কখনো কখনো স্বপ্নের কাছে বয়স একটি সংখ্যা মাত্র! স্বপ্ন ছুঁতে চাওয়া অদম্য অনেকেই ভুলে গেছেন নিজের বয়সের কথা। তেমনই অদম্য একজন তৌহিদুর রহমান। ৫০ পেরিয়ে গেলেও তিনি স্বপ্ন দেখছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা ও আইন অনুষদের ‘বি’ ইউনিটের প্রথম শিফটে ভর্তি পরীক্ষা দিতে এসেছেন তিনি।
জানা যায়, তৌহিদুর রহমান তকু এনায়েতপুর দাখিল মাদরাসা থেকে ২০২২ সালে দাখিল পরীক্ষায় জিপিএ ৪.৬৩ পেয়েছেন এবং ২০২৪ সালে গয়ড়া তেঁতুলিয়া ডি এম ফাজিল মাদরাসা থেকে জিপিএ ৪.৬৪ পেয়ে আলিম পাস করেন।
তৌহিদুর রহমান গণমাধ্যমকে জানান, তার বাড়ি নওগাঁ জেলায়। তিনি নওগাঁ সরকারি কে ডি স্কুলে পড়াশোনা করতেন। কিন্তু অসুস্থতার জন্য শেষ করতে পারেননি। পরে সুস্থ হয়ে মাদরাসা বোর্ডের অধীনে জেডিসি, দাখিল এবং আলিম পাস করেন।
তৌহিদুর আরও বলেন, ‘আমি ১৯৮৯ সালে অসুস্থ হয়ে পড়ি। ২০১৪-১৫ সালে সুস্থ হয়ে পড়াশোনা শুরু করি। ২০১৬ সালে পরীক্ষা দিতে চাইলেও আবারও মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাঠানো হয়। ২০১৯ সালে পুনরায় পড়াশোনা শুরু করি। আমার ইংরেজি প্রস্তুতি তেমন ভালো না। তার পরও চেষ্টা করব। যদি এ বছর জগন্নাথে চান্স না হয়, আগামী বছর রাবি, জাবিতে পরীক্ষা দিয়ে চান্স নিবোই ইনশাআল্লাহ।’
তবে তৌহিদুর রহমানের দাখিল ও আলিম পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডে দেখা যায়, তার জন্ম তারিখ ৩০ ডিসেম্বর ২০০৫। কিন্তু আসলেই তার বয়স কত, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, আইনগতভাবে কোনো বাধা নেই, তবে সে কোনো অনিয়মের আশ্রয় নিয়েছে কি না সেটা পরবর্তীতে খতিয়ে দেখা হবে।
মুজাহিদ বিল্লাহ্/অমিয়/