জামালপুরে জুলাই স্মৃতি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট ট্রাই সিরিজ টুর্নামেন্ট শুরু হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে শহরের জিলা স্কুল মাঠে জামালপুর জেলা ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশন আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জামালপুর জেলা ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ সদ্যর বাবা মো. আক্তারুজ্জামান লিটন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস, সদস্যসচিব আবিদ সৌরভ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, পতিত স্বৈরাচার সরকার খেলাধুলার পরিবেশকেও ধংস করে দিয়েছিল। নিয়মিত খেলাধুলা আয়োজনের মধ্য দিয়ে আবার আগের মতো খেলোয়াড় ও ক্রীড়ামোদি তৈরি করতে হবে।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জামালপুর জেলার ১৭ জন শহিদের স্মরণে এই আন্তর্জাতিক ট্রাই সিরিজ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
পরে শহিদ সদ্যর বাবা ট্রাই সিরিজ টুর্নামেন্টের উদ্বোধন করেন। টুর্নামেন্টে ঢাকার সাইক ক্রিকেটার্স, নেপালের নেক্সাস ক্রিকেট একাডেমি ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থা অংশগ্রহণ করছে।
উদ্বোধনী ম্যাচে নেক্সাস ক্রিকেট একাডেমি বনাম জামালপুর ক্রীড়া সংস্থার খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নেক্সাস ক্রিকেট একাডেমি নেপালকে ৭ ইউকেটে পরাজিত করে জামালপুর জেলা ক্রীড়া সংস্থা।
আগামীকাল ঢাকার সাইক ক্রিকেটার্স বনাম জামালপুর জেলা ক্রীড়া সংস্থার খেলা অনুষ্ঠিত হবে।
আগামী ৩০ ডিসেম্বর একই মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
আসমাউল আসিফ/নাবিল/