ভারতের পেট্রাপোলে প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন উপলক্ষে বেনাপোল বন্দরে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামীকাল রবিবার এই টার্মিনাল উদ্বোধন করবেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এ উপলক্ষে শনিবার (২৬ অক্টোবর) ও আগামীকাল রবিবার বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
এর আগে গত বৃহস্পতিবার টার্মিনালটি উদ্বোধনের কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার (ঘূর্ণিঝড় দানা) কারনে উদ্বোধন পিছিয়ে দেওয়া হয়।
বেনাপোল বন্দরের সহকারী পরিচালক কাজী রতন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অমিত শাহর আগমনকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে দুইদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে জানিয়েছেন পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষের ম্যানেজার কমলেশ সাইনি। সোমবার (২৮ অক্টোবর) সকাল থেকে যথারীতি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।
এ সময় দু-দেশের মধ্যে যাত্রীদের যাতায়াত বন্ধ থাকবে কিনা জানতে চাইলে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, পেট্রাপোল ইমিগ্রেশন এ বিষয়ে তেমন কিছুই জানায়নি। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল চেকপোস্ট দিয়ে যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।
পেট্রাপোল ক্লিয়ারিং অ্যাজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, অমিত শাহর আগমন উপলক্ষে গোটা সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিচয়পত্র ছাড়া কাউকে টার্মিনালে প্রবেশ করতে দেওয়া হবে না।
নজরুল ইসলাম/মেহেদী/অমিয়/