বোটক্স বা ফিলারস নেওয়া কারও ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে তাতে ভুল নেই। কিন্তু যখন তা ট্রেন্ডে পরিণত হয়ে জেনারেশন জেড নারীদের প্রভাবিত করে, তখন এটি চিন্তার বিষয়। আজকের আয়োজন তাদের সচেতন সিদ্ধান্তে সহায়তা করতেই। লিখেছেন এস লুপিন
সৌন্দর্য সব সময়ই নারীদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি সামাজিক ধারণা। তবে বিংশ শতাব্দীর নারীরা প্রসাধনী ও মেকআপেই সৌন্দর্যচর্চা সীমাবদ্ধ রাখতেন। কিন্তু একবিংশ শতকের জেনারেশন জেড নারীরা (প্রায় ১৯৯৭-২০১২ সালে জন্ম নেওয়া প্রজন্ম) সৌন্দর্যের সংজ্ঞা পুনর্লিখন করছে। নারীরা এখন আরও এক ধাপ এগিয়ে সার্জারি করে তথা সুচ ও ফিলারের মাধ্যমে নিজেদের সৌন্দর্য বৃদ্ধি করছেন।
আজকের তরুণ নারীরা আগাম বয়সজনিত পরিবর্তন ঠেকাতে বোটক্স ও অন্যান্য অপ্রচলিত প্রসাধন পদ্ধতি বেছে নিচ্ছেন। যাকে বলা হয় ‘প্রিভেনটিভ কেয়ার’। যদিও আগে শুধু বয়সের ছাপ ঢাকতে এই পদ্ধতি অবলম্বন করা হতো। কিন্তু বর্তমানে বয়সের ছাপ পড়ার আগেই বোটক্স ও ফিলারস ব্যবহার করা হচ্ছে। নারীদের এই প্রবণতা এক নতুন শব্দ এনে দিয়েছে, যেটি হলো প্রিজুভেনেশন (prejuvenation)।
আমেরিকাভিত্তিক ‘ওমেন্স হেলথ’ ম্যাগাজিনের এক সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, অনেক তরুণী এখন ২০-এর কোঠায় পৌঁছানোর আগেই বোটক্স, ফিলারস এবং হালকা রূপচর্চামূলক চিকিৎসা করিয়ে নিচ্ছেন। আগে যেখানে বোটক্সের ব্যবহার ছিল ৪০-৫০ বয়সী নারীদের মধ্যে সীমাবদ্ধ, এখন তা পরিণত হয়েছে এক ধরনের ‘সেলফ কেয়ার রুটিনে’।
অর্থাৎ আগে যেসব পদ্ধতিকে মূলত বয়সজনিত পরিবর্তন ঢাকতে বা চিকিৎসার উদ্দেশ্যে ব্যবহৃত হতো, সেগুলো এখন অনেকেই সৌন্দর্য ধরে রাখার একটি স্বাভাবিক ও নিয়মিত চর্চা হিসেবে দেখতে শুরু করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব এই প্রবণতায় মুখ্য ভূমিকা রাখছে। ইনস্টাগ্রাম ও টিকটকের ফিল্টার কালচারে ‘মসৃণ ত্বক’ (পারফেক্ট স্কিন), ‘প্রতিসম মুখ’ (সিমেট্রিক্যাল ফেস) এবং ‘ফিনিশড লুক’ অনেক নারীর জন্য আকাঙ্ক্ষিত রূপে পরিণত হয়েছে।
জনপ্রিয় ‘স্কিনফ্লুয়েন্সার’ বা বিউটি ব্লগারদের পোস্ট দেখেই অনেক তরুণী তাদের ত্বকের প্রতি নতুন ধরনের মনোযোগ দিতে শুরু করেছে। ‘বেবি বোটক্স’ বা সূক্ষ্ম ডোজে বোটক্স নেওয়া এখন অনেকের কাছে মাসিক স্কিন ট্রিটমেন্টের মতো স্বাভাবিক বিষয়।
কিন্তু এই প্রবণতা কেবল বাহ্যিক নয়। এটি একটি মানসিক এবং সামাজিক আলোচনাও তৈরি করছে। গবেষণায় দেখা গেছে, অনেক নারীর মনে হয় সৌন্দর্যের এই প্রতিযোগিতায় টিকে থাকতে না পারলে তারা পিছিয়ে পড়বেন।
বিশেষ করে পেশাগত বা সামাজিক ক্ষেত্রে। কিছু মনোবিজ্ঞানী এটিকে ‘ডিজিটাল বিকৃতি-গ্রস্ততা’ (digital dysmorphia) বলে আখ্যা দিচ্ছেন। যেখানে মানুষ নিজেদের বাস্তব রূপ ফিল্টার করা ভার্চুয়াল রূপের সঙ্গে তুলনা করতে গিয়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন।
অভিনেত্রী Jamie Lee Curtis সম্প্রতি দ্য গার্ডিয়ানের এক সাক্ষাৎকারে বলেন, ‘প্লাস্টিক সার্জারি ও বোটক্সের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম নারীদের চেহারা একই রকম করা হচ্ছে। ফলে স্বাভাবিক সৌন্দর্যের এক ধরনের গণহত্যা ঘটছে।’ তিনি প্রশ্ন তোলেন যে, এতটা ‘পারফেকশন’ কি সত্যিই প্রয়োজন? নাকি এটি শুধুই আরেক ধরনের দমননীতি?
অবশ্য অনেক নারীর যুক্তিও আছে। তারা বলেন, এটি তাদের ‘নিজেকে ভালোবাসা’র অংশ এবং ভবিষ্যতের জন্য সচেতন সিদ্ধান্ত। কেউ কেউ এটিকে তুলনা করেন যেমন দাঁত সোজা করতে ব্রেস পরা হয়, তেমনই চেহারা মসৃণ রাখতে বোটক্স নেওয়া হয়। কিন্তু তবুও প্রশ্ন থেকেই যায়, এই স্বনির্বাচিত ‘সৌন্দর্য সংজ্ঞা’ কি আদতে স্বাধীনতা, নাকি এক ধরনের নিঃশব্দ চাপ?
বিশেষজ্ঞদের মতে, এসব রূপচর্চামূলক পদ্ধতির ব্যবহার নিয়ে এখনই খোলামেলা আলোচনা শুরু করা জরুরি। যাতে জেনারেশন জেড নারীরা ট্রেন্ডের চাপে নয়, বরং তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারে। এর জন্য শিক্ষা ও সচেতনতা তৈরি করা প্রয়োজন। সৌন্দর্য যদি হয়ে থাকে স্বাধীনতার প্রতীক, তবে সে স্বাধীনতা যেন ফিল্টারের রঙে নয়, বরং নিজের সত্যিকারের বোধ থেকে আসে।
সৌন্দর্যচর্চার জনপ্রিয় পদ্ধতি ‘বোটক্স লিপ ফ্লিপ’-এর ক্ষতিকর দিক সামনে আনলেন নিউইয়র্কের খ্যাতনামা স্কিন কেয়ার কনসালটেন্ট শিরিন ইদ্রিস। নিজের টিকটক ভিডিওতে তিনি জানান, ঠোঁটের উপরের অংশে বোটক্স ইনজেকশন নিয়ে তিনি এমন সমস্যায় পড়েছিলেন, যা তার শিশুর জন্মদিনের উৎসব মাটি করে দিয়েছিল। ‘আমি কেকের মোমবাতি নিভাতে পারিনি’ বলেন শিরিন।

তিনি আরও জানান, ইনজেকশনের দুই সপ্তাহ পর তার ওপরের ঠোঁট এতটাই অবশ হয়ে পড়ে যে হাসা, কথা বলা এমনকি স্ট্র দিয়ে পান করাও কঠিন হয়ে যায়।
ডা. শিরিন ইদ্রিসের অভিজ্ঞতা তরুণদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। ‘সৌন্দর্যের নামে অল্প বয়সে মুখে ইনজেকশন নেওয়া নয়, বরং স্বাভাবিক সৌন্দর্য ও সুস্থতা রক্ষাই হওয়া উচিত অগ্রাধিকার।’
বাংলাদেশের প্রসঙ্গ: এখনই সচেতন হওয়ার সময়
পশ্চিমা বিশ্বে জেনারেশন জেড নারীদের মধ্যে প্রিভেনটিভ বোটক্স, ফিলারস এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য চিকিৎসামূলক নানা ধরনের পদ্ধতি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। তবে তুলনামূলক বাংলাদেশে এই প্রবণতা এখনো মূলধারায় ঢোকেনি। তবে একে একেবারে উড়িয়ে দেওয়া যাবে না।
বাংলাদেশের অনেক নামি-দামি পার্লারে এখন তরুণীদের পদচারণা বেড়েছে। তারা ইনস্টাগ্রাম, ইউটিউব বা টিকটকের স্কিনফ্লুয়েন্সারদের ভিডিও থেকে ‘বেবি বোটক্স’, ‘লিপ ফিলারস’ কিংবা ‘জ-লাইন শেপিং’ এর মতো শব্দগুলোর সঙ্গে পরিচিত হয়ে উঠছেন।
এই প্রাথমিক আগ্রহ যদি এখনই বিশ্লেষণ ও প্রশ্নের মুখোমুখি না হয়, তাহলে অদূর ভবিষ্যতে বাংলাদেশের তরুণীদের মধ্যেও সৌন্দর্যের মানদণ্ড তৈরি হয়ে যাবে। ফলে তারা মনে করে নিখুঁত চামড়া, ধারালো মুখাবয়ব এবং বয়সের এক ফোঁটাও ছাপ না থাকা এক ধরনের ভার্চুয়াল পরিপূর্ণতা।
তখন সৌন্দর্য আর নিজের আত্মপরিচয়ের অংশ থাকবে না; বরং তা হয়ে উঠবে শুধুই সামাজিক প্রতিযোগিতা। কে কতটা ‘ফিল্টারমাফিক’ হতে পারছে এটি নিয়েই নিজেদের মধ্যে প্রতিযোগিতা তৈরি হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরঞ্জিত রূপ আমাদের তরুণীদের মনে তৈরি করছে ‘নিজের মতো থাকা’ মানেই পিছিয়ে থাকা এই ভুল বার্তা। অথচ আমাদের লক্ষ্য হওয়া উচিত আত্মপ্রত্যয়, স্বস্তি ও ব্যক্তিত্ব-নির্ভর সৌন্দর্য।
তাই এখনই পরিবার, শিক্ষক এবং মিডিয়া—তিন পক্ষের সম্মিলিত ভূমিকায় একটি সচেতনতা গড়ে তোলা দরকার। যেখানে তরুণীরা বুঝবে যে, সৌন্দর্য মানে নিখুঁত হওয়া নয়, বরং নিজের প্রতি শ্রদ্ধাশীল থাকা।
বাংলাদেশের জেনারেশন জেড নারীরা অল্প বয়সে প্রিভেনটিভ বোটক্স বা ফিলার গ্রহণ করলে শারীরিক, মানসিক ও সামাজিক নানা ঝুঁকির মুখে পড়তে পারেন। এসব প্রসাধন পদ্ধতির পার্শ্বপ্রতিক্রিয়ায় মুখ বিকৃত হওয়া, স্নায়ু সমস্যা বা ত্বকের স্থায়ী ক্ষতি হতে পারে। এ ছাড়া নিজের প্রকৃত রূপ নিয়ে অস্বস্তি তৈরি হওয়ার ফলে মানসিকভাবে আত্মবিশ্বাস কমে যেতে পারে।
পাশাপাশি সামাজিকভাবে সৌন্দর্যের কৃত্রিম মানদণ্ড তৈরি হয়, যা আরও চাপ সৃষ্টি করে। তাই এ বয়সে সৌন্দর্যচর্চার ভিত্তি কোনো ট্রেন্ডের প্রভাব বা সমাজের চাপের ফলে নেওয়া তাড়াহুড়ো সিদ্ধান্ত হওয়া উচিত নয়; বরং সুস্থতা, সচেতনতা ও আত্মমর্যাদাবোধ হবে এর মূল লক্ষ্য।
এ পরিস্থিতিতে বিশেষজ্ঞরা কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা বলছেন। প্রথমত, স্কুল, বিশ্ববিদ্যালয়, পরিবার ও মিডিয়ায় সৌন্দর্যের সংজ্ঞা নিয়ে খোলামেলা আলোচনা চালু করতে হবে।
দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়ার ফিল্টার কালচার যে কৃত্রিমতা তৈরি করে, তা নিয়ে পাঠ্যপুস্তক ও কর্মশালার মাধ্যমে সচেতনতা ছড়াতে হবে।
তৃতীয়ত, তরুণীদের শেখাতে হবে নিজেকে গ্রহণ করাই আত্মমর্যাদা এবং সৌন্দর্য মানেই ‘ফিল্টার-সিদ্ধ’ চেহারা নয়। সর্বশেষ, শিক্ষাপ্রতিষ্ঠানে গণমাধ্যম সাক্ষরতা তথা মিডিয়া লিটারেসি যুক্ত করতে হবে। যাতে তারা বুঝতে পারে কীভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত সৌন্দর্য আদর্শ বাস্তব থেকে কত দূরে।
তাই এখনই ‘প্রিভেনটিভ বিউটি ট্রেন্ড’ নিয়ে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা দরকার। প্রিভেনটিভ বোটক্স বা ফিলারসের মতো প্রবণতা একদিকে ব্যক্তিগত পছন্দ, আবার অন্যদিকে সমাজ ও মিডিয়ার চাপের প্রতিফলন। এই প্রেক্ষাপটে একটি সতর্ক, সচেতন ও তথ্যভিত্তিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে। যেখানে সৌন্দর্য মানে হবে আত্মপ্রত্যয়, আত্মমর্যাদা ও নিজের প্রতি শ্রদ্ধা।
অর্থাৎ ট্রেন্ডের তাড়নায় নয়; বরং জেনেশুনে নেওয়া প্রতিটি সিদ্ধান্ত যেন নারীর সত্যিকারের ক্ষমতায়নের অংশ হয়ে ওঠে। সুতরাং সৌন্দর্যের সংজ্ঞা হোক ব্যক্তিভিত্তিক, বিকৃত আদর্শ নয়।
তথ্য সূত্র: ওমেন্স হেলথ ম্যাগাজিন, দ্য গার্ডিয়ান, নিউইয়র্ক পোস্ট
.jpg)