দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের প্রত্যন্ত চৌপুকুরিয়া গ্রামে কমল রায়ের বাড়ীর একটি ছোট্ট উঠান। চারপাশে দারিদ্র্যের ছাপ, কিন্তু সেই উঠানজুড়ে প্রতিদিন জ্বলে ওঠে শিক্ষার আলো। এখানেই বসে ‘কমল দাদার পাঠশালা’—যেখানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও আদিবাসী পরিবারের সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে পাঠদান করেন আনসার সদস্য কমল চন্দ্র রায় ও তাঁর স্ত্রী লতা রানী রায়।
অভাব-অনটনের কারণে যেসব শিশু নিয়মিত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত, তাদের জন্য এই পাঠশালাই হয়ে উঠেছে স্বপ্ন দেখার এক নির্ভরযোগ্য ঠিকানা। মাটিতে চট বিছিয়ে চলে পাঠদান, আর সেই পাঠশালাকে ঘিরেই গড়ে উঠছে ভবিষ্যতের নতুন সম্ভাবনা।
শুক্রবার (১৯ জুন) দৈনিক খবরের কাগজে প্রকাশিত ‘কমল দাদার পাঠশালা’ নিয়ে একটি প্রতিবেদন ব্যাপক সাড়া ফেলে। সংবাদটি পড়ে অনুপ্রাণিত হন বিআরডিসির গাড়িচালক ফারুক হোসেন। তিনি নিজ উদ্যোগে পাঠশালায় এসে প্রায় ৩৫ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেন।
শিক্ষার্থী প্রত্যেককে একটি বাংলা খাতা, একটি ইংরেজি খাতা, একটি গণিত খাতা, একটি কলম এবং একটি করে বিস্কুটের প্যাকেট উপহার দেওয়া হয়। সামান্য এই উপহার পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের ঝলক। নতুন খাতা-কলম হাতে পেয়ে অনেকেই উচ্ছ্বাসে ভরে ওঠে। তাদের চোখেমুখে দেখা যায় নতুন উদ্যমে লেখাপড়া শেখার প্রত্যয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকার অধিকাংশ আদিবাসী পরিবার চরম দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করে। সন্তানদের শিক্ষার ব্যয় বহন করা অনেক পরিবারের পক্ষেই সম্ভব হয় না। আবার অনেক অভিভাবকের মধ্যে শিক্ষার গুরুত্ব সম্পর্কেও সচেতনতার অভাব রয়েছে। এমন বাস্তবতায় কমল চন্দ্র রায় ও তাঁর স্ত্রী লতা রানী রায় দীর্ঘদিন ধরে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে শিশুদের পাঠদান করে আসছেন। নিজেদের সীমিত সামর্থ্যের মধ্যেও তারা শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন পিছিয়ে পড়া শিশুদের মাঝে।
দিনাজপুর বিআরডিসি গাড়ীচালক ফারুক হোসেন বলেন, “দৈনিক খবরের কাগজে প্রকাশিত প্রতিবেদনটি পড়ে আমি কমল চন্দ্র রায়ের সঙ্গে যোগাযোগ করি। তিনি এলাকার আদিবাসী শিশুদের শিক্ষা পরিস্থিতি, তাদের পারিবারিক দারিদ্র্য এবং শিক্ষা উপকরণের সংকটের কথা জানান। বিষয়টি আমাকে গভীরভাবে নাড়া দেয়। এরপর নিজের বেতনের অর্থ থেকে প্রায় ৩৫ জন শিশুর জন্য খাতা, কলম ও কিছু খাবার কিনে নিয়ে আসি।
তিনি আরও বলেন, “আমার সামর্থ্য সীমিত। তারপরও মনে হয়েছে এই শিশুদের পাশে দাঁড়ানো উচিত। আমরা চাই তারা শিক্ষিত হয়ে দেশের সম্পদে পরিণত হোক। কমল দাদার মতো একজন মানুষ নিঃস্বার্থভাবে যে দায়িত্ব পালন করছেন, তা সত্যিই প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে এসব শিশুর ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে।
শিক্ষার্থী সুকন্যা মাড্ডি বলে, “আমাদের পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ। অভিভাবকেরাও শিক্ষা সম্পর্কে তেমন সচেতন নন। লেখাপড়ার জন্য প্রয়োজনীয় উপকরণেরও অভাব রয়েছে। ফারুক হোসেন স্যার আমাদের খাতা-কলম দিয়েছেন। এতে আমাদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বেড়েছে।
আরেক শিক্ষার্থী দীপিকা মুর্মু বলে, “এই উপহার পেয়ে আমরা অনেক খুশি। এখন আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করতে ইচ্ছে করছে। আমাদের পরিবারও পড়াশোনার জন্য উৎসাহ দিচ্ছে।
পাঠশালার উদ্যোক্তা কমল চন্দ্র রায় বলেন, “আমাদের কার্যক্রম নিয়ে দৈনিক খবরের কাগজ পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিভিন্ন স্থান থেকে মানুষের সাড়া পাচ্ছি। একজন সংবাদকর্মী সরেজমিনে এসে বাস্তব চিত্র তুলে ধরেছিলেন। সেই প্রতিবেদনই ফারুক হোসেনের মতো একজন হৃদয়বান মানুষকে উদ্বুদ্ধ করেছে। তিনি শিশুদের জন্য শিক্ষা উপকরণ নিয়ে এসেছেন। এতে আমি যেমন আনন্দিত, শিশুরাও তেমনি নতুন করে উৎসাহ পেয়েছে।
তিনি আরও বলেন, “এই শিশুদের অধিকাংশই সুবিধাবঞ্চিত পরিবারের সন্তান। তাদের পাশে সমাজের আরও মানুষ এগিয়ে আসবেন বলে আশা করি। শিক্ষা পেলে এই শিশুরাই একদিন দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের স্বপ্ন পূরণে সামান্য সহযোগিতাও বড় পরিবর্তন এনে দিতে পারে।
স্থানীয় বাসিন্দা হরেন সরকার বলেন, “কমল দাদার পাঠশালা শুধু একটি শিক্ষা কেন্দ্র নয়, এটি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আশার আলো। আর ফারুক হোসেনের মতো মানুষের মানবিক উদ্যোগ প্রমাণ করে, সমাজের প্রত্যেক ব্যক্তি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে শিক্ষার আলো পৌঁছে যেতে পারে সবচেয়ে প্রান্তিক মানুষের কাছেও।
তিনি আরোও বলেন, একটি সংবাদ, একজন মানবিক মানুষ এবং কিছু শিক্ষা উপকরণ—এই তিনের সমন্বয়ে চৌপুকুরিয়ার ছোট্ট পাঠশালায় যেন নতুন করে জেগে উঠেছে স্বপ্নের আলো। আর সেই আলোই হয়তো একদিন বদলে দেবে পিছিয়ে পড়া এসব শিশুর জীবন।
সুলতান মাহমুদ/এসএন