ফরিদপুরের বোয়ালমারীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
সোমবার (৩ মার্চ) ভোরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পৌরসদরের দক্ষিণ কামারগ্রাম এলাকা থেকে মাদক বেচাকেনার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, বোয়ালমারী পৌরসদরের দক্ষিণ কামারগ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী মাহফুজুর রহমান (৪০), একই এলাকার গাঁজা ব্যবসায়ী রিপন শেখ (৩৯), ইয়াবা ব্যবসায়ী তুষার মাতবর (২৫) ও কবির শেখ (৪৫)। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ফরিদপুরের বোয়ালমারী সেনা ক্যাম্পে স্থানীয় এলাকায় মাদকের বিস্তার বৃদ্ধির অভিযোগ ছিল। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে যৌথবাহিনী পৌরসদরের দক্ষিণ কামারগ্রামের মাহফুজুর রহমানের বাড়ির চারপাশ ঘেরাও করে তল্লাশি অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ ৪জনকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান শামীম খান বাদি হয়ে সোমবার দুপুরে থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলা নং ৩।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, বোয়ালমারী থানা পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় মাদকদ্রব্যসহ ৪ মাদক কারবারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা হয়েছে। বিকেলে তাদের আদালতে পাঠানো হবে। এলাকায় মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সঞ্জিব/মেহেদী/