ঘন কুয়াশার কারণে দীর্ঘ আট ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল। দীর্ঘ সময় ফেরি সার্ভিস বন্ধ থাকায় পাটুরিয়া প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ আড়াই শতাধিক পণ্যবাহী ট্রাক।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী।
এর আগে, কুয়াশার ঘনত্বের কারণে নৌরুটের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে রাত ১২টা ১৫ মিনিট থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও সাড়ে ১২টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি। আজ সকাল কুয়াশার ঘনত্ব কমে গেলে ৮টা ১০ মিনিটে পাটুরিয়া-দৌলতদিয়া ও ৮টা ৪০ মিনিটে আরিচা-কাজিরহাট নৌরুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জানান, দীর্ঘ সময় কুয়াশার কারণে দুই রুটেই ফেরি চলাচল বন্ধ থাকায় অপেক্ষাকৃত যানবাহনগুলোকে ছোট-বড় মোট ১৪টি ফেরি দিয়ে পাড় করা হচ্ছে।
আসাদ জামান/জোবাইদা/