চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের জেদ্দা ফেরত এক যাত্রীর (উমরা হজ্বের মোয়াল্লেম) কাছ থেকে অর্ধকোটি টাকার সোনার চালান জব্দ করেছে দায়িত্বরত এনএসআই টিম।
বুধবার (১২ মার্চ) দুপুরে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই যাত্রীর নাম- শাহিন আল মামুন (পাসপোর্ট নং-এ-১২৭৭৭৮৯৩)। তিনি চট্টগ্রামের রাঙ্গামাটির বাসিন্দা।
প্রকৌশলী ইব্রাহীম খলিল বলেন, ‘যাত্রী শাহিন বুধবার সকাল ৮টা ৩৬মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটে জেদ্দা থেকে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান। গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টা ৩৫মিনিটে গ্রিন চ্যানেল অতিক্রম করে আন্তর্জাতিক আগমনী ৩নং গেইট দিয়ে বের হওয়ার সময় এনএসআই টিম তল্লাশী চালায়। এ সময় তার কাছ থেকে ৪০০ গ্রাম ওজনের (২২ ক্যারেট) স্বর্ণালংকার পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণালংকার বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।’
জানা গেছে, জব্দ করা স্বর্ণালংকারের বাজারমূল্য ৫০ লাখ ৬৯ হাজার ২০০ টাকা (বাজুসের তথ্যানুসারে, প্রতি গ্রাম ২২ ক্যারেট স্বর্ণালংকারের বাজারমূল্য ১২ হাজার ৬৭৩ টাকা)। জব্দ স্বর্ণালংকার কাস্টম হাউসের শুল্ক গুদামে ডিএম মূলে জমা দেওয়া হয়েছে। এতে সরকারের ৫০ লাখ ৬৯ হাজার ২০০ টাকা রাজস্ব আয় হয়েছে।
পপি/