মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রায় ৩ লাখ টাকার জাল নোট ও ভারতীয় রূপিসহ যুগেন্দ্র মল্লিক (৪১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় শ্রীমঙ্গল থানার ২নং ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় যুগেন্দ্র মল্লিকের ঘরে অভিযান চালানো হয়। এ সময় তার ঘরে খড়ের নিচে লুকানো অবস্থায় বিভিন্ন মানের বাংলাদেশি জাল টাকা ও ভারতীয় জাল নোট উদ্ধার করা হয়।’
তিনি আরও জানান, অভিযানে ২ লাখ ৭৭ হাজার ২০০ জাল টাকা, ৩ হাজার ৯০০ ভারতীয় জাল রুপি, একটি বাটন মোবাইল, ২২টি কাগজের খাকি খাম উদ্ধার করা হয়। এর মধ্যে ১ হাজার টাকার নোট ১৫৫টি, ৫০০ টাকার ২০০টি, ২০০ টাকার ১১১টি এবং ভারতীয় ৫০০ রুপির পাঁচটি, ২০০ রুপির সাতটি নোট পাওয়া যায়।
আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, দীর্ঘদিন ধরে তিনি জাল টাকার কারবারের সঙ্গে যুক্ত।
অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা বলেন,‘যুগেন্দ্র দেশের বিভিন্ন উৎস থেকে জাল নোট সংগ্রহ করে সাধারণ মানুষের কাছে বিক্রি করে আসছে। আসন্ন কোরবানি ঈদকে কেন্দ্র করে পশুর হাটে ছাড়ার লক্ষ্যে জাল টাকাগুলো নিয়ে এসেছিল। তার বিরুদ্ধে ইতোপূর্বেও জাল টাকার মামলা হয়েছে বলে আমরা জানতে পেরেছি।’
তিনি বলেন, ‘গত বছরের ফেব্রুয়ারি মাসে শ্রীমঙ্গল থেকে তাকে প্রায় ৭০ লাখ টাকার বাংলাদেশি জাল নোট এবং ১৪ লাখ টাকার ভারতীয় জাল রুপিসহ গ্রেপ্তার করা হয়েছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একটি মামলা করা হয়েছে। আমরা তার সহযোগীদের গ্রেপ্তারে কাজ করছি। কোরবানির ঈদকে সামনে রেখে কেউ যেন কোনোরকম বিশৃঙ্খলা না করতে পারে সেজন্য মৌলভীবাজার জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।'
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার শাকিল, ডিবির অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা।
পুলক/রিফাত/সুমন/