যশোরে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে হোটেল-রেস্তোরাঁসহ ৭৫৮টি আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিককে নোটিশ দেওয়া হয়েছে। এতে তাদের প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপক যন্ত্রপাতি স্থাপন নিশ্চিত করে আগামী ১০ কার্যদিবসের মধ্যে জানাতে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি অবহিত করা হয়।
বুধবার (৬ মার্চ) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।
কমলেশ মজুমদার জানান, দুর্ঘটনা এড়াতে জেলার আট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিজ নিজ এলাকার আবাসিক-বাণিজ্যিক ভবন মালিক, বিপণিবিতান মালিক সমিতি, বাজার মালিক সমিতি এবং হোটেল ও রেস্তোরাঁয় বিধি মোতাবেক অগ্নিনির্বাপক যন্ত্রপাতি স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
যশোর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা দেওয়ান সোহেল রানা জানান, জরুরি ভিত্তিতে অগ্নিঝুঁকি নিরসন ও অগ্নি নিরাপত্তাব্যবস্থা নিশ্চিতকরণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে জেলার আট উপজেলার ৭৫৮ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে তাদের প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন নিশ্চিত করে হালনাগাদ তথ্য দিতে নোটিশ দেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে ৬৬টি বাজার মালিক সমিতি, মার্কেট, সুপার মার্কেট, শপিংমল ৮৭টি, হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান ৫০৫টি, বহুতল ভবন ৪৫টি এবং হোটেল রয়েছে ৫৫টি।
নোটিশ পাওয়ার বিষয়টি স্বীকার করে যশোর বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মীর মোশাররফ হোসেন বাবু বলেন, ‘ব্যবসায়ী ও ভবন মালিকরা এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছেন।’