দেশজুড়ে আলোচিত ভয়ঙ্কর প্রতারক হিসেবে পরিচিত শতাধিক প্রতারণা মামলার আসামি মশিউর রহমান খান বাবুকে (৪২) গ্রেপ্তার করেছে গোপালগঞ্জের কোটালীপাড়া থানা পুলিশ।
শুক্রবার (২১ মার্চ) দুপুরে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে রাজধানী ঢাকার আফতাবনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার প্রতারক মশিউর রহমান গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গোপালপুর গ্রামের মোতালেব আলী খানের ছেলে।
ওসি বলেন, 'তথ্যপ্রযুক্তির মাধ্যমে শতাধিক প্রতারণা মামলার আসামি মশিউর রহমান ঢাকার আফতাবনগর অবস্থান করছেন নিশ্চত হয়ে কোটালীপাড়া থানা পুলিশ অভিযান চালায়। এ সময় ওই স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, 'মশিউর রহমান খান বাবু একজন ভয়ঙ্কর প্রতারক। ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। এর মধ্যে কোটালীপাড়া থানায় ২০টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা এসেছে। মশিউর প্রতারণার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এর আগে বাবুকে সিআইডি, ডিবি, র্যাব প্রতারণা মামলায় গ্রেপ্তার করে জেল হাজতে পাঠালেও আইনের ফাঁকফোকর দিয়ে জেল থেকে বেরিয়ে আবার প্রতারণা শুরু করেন।'
বাদল সাহা/জোবাইদা/