সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রধান ফটকে জুলাই বিপ্লবের স্মৃতি অম্লান রাখতে ‘জুলাই ৩৬ গেট’ উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দাবির প্রেক্ষিতে ১ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ গেট নির্মাণ করা হয়।
শুক্রবার (৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম জুলাই ৩৬ গেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ টি এম মাহবুব-ই-ইলাহী, বিভিন্ন অনুষদীয় ডিন, বিভিন্ন দপ্তরের পরিচালক, হল প্রভোস্ট, রেজিস্ট্রার, দপ্তর প্রধানসহ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
‘জুলাই ৩৬ গেট’ উদ্বোধন শেষে প্রধান অতিথি হিসেবে সিকৃবি ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, ‘জুলাই ৩৬ গেট শুধু একটি গেট নয়, এটি প্রজন্ম থেকে প্রজন্মে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লড়াইয়ের এক নীরব সাক্ষী। তরুণদের জন্য এটি একটি অনুপ্রেরণা যেন তারা ভুলে না যায়, কীভাবে অধিকার রক্ষায় মানুষ তাদের জীবন বিসর্জন দিয়েছিলেন।’
জুলাই আগস্ট বিপ্লবে শহিদদের স্মরণে ও তাদের আত্মত্যাগকে চিরস্থায়ীভাবে গেথে রাখার জন্য এই গেট নির্মাণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘জুলাই ৩৬ গেটটি আত্মত্যাগ ও একটি স্বপ্নের প্রতীক। যে স্বপ্নে ছিল একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ। গেটটির নাম জুলাই ৩৬ রাখা হয়েছে ২৪-এর জুলাইয়ের শহিদ ও আহত বীরসন্তানদের প্রতি সম্মান জানিয়ে। নামটির প্রতিটি অংশে নিহিত আছে স্মৃতি ও প্রতিজ্ঞা। ৩৬ জুলাই কেবল অতীতের একটি দিন নয়, এটি ভবিষ্যতের জন্য এক অনুপ্রেরণা। যা অন্যায়ের বিরুদ্ধে লড়াই এবং ন্যায়বিচারের জয়কে চিরস্মরণীয় করে রাখবে।’
সিকৃবির প্রধান প্রকৌশলী প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন জানান, ভিসি আলিমুল ইসলামের প্রচেষ্টায় ও প্রতিশ্রুতি অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে ১ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে স্থাপনাটি সফলভাবে সম্পন্ন করা হয়েছে।
রিফাত/