুধু কথা বলার নয়, এটি জ্ঞান, ব্যক্তিত্ব, কণ্ঠশৈলী ও পেশাগত মর্যাদার সমন্বয়। নিচে তার মূল পরামর্শগুলোর সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ দিক সাজিয়ে দেওয়া হলো–

১. শুদ্ধ উচ্চারণ ও ভাষার ব্যবহার: একজন ধারাভাষ্যকারের প্রথম পরিচয় তার ভাষা। আঞ্চলিক টান বা উচ্চারণ পরিহার করে প্রমিত বাংলায় কথা বলা অত্যন্ত জরুরি। অপ্রয়োজনীয় ‘বাংলিশ’ ব্যবহার শ্রুতিকটু হয়ে ওঠে এবং পেশাদারত্বে ঘাটতি তৈরি করে। ভাষা হতে হবে পরিষ্কার, প্রাঞ্জল ও শ্রুতিমধুর।
২. খেলা সম্পর্কে গভীর জ্ঞান: শুধু খেলা দেখা বা বর্ণনা করাই যথেষ্ট নয়। খেলার নিয়মকানুন, কৌশল, টেকনিক্যাল টার্ম–সবকিছু সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। একজন ভালো ধারাভাষ্যকার খেলার ভেতরের গল্পটিও তুলে ধরেন, যা সাধারণ দর্শক হয়তো বুঝতে পারেন না।
৩. কণ্ঠস্বরের নিয়ন্ত্রণ ও ভঙ্গি: কণ্ঠস্বরই আপনার মূল অস্ত্র। পরিস্থিতি অনুযায়ী কণ্ঠের ওঠানামা, আবেগের প্রকাশ এবং গতি নিয়ন্ত্রণ করতে হবে। উত্তেজনাপূর্ণ মুহূর্তে কণ্ঠে প্রাণ থাকতে হবে, আবার সাধারণ মুহূর্তে শান্ত ও স্বাভাবিক থাকতে হবে। একঘেয়ে কণ্ঠস্বর শ্রোতার আগ্রহ নষ্ট করে।
৪. তাৎক্ষণিক বিশ্লেষণ ক্ষমতা: ধারাভাষ্য শুধু বর্ণনা নয়, এটি বিশ্লেষণও। খেলার মুহূর্ত বুঝে দ্রুত ও যুক্তিসংগত ব্যাখ্যা দেওয়ার দক্ষতা থাকতে হবে। কেন একটি সিদ্ধান্ত নেওয়া হলো, কোন কৌশল কাজে লাগছে–এসব ব্যাখ্যা দর্শকের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে।
৫. শব্দভাণ্ডার ও ভাষার সৌন্দর্য: একই শব্দ বারবার ব্যবহার করলে ধারাভাষ্য একঘেয়ে হয়ে যায়। তাই সমৃদ্ধ শব্দভাণ্ডার গড়ে তোলা জরুরি। ভাষায় বৈচিত্র্য, ছন্দ এবং সৃজনশীলতা থাকলে ধারাভাষ্য আরও আকর্ষণীয় হয়।
৬. ব্যক্তিত্ব ও পোশাক: একজন ধারাভাষ্যকার শুধু কণ্ঠ দিয়ে নয়, ব্যক্তিত্ব দিয়েও নিজেকে উপস্থাপন করেন। মার্জিত, স্মার্ট ও পেশাদার পোশাক দর্শকের কাছে ইতিবাচক প্রভাব ফেলে। ব্যক্তিত্বে আত্মবিশ্বাস ও স্থিরতা থাকতে হবে।
৭. পেশার মর্যাদা বজায় রাখা: অনেক নতুন ধারাভাষ্যকার দ্রুত পরিচিতি পাওয়ার আশায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চান বা নিজে থেকে সুযোগ খোঁজেন। কুমার কল্যাণ মনে করেন, এটি এই পেশার মর্যাদা ক্ষুণ্ন করে। নিজের কাজের মূল্য বুঝতে হবে এবং পেশার সম্মান অক্ষুণ্ন রাখতে হবে।
৮. গবেষণা ও প্রস্তুতি: একজন দক্ষ ধারাভাষ্যকার কখনো প্রস্তুতি ছাড়া মাইক্রোফোন হাতে নেন না। খেলার আগে দল, খেলোয়াড়, পরিসংখ্যান, সাম্প্রতিক পারফরম্যান্স–সব বিষয়ে ভালোভাবে জেনে নিতে হবে। এতে ধারাভাষ্য তথ্যবহুল ও বিশ্বাসযোগ্য হয়।
৯. সময়জ্ঞান ও ভারসাম্য: ধারাভাষ্যে কখন কথা বলতে হবে, কখন নীরব থাকতে হবে–এই ভারসাম্য খুব গুরুত্বপূর্ণ। অতিরিক্ত কথা যেমন বিরক্তিকর, তেমনি প্রয়োজনের সময় চুপ থাকাও অস্বস্তিকর। সঠিক মুহূর্তে সঠিক কথা বলাই দক্ষতার পরিচয়।
১০. শ্রোতাবান্ধব উপস্থাপনা: ভাষা ও উপস্থাপন এমন হতে হবে, যাতে সাধারণ দর্শক সহজেই বুঝতে পারে। অতিরিক্ত জটিল বা দুর্বোধ্য ব্যাখ্যা এড়িয়ে চলা উচিত। সহজ, সাবলীল ও আকর্ষণীয় উপস্থাপনাই সফল ধারাভাষ্যের চাবিকাঠি।
১১. নিরপেক্ষতা বজায় রাখা: একজন ধারাভাষ্যকারের অন্যতম গুণ হলো নিরপেক্ষতা। কোনো দল বা খেলোয়াড়ের প্রতি ব্যক্তিগত পক্ষপাত দেখালে তা দর্শকের কাছে গ্রহণযোগ্যতা হারায়। সব সময় ভারসাম্যপূর্ণ ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখতে হবে।
১২. প্রযুক্তিগত দক্ষতা: মাইক্রোফোন ব্যবহার, স্টুডিও পরিবেশ, সম্প্রচার প্রক্রিয়া–এসব বিষয়ে মৌলিক ধারণা থাকলে কাজ আরও পেশাদার হয়। প্রযুক্তির সঙ্গে স্বচ্ছন্দতা একজন ধারাভাষ্যকারকে এগিয়ে রাখে।
১৩. আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা: লাইভ ধারাভাষ্যে ভুল হওয়া স্বাভাবিক। গুরুত্বপূর্ণ হলো–ভুলকে সামলে নেওয়ার মানসিক শক্তি। আত্মবিশ্বাস হারালে পুরো উপস্থাপন ভেঙে পড়ে। তাই চাপের মধ্যেও স্থির থাকা শিখতে হবে।
১৪. নিরন্তর অনুশীলন: ভালো ধারাভাষ্যকার রাতারাতি হওয়া যায় না। নিয়মিত অনুশীলন, খেলা দেখে নিজে নিজে ধারাভাষ্য দেওয়া, নিজের ভুল বিশ্লেষণ করা–এসবের মাধ্যমেই দক্ষতা বাড়ে।
তারেক/