নাটোরে অভিযান চালিয়ে আরিকুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারসহ ১৬টি অবৈধ পাসপোর্ট এবং বিভিন্ন সামগ্রী জব্দ করেছে যৌথবাহিনী।
সোমবার (১৪ এপ্রিল) বিকেল পৌনে তিনটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মনিরুজ্জামান।
এর আগে রবিবার (১৩ এপ্রিল) লালপুর উপজেলার গোপালপুরের শিবপুর খাঁন পাড়া এলাকা থেকে আরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সোয়া তিনটার দিকে ওই যুবকের বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় তার বাসা তল্লাশি করে ৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৫টি অবৈধ ডিপ্লোমেটিক পাসপোর্ট, ১১টি অবৈধ সবুজ পাসপোর্ট, চারটি ক্রেডিট কার্ড, ৩টি রেজিস্ট্রার্ডবিহীন সীম কার্ড, বিভিন্ন দেশি-বিদেশি আইডি কার্ড, ভুয়া বিসিএস কর্মকর্তার সিল, অসংখ্য পাসপোর্ট সাইজের ছবি এবং পাসপোর্ট তৈরির কাগজের ফটোকপি
জব্দ করাসহ আরিফুলকে আটক করা হয়। পরে আলামতসহ তাকে লালপুর থানায় সোপর্দ করা হয়।
ওসি মনিরুজ্জামান জানান, ওই পাসপোর্টগুলো সঠিক কি-না তা যাচাইয়ে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। ওই ঘটনায় পাসপোর্ট ও মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন। মামলা শেষে আসামিকে কোর্টে চালান দেওয়া হবে।
কামাল/মেহেদী/