রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচনের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ’। প্যানেলে ভিপি এবং জিএস পদে নির্বাচন করবেন পপুলেশন সাইন্স অ্যান্ড হিউমেন রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান মারুফ এবং উর্দু বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আফরিন জাহান।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে রাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন রাকসু আন্দোলন মঞ্চের সদস্যসচিব আমানুল্লাহ খান।
মেহেদী হাসান মারুফ শাখা ছাত্র অধিকারের সভাপতি এবং আফরিন জাহান বিশ্ববিদ্যালয় উত্তরণ লেখক ও পাঠক সূতিকাগারের সাবেক সভাপতি।
প্যানেলের অন্যরা হলেন, এজিএস পদপ্রার্থী আল শাহরিয়া শুভ, ক্রীড়া সম্পাদক পদে মেহেদী হাসান মাসুম, সহ-ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. রিদুয়ানুল হক ইমন, সংস্কৃতিবিষয়ক সম্পাদক রাতুল মাহমুদ, সহ-সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মুবতাসিন ফুয়াদ ধ্রুব, মহিলাবিষয়ক সম্পাদক আবিদা আক্তার লাবণী, তথ্য ও গবেষণা সম্পাদক গাজী ফারহান লাবিব, সহ-মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জুহাইম তামিম, সহ-বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এফ এম যুবায়ের হাসান, বিতর্ক ও সাহিত্যবিষয়ক সম্পাদক রমজানুল মোবারক, সহ বিতর্ক ও সাহিত্যবিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম , পরিবেশ ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে লড়বেন সজীব হোসাইন, ওয়াজিদ শিশির, মাহফুজুল ইসলাম নয়ন এবং আব্দুল হামিদ।
প্যানেল ঘোষণার আগে রাকসু আন্দোলন মঞ্চের সদস্যসচিব আমানউল্লাহ খান বলেন, ‘ফ্যাসিবাদী শাসনতন্ত্রের পতনের পরে যখন জনমনে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রস্ফুটিত হচ্ছে সেই সময়ে আমরা একটি গণতান্ত্রিক ক্যাম্পাসের কথা ভাবছি। গণতান্ত্রিক ক্যাম্পাস যেখানে সবাই তাদের রাজনৈতিক আদর্শ সম্মুখে প্রকাশ করতে পারবে, গুপ্ত রাজনীতি বলে কোনো রাজনীতি এ ক্যাম্পাসে থাকবে না। আমরা শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে পারবো এমন একটা রাকসু চাই। যেখানে নির্বাচিত প্রার্থীর সমালোচনা করতে ভয় পাবে না। এমন একটা চাওয়া থেকে রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ নামে প্যানেল গঠন করেছি।’
শাকিবুল/রিফাত/