চট্টগ্রামের বাঁশখালী উপজেলার টানা ভারী বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। আর দমকা হাওয়ায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ।
বৃহস্পতিবার (১২ সেমেপ্টম্বর) থেকে টানা বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ছাড়াও উপজেলা সদরের রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। পানি উঠেছে দোকানপাট ও বাসাবাড়িতে।
বিদ্যুৎ না থাকায় বিভিন্ন ভবন ও বাসাবাড়িতে বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। মোবাইলে চার্জ দিতে না পেরে অনেকের যোগাযোগ ব্যবস্থাও বন্ধ হয়ে গেছে।
পল্লী বিদ্যুতের বাঁশখালী অফিসের ডিজিএম রিশু কুমার ঘোষ খবরের কাগজকে জানান, এমনিতেই কয়েকদিন ধরে বিদ্যুতের করুণ অবস্থা চলছে। লোডশেডিং হচ্ছে। এর মধ্যে ভারী বর্ষণ আর দমকা হাওয়া ও প্রচণ্ড বজ্রপাতে দোহাজারী গ্রিডের মেইন তার ছিঁড়ে গেছে। ৩৩ কেভি মেইন লাইনেও বিদ্যুৎ নেই। শাহমীরপুর গ্রিড থেকেও ৩৩ কেভি লাইনটিও ফল্ট হয়েছে। কোনোভাবেই বিদ্যুৎ চালু করা যাচ্ছে না। বিদ্যুৎকর্মীরা কাজ করছেন। লাইন চালু হতে সময় লাগবে।
বাঁশখালীর বাহারছড়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী ইউনুস বলেন, ভারী বর্ষণে উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। মানুষ ভোগান্তিতে রয়েছেন।
পুইছড়ি ইউপি চেয়ারম্যান তারেকুর রহমান জানান, ভারী বর্ষণে পুঁইছড়ির বিভিন্ন এলাকায় পানি উঠেছে। পাহাড়ি এলাকায় পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে।
ইসরাত চৈতী/অমিয়