বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ভারতীয় পতাকাবাহী একটি ফিশিং ট্রলারসহ ভারতীয় ১৬ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা।
বুধবার (২০ নভেম্বর) সকালে মোংলা সমুদ্র বন্দরের হিরনপয়েন্টের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকা থেকে কোস্টগার্ডের নিয়মিত টহল জাহাজ বিএনএস কপোতাক্ষের নাবিকরা ওই জেলেদের ধাওয়া করে ট্রলারসহ আটক করে। আটক জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। আটক জেলেরা ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
মোংলা থানা সূত্র জানায়, বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিলেন ভারতীয় জেলেরা। বুধবার (২০ নভেম্বর) সকালে সমুদ্রসীমায় টহলরত কোস্টগার্ড একটি ট্রলারসহ ভারতীয় ১৬ জেলেকে আটক করেছে। পরে রাতে আটক ট্রলার ও জেলেদের মোংলার কোস্টগার্ড দপ্তরে আনা হয়।
ট্রলারে থাকা চারশ কেজি বিভিন্ন প্রজাতির মাছ রাতেই নিলামে ১লাখ ১১হাজার টাকায় বিক্রি করা হয়। যা ভ্যাট আইটিসহ ১ লাখ ২৪ হাজার ৮শ ৫০ টাকা। পরবর্তী সময়ে আটক ট্রলার ও জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, এ ঘটনায় থানায় কোস্টগার্ডের পক্ষ থেকে পৃথক মামলার প্রস্তুতি চলছে। মামলা শেষে বৃহস্পতিবার দুপুরে জেলেদের বাগেরহাট জেলহাজতে পাঠানো হবে।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর সমুদ্রসীমায় টহলরত নৌবাহিনী ও কোস্টগার্ড তিনটি ট্রলারসহ ৪৮ জন ভারতীয় জেলেকে আটক করেছিল।
রিফাত আল মাহামুদ/মাহফুজ/এমএ/