রাজশাহীর বাঘা উপজেলায় এক পুলিশ কর্মকর্তার বাসার তালা ভেঙে স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা আঠালিয়াপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আশরাফুল আসেকিন রিপন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও ওই এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে। বর্তমানে তিনি সারদাহ পুলিশ অ্যাকাডেমিতে কর্মরত আছেন। আর রিপনের স্ত্রী ফেরদৌসী বেগম দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। ছেলে-মেয়ের লেখাপড়ার সুবাদে তিনি রাজশাহীতে থাকেন।
জানা যায়, পুলিশ কর্মকর্তা আশরাফুল আসেকিন রিপনের বাসা ঢুকে দুটি স্বর্ণের বালা, একটি চেইনের লকেট ও এক জোড়া রুপার তোড়া চুরি করা হয়েছে।
রিপনের ভাই হোসেন আল ইমাম স্বপন জানান, রাতে বাড়িতে কেউ ছিল না। এই সুযোগে চোর চক্র রাতে বাড়ির পূর্বদিকের জানালা ভাঙার চেষ্টা করে। পরে উত্তর দিকের রান্না ঘরের গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে। বুধবার সকালে ফেরদৌসী রাজশাহী থেকে বাসায় গিয়ে দেখতে পান, ঘরের সমস্ত আসবাবপত্র এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। উত্তরদিকের দরজার তালা কাটা। চুরি হয়েছে ঘরে থাকা স্বর্ণালংকার।
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাদুজ্জামান বলেন, চুরির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এনায়েত করিম/মাহফুজ