ক্ষুদ্রঋণের প্রসারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অসামান্য ভূমিকা নিয়ে লেখা বই ‘স্মল লোনস, বিগ ড্রিমস’ এবারের অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে।
বইটি লিখেছেন গ্রামীণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অ্যালেক্স কাউন্টস।
এতে ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে ক্ষুদ্রঋণের যে উদ্ভাবন ও বিকাশ ঘটেছে, তার বিবরণ দিয়েছেন অ্যালেক্স। ক্ষুদ্রঋণ নিয়ে ছোট ব্যবসা শুরু করার মধ্য দিয়ে একজন প্রান্তিক নারী কীভাবে জীবন বদলে ফেলেছেন, সেই চিত্র তুলে আনা হয়েছে এই বইয়ে।
অ্যালেক্স কাউন্টস ২০০৮ সালে বইটি লেখেন। তবে এবারই প্রথমবারের মতো বইটির এশীয় সংস্করণ বের হয় এবং অমর একুশে বইমেলায়ও এটি প্রথমবারের মতো আনা হয়েছে। ইউনিভার্সিটি পাবলিকেশন্স লিমিটেড (ইউপিএল) বইটি বাজারে এনেছে। তাদের স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
এ ছাড়া অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লেখা তিনটি বই, ড. ইউনূস সম্পাদিত একটি বই এবং অ্যালেক্স কাউন্টসের লেখা অন্য আরেকটি বই- ‘মুহাম্মদ ইউনূস, গ্রামীণ ব্যাংক অ্যান্ড দ্য গ্লোবাল মাইক্রো-ফাইন্যান্স রেভল্যুশন’ ইউপিএল-এর স্টলে পাওয়া যাচ্ছে।
‘স্মল লোনস, বিগ ড্রিমস’-এর এশীয় সংস্করণে অ্যালেক্স কাউন্টস ক্ষুদ্রঋণের ইতিহাস তুলে ধরার পাশাপাশি দেখিয়েছেন কীভাবে অর্থনৈতিক মন্দা থেকে শুরু করে পরিবেশগত সংকটসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় গ্রামীণ ব্যাংক তার কর্মপদ্ধতি পরিবর্তন করেছে। তিনি গ্রামীণ মডেল নিয়ে সমালোচকদের নানা প্রশ্নের জবাব দিয়েছেন এবং ইউনূসের অসাধারণ দৃষ্টিভঙ্গির দীর্ঘমেয়াদি প্রভাব ব্যাখ্যা করেছেন।
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সহায়তায় অ্যালেক্স কাউন্টস ১৯৯৭ সালে গ্রামীণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা এবং এর সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
গত কয়েক বছরের মতো এবারও ড. ইউনূসের গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্রঋণের ওপর লেখা যে বইগুলো ইউপিএল-এর স্টলে পাওয়া যাচ্ছে সেগুলো হলো: ব্যাংকার টু দ্য পুওর: দ্য অটোগ্রাফি অব মুহাম্মদ ইউনূস, ফাউন্ডার অব দ্য গ্রামীণ ব্যাংক’, ‘এ ওয়ার্ল্ড অব থ্রি জিরোস: দ্য নিউ ইকোনমিক অব জিরো পোভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো নেট কার্বন এমিশন’, ‘বিল্ডিং সোশ্যাল বিজনেস: দ্য নিউ কাইন্ড অব ক্যাপিটালিজম দ্যাট সার্ভস হিউম্যানেটিস মোস্ট প্রেসিং নিড’, ‘গ্রামীণ ব্যাংক অ্যান্ড দ্য গ্লোবাল মাইক্রো-ফাইন্যান্স রেভল্যুশন’ এবং ‘জরিমন অ্যান্ড আদারস: ফেসেস অব পোভার্টি’। সূত্র: বাসস