চাঁদপুরের শাহরাস্তিতে দিঘি থেকে এক অজ্ঞাত (৬৫) নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার শ্রীপুর গ্রামের হযরত শাহরাস্তি (রঃ) মাজার দিঘি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা ও স্থানীয়রা জানান, বিকেলে এলাকার শিশুরা দিঘির পাড়ে খেলতে গিয়ে পশ্চিম-দক্ষিণ কোনে ভাসমান ওই নারীর মরদেহ দেখতে পায়। তাদের চিৎকারে এলাকাবাসী এসে পুলিশে সংবাদ দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, নিহতের হাতে জুতা ধরা ছিলো। তাদের ধারণা ওই নারী ভবঘুরে হতে পারেন। সোমবার (৫ মে) সকালে দিঘির উত্তর পাড়ে তাকে ঘুরাঘুরি করতে দেখা গেছে। অসাবধানতাবশত পানিতে পড়ে তার মৃত্যু হতে পারে।
শ্রীপুর গ্রামের সৈয়দ জিলান মিয়া বলেন, বিকেলে শিশুদের ডাক চিৎকার শুনে গিয়ে মহিলার মরদেহ দিঘির পানিতে ভাসতে দেখি। মরদেহের বিভিন্ন অংশে পঁচন ধরে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যপারে যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মেহেদী/