কান চলচ্চিত্র উৎসবের এবারের আসরে দ্বিতীয়বারের মতো লাল গালিচায় হাঁটলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট । নিজের নান্দনিক উপস্থিতির পাশাপাশি ভারতীয় চলচ্চিত্রের বক্স অফিস নিয়ে খোলামেলা মন্তব্য করেও আলোচনায় উঠে এসেছেন তিনি।
উৎসবের উদ্বোধনী আয়োজনে আলিয়া পরেছিলেন হালকা গোলাপি রঙের কাঁধখোলা গাউন। ১৯৫০-এর দশকের ধাঁচে তৈরি পোশাকটিতে ছিল সূক্ষ্ম হাতে আঁকা কারুকাজ, যেখানে ফরাসি উপকূলীয় আবহের ছাপ ফুটে উঠেছিল। হালকা সাজ ও ঢেউখেলানো চুলে তার উপস্থিতি দর্শক ও আলোকচিত্রীদের দৃষ্টি কাড়ে।
উৎসব চলাকালে এক সাক্ষাৎকারে আলিয়া বর্তমান সময়ের চলচ্চিত্র ব্যবসা এবং বক্স অফিসের ধারণা নিয়ে নিজের মতামত তুলে ধরেন। তিনি বলেন, এখনো সিনেমার বাণিজ্যিক সাফল্যকে অনেক ক্ষেত্রেই পুরুষ দর্শকের সঙ্গে যুক্ত করে দেখা হয়, যা সময়ের সঙ্গে পরিবর্তন হওয়া প্রয়োজন।
আলিয়ার ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক অঙ্গনে নারীকেন্দ্রিক অনেক সিনেমাই দর্শকপ্রিয়তা ও বাণিজ্যিক সাফল্য পেয়েছে। উদাহরণ হিসেবে তিনি ‘বার্বি’ এবং ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’র মতো চলচ্চিত্রের কথা উল্লেখ করেন। তার মতে, নারীরা এখন শুধু দর্শক হিসেবেই নয়, বরং একটি সিনেমার সাফল্যের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবেও ভূমিকা রাখছেন।
তিনি আরও বলেন, সাধারণ দর্শকের সিনেমা মানেই কেবল পুরুষদের পছন্দের চলচ্চিত্র—এমন ধারণা থেকে বেরিয়ে আসা জরুরি। কারণ নারীরাও বড় পরিসরে সিনেমা হলে যান এবং একটি চলচ্চিত্রকে সফল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
/এমটি