তীব্র গরমে শরীর যখন ক্লান্ত ও পানিশূন্য হয়ে পড়ে, তখন এক গ্লাস সতেজ পানীয়ই এনে দেয় স্বস্তি। এই সময়ে তৃষ্ণা মেটানোর পাশাপাশি শরীরকে ঠান্ডা ও চাঙা রাখতে পুষ্টিকর ও হাইড্রেটিং ড্রিঙ্কস বেছে নেওয়া জরুরি। তাই সহজ ও মজাদার কিছু পানীয়ের পদ দিয়েছেন রন্ধনশিল্পী ফারহানা কুনতুম
অ্যাপল ডুয়েট আইসড টি
উপকরণ
পানি – ৩ কাপ, ব্ল্যাক টি ব্যাগ – ২টি / বা চা পাতি ২ চা চামচ, আপেলের জুস – ১ কাপ,
আপেল পাতলা স্লাইস– ১টি, মধু – ৩ টেবিল চামচ, লেবুর রস – ১ টেবিল চামচ, লেবু স্লাইস – ৮ পিছ, বরফ কিউব – প্রয়োজনমতো।
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি পাত্রে পানি ফুটিয়ে তাতে টি ব্যাগ বা চা পাতি দিয়ে ৩–৪ মিনিট ঢেকে রাখুন যাতে করে চায়ের ফ্লেভার বের হয়। এরপর টি ব্যাগ তুলে বা ছেঁকে চা গরম থাকতেই তাতে মধু মিশিয়ে দিন এবং ঠান্ডা হতে রেখে দিন।
চা ঠান্ডা হলে এতে আপেলের জুস ও লেবুর রস মিশিয়ে ভালোভাবে নেড়ে নিন। এবার একটি গ্লাসে বরফ কিউব, আপেলের স্লাইস ও লেবু স্লাইস দিয়ে নেড়ে নিন। এর ওপর আগে থেকে তৈরি করা চা ঢেলে দিন। উপরে আপেল স্লাইস ও লেবু দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন অ্যাপল ডুয়েট আইসড টি।
ওয়াটারমেলন ফ্রেসকা
উপকরণ
তাজা তরমুজ কিউব করে কাটা – ২ কাপ, ঠান্ডা পানি – ১ কাপ, চিনি – ২ টেবিল চামচ, লেবুর রস – ২ টেবিল চামচ, পুদিনা পাতা – ৫–৬টি, এক চিমটি লবণ, বরফ কিউব – প্রয়োজনমতো।
প্রস্তুত প্রণালি
প্রথমে ব্লেন্ডারে তরমুজের টুকরোগুলো দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে জুস তৈরি করুন। চাইলে ছেঁকে নিতে পারেন, না ছাকলেও ন্যাচারাল টেক্সচার ভালো লাগে। এরপর এতে ঠান্ডা পানি, চিনি, লেবুর রস ও এক চিমটি লবণ দিয়ে আবার হালকা ব্লেন্ড করে মিশিয়ে নিন, যাতে চিনি ভালোভাবে গলে যায়। একটি গ্লাসে বরফ কিউব দিন। এর উপরে তৈরি করা ওয়াটারমেলন ফ্রেসকা ঢেলে দিন। উপরে তরমুজের একটি স্লাইস দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
জিঞ্জার কিউকাম্বার লেমনেড
উপকরণ
শসা পাতলা স্লাইস– ১টি, লেবুর রস – ৪ টেবিল চামচ, আদার রস – ১ চা চামচ, ঠান্ডা পানি – ২ কাপ, চিনি – ৩ টেবিল চামচ, পুদিনা পাতা – ১০ টি, এক চিমটি লবণ, বরফ কিউব – প্রয়োজনমতো।
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি জগে শসার স্লাইস ও পুদিনা পাতা হালকা ছেচে নিন, যাতে এর ফ্রেশ ফ্লেভার বের হয়। এরপর এতে লেবুর রস, আদার রস, চিনি ও এক চিমটি লবণ যোগ করুন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিন যাতে চিনি গলে যায়। এর মধ্যে এবার ঠান্ডা পানি ঢেলে সব উপকরণ একসাথে ভালোভাবে নেড়ে নিন।
১৫ থেক ২০ মিনিট রেখে দিন, যাতে সব ফ্লেভার ভালোভাবে মিশে যায়। এবার গ্লাসে বরফ কিউব দিয়ে তার উপর লেমনেড ঢেলে দিন। শসা স্লাইস ও লেবুর টুকরা দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন জিঞ্জার কিউকাম্বার লেমনেড।
/এমটি