খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় নেশা করতে বাধা দেওয়ায় মা-বাবাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে মাদকাসক্ত ছেলে। ঘটনার পরপরই নেশাগ্রস্ত আবুল কালাম আজাদকে (৩৫) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ১টার দিকে মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের ক্যাম্পটিলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের ক্যাম্পটিলার বাসিন্দা আব্দুর রহিম ও আমেনা বেগমের ছেলে আবুল কালাম আজাদ মাদকাসক্ত। নিয়মিত নেশা করত সে। বৃহস্পতিবার রাতেও নেশাগ্রস্ত অবস্থায় গভীর রাতে সে বাড়িতে এসে মা-বাবার সামনে আবারও নেশা করতে গেলে তাতে বাধা দেন তারা। নেশা করতে বাধা দেওয়ায় ধারালো দা দিয়ে সে বাবা ও মাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। মা-বাবার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আবুল কালামকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এদিকে আহত মা-বাবাকে প্রথমে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানান, এতোপাথাড়ি দায়ের কোপে মা-বাবাকে মাথায়, কপালে এবং গলায় মারাত্মকভাবে জখম করা হয়।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তফিকুল ইসলাম তৌফিক জানান, ছেলে আবুল কালামকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
দিদারুল রাজু/জোবাইদা/