বাগেরহাটে পৃথক অভিযানে ১১ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (২২ মার্চ) রাত ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পিলজংগ কামাল ফিলিং সার্ভিসেস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলো- মোংলা উপজেলার দিগরাজ বালুর মাঠ এলাকার শাহাদাত হোসেনের স্ত্রী নুরজাহান বেগম (৩০) ও জেলার রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের সেলিম হাওলাদারের মেয়ে ফাতেমা আক্তার সাথী (২৩)।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় জানান, গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-খুলনা মহাসড়কের পিলজংগ কামাল ফিলিং সার্ভিসেস এলাকায় অভিযান চালিয়ে মাত্র এক ঘণ্টার ব্যবধানে নুরজাহান বেগমকে সাত কেজি ও ফাতেমা আক্তারকে চার কেজি গাঁজাসহ আটক করা হয়।
তিনি আরও জানান, ধৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ গাঁজার বড় বড় চালান হাত বদল করে আসছিল। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ কর্মকর্তা।
রিফাত আল-মাহমুদ/জোবাইদা/