পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদের (পাসকপ) দুই দিনব্যাপী যুব সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা’ শীর্ষক এই যুব সেমিনারে পাত্র ও চা শ্রমিক সম্প্রদায়ের ৩৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সোমবার (১৭ মার্চ) খাদিমনগর এলাকায় জার্মানীর ‘মাইযেরিওর’ এর অর্থায়নে ‘পাসকপ’ আয়োজিত এফআইভিডিবি কেন্দ্রীয় প্রশিক্ষণ কেন্দ্রে দুই দিনব্যাপী যুব সেমিনার অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, বাংলাদেশ একটি বহুত্ববাদী রাষ্ট্র। এখানে বিভিন্ন মত-মতাদর্শের ও শ্রেণি-পেশা, সম্প্রদায় ও ধর্মাবলম্বীর বসবাস। বাংলাদেশের অগ্রযাত্রায় এদেশে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠির ভূমিকা রয়েছে। বিভিন্ন জাতিগোষ্ঠির বসবাস বাংলাদেশের সৌন্দর্য। রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধায় সকল জাতিগোষ্ঠির সমান প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। ক্ষুদ্র ও বৃহৎ শব্দের ব্যবহারের মাধ্যমে জাতিগোষ্ঠির অধিকার ক্ষুণ করা উচিৎ নয়। সকল জাতিগোষ্ঠির সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত না হলে সমাজে বৈষম্য দেখা দেয়। জাতিগোষ্ঠিসমূহের প্রান্তিকীকরণ ঠেকানোর জন্য তাদের তরুণদের দক্ষ ও যোগ্য হয়ে উঠে রাষ্ট্র ও সমাজে গুরুত্বপূর্ণ ভুমিকা পালনে সচেষ্ট হতে হবে।
সেমিনারের প্রথমদিন সমাজ গঠনে যুবদের ভূমিকা নিয়ে আলোচনা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক তাহমিনা ইসলাম।
সেমিনারের দ্বিতীয় দিন যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করার ব্যাপারে আলোচনা করেন সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল আহাদ। যুবকদের সাংবাদিকতায় অংশগ্রহণ ও ইতিবাচক সামাজিক পরিবর্তনে সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাকিলা ববি।
দুই দিনব্যাপী যুব সেমিনারে সার্বিক সমন্বয় করেন পাসকপের নির্বাহী পরিচালক গৌরাঙ্গ পাত্র। প্রজেক্ট কোঅর্ডিনেট লাবনী সার্থী।
শাকিলা ববি/মাহফুজ